০৩:৫০ পি.এম
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের খবর সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার। তিনি উল্লেখ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দ্বারা তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পূর্বে ধারণকৃত এবং এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। উল্লেখ্য, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। এছাড়া, উক্ত ঘটনায় কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: হিলি ইমিগ্রেশনে ল্যাগেজ স্ক্যানার ও আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের পরিকল্পনা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মূলত নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করে শাহীন শেখ ও সোহেল মোল্যাকে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।
উক্ত হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন উত্তেজিত অন্যান্য লোকদের নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়। কালিয়া থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন