ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা


গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা
গবেষণার ফলাফলকে শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাকৃবির সাথে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

সমঝোতা স্বাক্ষরকৃত প্রতিষ্ঠানগুলো হল- ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড। বাকৃবির পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো হেলাল উদ্দীন। 

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড মো আব্দুল মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর।

প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড আব্দুল্লাহ্ আল মামুন বলেন, বর্তমান সরকার মনে করে গবেষণার বাণিজ্যিকিকরণে বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত জরুরি। তবে এই সমন্বয়ে কিছুটা দূরত্ব এখনও রয়ে গেছে। আশা করি, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আগামী ১ বছরের মধ্যে আইকিউএসির মাধ্যমে এই দূরত্ব পূরণ করা হবে। আজকের অনুষ্ঠান বার্তা দিচ্ছে, একাডেমিয়া ও শিল্প প্রতিষ্ঠানের সমন্বয়ে নতুন কিছু শুরুর পথে যাচ্ছি আমরা। আজকের অনুষ্ঠানের মূল চারটি উদ্দেশ্য হলো একাডেমিক ও শিল্প প্রতিষ্ঠানের মিথস্ক্রিয়া, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কারিকুলাম প্রতিনিয়ত আপডেট করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপে সুযোগ বৃদ্ধি করা এবং গবেষণাসমূহের বাণিজ্যিকিকরণ নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজকের প্রোগ্রাম হোক প্রেরণা।

তিনি আরও বলেন, ইতিহাসে প্রথম এই সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট রেখেছে। আগামী বছর সেটি  ৩ শতাংশ করা হবে। আপনারা জেনে খুশি হবেন আগামী বছর সর্বোচ্চ বাজেট হবে কৃষিতে। আপনাদের গবেষণালব্ধ ফল দীর্ঘদিন ধরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সাহায্য করছে। আমাদের অর্থনীতির রুগ্ন দশা, আমরা কেবল গার্মেন্টস নির্ভরতা থেকে বেরিয়ে কৃষিতে আরও এগিয়ে যেতে চাই। সরকারের ইনোভেশন ফান্ডে ৫০০ কোটি টাকা আছে। এটা গবেষণা কাজের জন্য উন্মুক্ত।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো রফিকুল ইসলাম সরদার বলেন, বাকৃবির সাথে যারা একসাথে কাজ করার জন্য এগিয়ে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে বাকৃবির চুক্তি চলমান। আজ দশটি প্রতিষ্ঠানের সাথে করা হলো। গবেষণালব্ধ প্রযুক্তি মাঠ পর্যায়ে নিতে আমাদের শিল্প প্রতিষ্ঠানের সাহায্য লাগবে। একসাথে সমন্বয় না হলে কোন প্রযুক্তিই কাজে আসবে না। তাই আমাদের আরও কাজ করতে হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে হামলার খবর গুজব, জানাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে হামলার খবর গুজব, জানাল পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের খবর সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। তিনি উল্লেখ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দ্বারা তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পূর্বে ধারণকৃত এবং এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। উল্লেখ্য, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। এছাড়া, উক্ত ঘটনায় কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মূলত নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করে শাহীন শেখ ও সোহেল মোল্যাকে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

উক্ত হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন উত্তেজিত অন্যান্য লোকদের নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়। কালিয়া থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাসানী বিশ্ববিদ্যালয় ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


ভাসানী বিশ্ববিদ্যালয় ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা এবং শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২তলার সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আনিছুরর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফরহাদ আহম্মেদ।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

পরে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপের উদ্বোধন করা হয়।

প্রথম ধাপে এই প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন ৩০ জন শিক্ষার্থী। প্রশিক্ষণের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন।

কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন। এই প্রশিক্ষণ ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নের কৌশল শেখানো হবে।

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার দক্ষতা বাড়ানো এই প্রশিক্ষণের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


নওগাঁয় বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

‘খামারি বাঁচলে বাঁচবে দেশ’ এবং ‘সৃষ্টি হবে কর্মসংস্থান, স্বনির্ভর হবে বাংলাদেশ’- এই দুটি জনগুরুত্বপূর্ণ ও সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার মাদরাসা মার্কেটের তৃতীয় তলায় কেক কেটে, ফিতা টেনে ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।

রাজশাহী বিভাগের প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বাবলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় পোল্ট্রি খামারিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল পর্বে রাজশাহী বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ রূপরেখা ও শীর্ষ নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন উপস্থিত খামারিদের সর্বসম্মতিক্রমে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে মো. জিল্লুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রশিদ সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তারিকুল ইসলাম সাজুর নাম ঘোষণা করেন। নতুন এই কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত খামারিরা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় পোল্ট্রি খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে পোল্ট্রি খামারিরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। প্রান্তিক খামারিদের ন্যায্য অধিকার আদায়, পোল্ট্রি ফিড ও বাচ্চার বাজার নিয়ন্ত্রণ এবং খামারিদের যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সংগঠন কাজ করে যাচ্ছে। রাজশাহী বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের খামারিদের দীর্ঘদিনের একটি সাংগঠনিক দাবি পূরণ হলো। এই কার্যালয়টি খামারিদের সুখ-দুঃখ ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পোল্ট্রি শিল্পের প্রসারে স্থানীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পোল্ট্রি খাত দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। খামারিরা টিকে থাকলে গ্রামীণ জনপদে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হয়ে উঠবে।

