ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গুগল এআই এজেন্টের নিরাপত্তা পরীক্ষার জন্য কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে


গুগল এআই এজেন্টের নিরাপত্তা পরীক্ষার জন্য কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে

গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের নিরাপত্তা পরীক্ষা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে একটি বিশাল কৃত্রিম জগৎ তৈরি করেছে, যা বাস্তব ইন্টারনেটের আদলে নির্মিত। এই ব্যবস্থার নাম ‘মিরর ডাইমেনশন’, যেখানে অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যাংকিং ড্যাশবোর্ডসহ বিভিন্ন সাইটের নকল সংস্করণ অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এআই এজেন্টের কার্যক্রম পরীক্ষা করতে পারবে, যা বাস্তব ওয়েবসাইট বা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ঝুঁকি সৃষ্টি করবে না।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে বলা হয়েছে, ক্রোম ব্রাউজারে যুক্ত হতে যাওয়া জেমিনি-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার নিরাপত্তা পরীক্ষায় এই কৃত্রিম ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। এআই এজেন্টকে দৈনন্দিন ওয়েবভিত্তিক কাজ শেখানোর জন্য শত শত ওয়েবসাইটে হাজার হাজার পরীক্ষা চালানো প্রয়োজন। বাস্তব ইন্টারনেটে এসব পরীক্ষা পরিচালনা করা কঠিন, কারণ ওয়েবসাইটগুলো নিয়মিত পরিবর্তিত হয়, ফলে একই পরীক্ষা বারবার একই পরিবেশে করা সম্ভব হয় না।

এছাড়া, পরীক্ষামূলক পর্যায়ে থাকা এআই এজেন্টকে বাস্তব ওয়েবসাইটে কাজ করতে দিলে ভুলের কারণে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সমস্যা সৃষ্টি হতে পারে বা বাস্তব ক্ষতি হতে পারে। আরেকটি সমস্যা হলো ‘ইভ্যালুয়েশন অ্যাওয়ারনেস’। যখন কোনো এআই মডেল বুঝতে পারে যে তাকে পরীক্ষা করা হচ্ছে, তখন সে স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যেতে পারে। এর ফলে পরীক্ষার ফল প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটায় না। তাই গুগল নিশ্চিত করেছে যে এআই যেন বুঝতে না পারে যে সে একটি পরীক্ষার পরিবেশে রয়েছে।

আরও পড়ুন: মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’

গুগল জানিয়েছে, ‘মিরর ডাইমেনশন’ তৈরি করা হয়েছে ‘জিভাইজর’ (gVisor) নামের প্রযুক্তির সাহায্যে, যা সুরক্ষিত ডিজিটাল পরিবেশে কাজ করে। যখন এআই এজেন্ট কোনো পরিচিত ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে, তখন একটি স্থানীয় ব্যবস্থা তাকে ওই সাইটের কৃত্রিম সংস্করণে পাঠিয়ে দেয়, তবে ক্রোমের ঠিকানার ঘরে ওয়েবসাইটের স্বাভাবিক ঠিকানাই দেখা যায়। এই ব্যবস্থায় ক্রোমের নিরাপত্তা সতর্কবার্তা এড়াতে পরীক্ষার পরিবেশের ভেতরে বিশেষভাবে তৈরি ওয়েব সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে।

গুগলের দাবি, সাধারণ ক্রোম ব্যবহারকারীদের জন্য বাইরের কোনো ব্যক্তি এভাবে ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন করতে পারবে না। কারণ, পুরো ব্যবস্থাটি কেবল গুগলের নিয়ন্ত্রিত ব্যক্তিগত পরীক্ষার নেটওয়ার্কে কাজ করে। প্রতিটি পরীক্ষা নতুন করে শুরু হয়, যাতে পূর্ববর্তী পরীক্ষার কোনো কাজ পরবর্তী পরীক্ষায় প্রভাব না ফেলে। হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট তৈরি করা কঠিন। তাই এ কাজেও একাধিক এআই এজেন্ট ব্যবহার করছে গুগল।

প্রথমে গবেষণায় যুক্ত এআই এজেন্টগুলো একটি ওয়েবসাইটে কী কী সুবিধা থাকা প্রয়োজন তা নির্ধারণ করে, যেমন অনলাইন কেনাকাটার সাইটে পণ্যের কার্ট ও প্রোমো কোড ব্যবহারের ব্যবস্থা। এরপর নির্মাণকারী এআই এজেন্টগুলো ওয়েবসাইটের কোড তৈরি করে। অন্যদিকে, সমালোচক বা পরীক্ষক এজেন্টগুলো ক্রোমের ডেভেলপার টুল ব্যবহার করে বিভিন্ন বাটনে ক্লিক করে, স্ক্রিনশট নেয় এবং কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের জন্য জানায়।