সভাপতির বক্তব্যে সদ্য ঘোষিত রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বাবলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সব খামারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, নওগাঁয় বিভাগীয় কার্যালয় স্থাপিত হওয়ায় এখন থেকে রাজশাহী বিভাগের সব জেলার খামারিরা সহজেই সাংগঠনিক ছায়াতলে আসতে পারবেন।

এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম সাজুসহ সবাইকে সঙ্গে নিয়ে খামারিদের স্বার্থরক্ষায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দেশের পোল্ট্রি শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি ও খামারিদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুকনো কাশি উপশমের ঘরোয়া উপায় ও সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


শুকনো কাশি উপশমের ঘরোয়া উপায় ও সতর্কতা

শুকনো কাশি দৈনন্দিন কাজকর্ম এবং ঘুমে উল্লেখযোগ্য অস্বস্তি সৃষ্টি করে। এই কাশির ফলে সাধারণত কফ বা শ্লেষ্মা বের হয় না, বরং গলায় চুলকানি বা সুড়সুড়ির অনুভূতি দেখা দেয় এবং রাতে এর প্রকোপ বৃদ্ধি পায়।

কফযুক্ত কাশির ক্ষেত্রে শ্বাসনালী থেকে শ্লেষ্মা বের হয়ে গলা পরিষ্কার হয়। অন্যদিকে, শুকনো কাশি গলা বা শ্বাসনালীর প্রদাহজনিত বা স্নায়বিক প্রতিক্রিয়ার ফল। কফের অভাবে বারবার কাশলে পাঁজরের পেশীতে ক্লান্তি ও চাপ সৃষ্টি হতে পারে।

শুকনো কাশির সাধারণ কারণ

শুকনো কাশি কয়েক সপ্তাহ বা মাস ধরে থাকতে পারে। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন—

১। সাধারণ সর্দি-ফ্লু বা ভাইরাসজনিত সংক্রমণ (কোভিড-১৯-এর পরেও দীর্ঘকাল শুকনো কাশি থাকতে পারে)।

২। ধুলাবালি, পরাগরেণু বা পোষা প্রাণীর লোমে অ্যালার্জি।

৩। সিগারেটের ধোঁয়া, বায়ুদূষণ বা রাসায়নিক ধোঁয়া।

৪। হাঁপানি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা (জিইআরডি)।

৫। উচ্চ রক্তচাপের কিছু ঔষধের (যেমন এসিই ইনহিবিটর) পার্শ্বপ্রতিক্রিয়া।

ঘরোয়া পরিচর্যা ও প্রাকৃতিক উপায়

১। তরল ও বাষ্প: গরম পানি, স্যুপ বা ক্যাফেইনমুক্ত চা পান করলে গলা আর্দ্র থাকে এবং ঘর্ষণ কমে। গরম পানির বাষ্প গ্রহণ, গরম পানিতে গোসল করা অথবা ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করলে শ্বাসতন্ত্রে আরাম পাওয়া যায়।

২। মধু ও ভেষজ চা: মধু মেশানো গরম চা বা মধুর সঙ্গে লেবুর রস গলার অভ্যন্তরে সুরক্ষার আস্তরণ তৈরি করে। কাশির লজেন্স বা চিনি ছাড়া ড্রপও লালা বাড়িয়ে গলা ভিজিয়ে রাখতে সাহায্য করে।

ঔষধের ব্যবহার

কারণ বুঝে ঔষধ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশি দমনের জন্য অ্যান্টিটাসিভ, অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন, নাকের পেছন থেকে কফ গলায় পড়ার সমস্যায় ডিকনজেস্ট্যান্ট এবং হাঁপানি বা শ্বাসনালীর সংবেদনশীলতায় ব্রঙ্কোডাইলেটর ব্যবহৃত হয়। এ ছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ শুকনো কাশির সিরাপও পাওয়া যায়। গুরুতর সংক্রমণ বা প্রদাহের ক্ষেত্রে ইনজেকশনযোগ্য চিকিৎসা প্রদান করা হতে পারে, তবে তা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে নিতে হবে।

রাতে ভালো ঘুমের কিছু পরামর্শ

রাতে কাশি বৃদ্ধি পেলে মাথা একটু উঁচু করে বালিশে শোয়া যেতে পারে, যাতে নাকের শ্লেষ্মা বা অ্যাসিড রিফ্লাক্স গলায় জ্বালা সৃষ্টি না করে। ঘুমানোর পূর্বে হালকা গরম লবণ-পানিতে গার্গল করা এবং ঘরের বাতাস ঠাণ্ডা ও আর্দ্র রাখা উপকারী।

কখন ডাক্তার দেখাবেন ও কিভাবে প্রতিরোধ করবেন

যদি শুকনো কাশি তিন সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বর, ওজন কমে যাওয়া, শ্বাসকষ্ট, কাশির সঙ্গে রক্ত আসা কিংবা দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হলে অবহেলা করা উচিত নয়।

ঝুঁকি কমানোর জন্য ধোঁয়া এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া, দূষিত এলাকায় এয়ার পিউরিফায়ার ব্যবহার করা এবং অ্যাসিড রিফ্লাক্স বাড়ায় এমন খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%