এভাবে অনলাইন দোকান, রেসিপির ওয়েবসাইট, স্থানীয় পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম এবং ব্যাংকিং ড্যাশবোর্ডসহ নানা ধরনের কৃত্রিম ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ‘মিরর ডাইমেনশন’ তৈরির অন্যতম উদ্দেশ্য হলো ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে এআই এজেন্টকে সুরক্ষিত রাখা। এ ধরনের আক্রমণে হ্যাকাররা ওয়েবপেজের লেখা বা ছবির মধ্যে গোপন ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে। যদি এআই এজেন্ট সেই নির্দেশনা অনুসরণ করে, তাহলে তার নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে চলে যেতে পারে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!

প্রাথমিক পরীক্ষায় গুগলের এআই অস্বাভাবিক ওয়েব ঠিকানা দেখে বুঝতে পেরেছিল যে তাকে পরীক্ষা করা হচ্ছে। পরে প্রকৌশলীরা আক্রমণের সংকেত ওয়েবপেজের অদৃশ্য হেডারের মধ্যে লুকিয়ে রাখার ব্যবস্থা করেন। গুগলের তথ্য অনুযায়ী, এই স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে একজন নিরাপত্তা প্রকৌশলী প্রতিদিন এক হাজারের বেশি আক্রমণের পরীক্ষার পরিস্থিতি তৈরি করতে সক্ষম হন। মানুষের হাতে একই কাজ করার তুলনায় এ সংখ্যা ৩০ গুণেরও বেশি। তবে এসব পরীক্ষায় এআই কতবার সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ক্রোমের এআই নিরাপত্তা প্রকৌশলী চার্লস কিয়ান জানিয়েছেন, উন্মুক্ত ইন্টারনেট নানা ধরনের ঝুঁকিতে ভরা। তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করার বিষয়ে এআই এজেন্টের বিচারবোধ আরও পরিণত হচ্ছে। গুগলের প্রকৌশল বিভাগের পরিচালক ডগ টার্নার জানিয়েছেন, এআই প্রযুক্তির সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে মিরর ডাইমেনশনকেও আরও বাস্তবসম্মত করে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের রাফাল বহরে চারটি যুদ্ধবিমান কম: ফ্লাইট ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ভারতের রাফাল বহরে চারটি যুদ্ধবিমান কম: ফ্লাইট ইন্টারন্যাশনাল

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর, যা ২০২৫ সালের মে মাসে ঘটে, ভারতের বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ব্রিটিশ প্রকাশনা ফ্লাইটগ্লোবালের ২০২৭ সালের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ তালিকায় ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি হিসেবে উল্লেখ করা হয়েছে। ফ্রান্সের কাছ থেকে ভারত মোট ৩৬টি রাফাল সংগ্রহ করেছিল।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, ফ্লাইটগ্লোবালের পূর্ববর্তী সংস্করণে ভারতের সক্রিয় রাফালের সংখ্যা ৩৫টি ছিল। নতুন তালিকায় সেই সংখ্যা কমে ৩২টিতে দাঁড়িয়েছে। এর মানে হচ্ছে, আগের তালিকার তুলনায় সক্রিয় বিমানের সংখ্যা তিনটি হ্রাস পেয়েছে। আর ভারতের কেনা মোট ৩৬টি বিমানের সঙ্গে তুলনা করলে, চারটি বিমানের ব্যবধান দেখা যাচ্ছে।

তবে, এই সংখ্যা হ্রাসের কারণ তালিকায় ব্যাখ্যা করা হয়নি। কোন বিমানগুলি সক্রিয় বহরের বাইরে রয়েছে, সেগুলো যুদ্ধের সময় ধ্বংস হয়েছে, নাকি রক্ষণাবেক্ষণ, মেরামত বা আধুনিকায়নের জন্য রয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয়নি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তালিকার তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, এই পরিসংখ্যান মন্ত্রণালয় বা ভারতীয় বিমানবাহিনীর কাছ থেকে সরবরাহ করা হয়নি। এদিকে, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারিও তালিকার তথ্যকে ভুল বলে মন্তব্য করেছেন এবং তথ্যের উৎস পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।

ভারত ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে চুক্তির মাধ্যমে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত চলাকালীন দুই দেশের বিমানবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। ওই সংঘাতে পাকিস্তান দাবি করে যে, ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারতীয় বিমানবাহিনী ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও, কতটি বা কোন ধরনের বিমান হারিয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

ফলে, ফ্লাইটগ্লোবালের তালিকায় সক্রিয় রাফালের সংখ্যা কমে যাওয়াকে পাকিস্তানের চারটি রাফাল ভূপাতিত করার দাবির প্রমাণ হিসেবে দেখা যায় না। তালিকাটি বিমানের বহর নিয়ে একটি স্বাধীন হিসাব; এতে বিমান কমে যাওয়ার কারণ বা কোনো যুদ্ধবিমানের ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে ঘরেই তৈরি করুন জনপ্রিয় জাপানি মিসো স্যুপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


শীতে ঘরেই তৈরি করুন জনপ্রিয় জাপানি মিসো স্যুপ

শীতকালীন দিনে গরম স্যুপের স্বাদ আলাদা। ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে জাপানের জনপ্রিয় খাবার মিসো স্যুপ তৈরি করা যেতে পারে। জাপানি ঘরোয়া রান্নার একটি পরিচিত পদ হিসেবে এটি ডাশি স্টক, ফারমেন্টেড মিসো পেস্ট, নরম টোফু এবং সামুদ্রিক শৈবালের মিশ্রণে গঠিত। স্বাদে হালকা হলেও এর মধ্যে উমামির সমৃদ্ধ স্বাদ বিদ্যমান। এই স্যুপটি অল্প সময়ের মধ্যে প্রস্তুত করা সম্ভব।

যেসব উপকরণ লাগবে

পানি ৩ কাপ

ডাশি গ্রানিউল ১ চা-চামচ অথবা ৪ ইঞ্চি লম্বা কম্বু

মিসো পেস্ট ৩ টেবিল চামচ

সিল্কেন টোফু আধা কাপ, ছোট টুকরা করে কাটা

শুকনা ওয়াকামে সামুদ্রিক শৈবাল ১ টেবিল চামচ

স্প্রিং অনিয়ন ২টি, কুচি করা

মাশরুম আধা কাপ, পাতলা করে কাটা

যেভাবে তৈরি করবেন

১. ওয়াকামে ভিজিয়ে নিন

প্রথমে শুকনা ওয়াকামে কিছুটা গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। নরম হয়ে গেলে পানি ঝরিয়ে আলাদা করে রাখতে হবে।

২. ডাশি স্টক তৈরি করুন

একটি পাত্রে ৩ কাপ পানি নিয়ে হালকা আঁচে গরম করতে হবে। এরপর ডাশি গ্রানিউল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডাশি গ্রানিউলের পরিবর্তে কম্বু ব্যবহার করলে সেটি পানিতে দিয়ে ৫ মিনিট হালকা আঁচে ফুটিয়ে তুলে ফেলতে হবে।

৩. মাশরুম দিন

এখন গরম স্টকে কাটা মাশরুম দিয়ে ২ মিনিট রান্না করতে হবে।

৪. টোফু ও ওয়াকামে মেশান

পাত্রে টোফু ও ভিজিয়ে রাখা ওয়াকামে দিয়ে আরও ১ থেকে ২ মিনিট গরম করতে হবে। টোফু যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৫. মিসো পেস্ট মেশান

চুলার আঁচ কমিয়ে দিতে হবে। একটি ছোট বাটিতে পাত্র থেকে সামান্য গরম স্টক নিয়ে মিসো পেস্ট ভালোভাবে গুলে নিতে হবে। এরপর মিশ্রণটি স্যুপের পাত্রে ঢেলে নেড়ে দিতে হবে। মিসো পেস্ট দেওয়ার পর স্যুপ আর জোরে ফুটতে দেওয়া যাবে না।

৬. পরিবেশন করুন

চুলা বন্ধ করে ওপরে কুচি করা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে হবে। গরম গরম পরিবেশন করা উচিত জাপানের জনপ্রিয় মিসো স্যুপ।

শীতের বিকেল কিংবা রাতের খাবারে ভিন্ন স্বাদের এই স্যুপটি দারুণ সংযোজন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের জনপ্রিয় চিপসের প্যাকেট রঙিন থেকে সাদা-কালো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


জাপানের জনপ্রিয় চিপসের প্যাকেট রঙিন থেকে সাদা-কালো হচ্ছে

জাপানি স্ন্যাকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যালবি তাদের কিছু জনপ্রিয় পণ্যের প্যাকেটের রঙ সাময়িকভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি ইরানে চলমান সংঘাতের কারণে কালি তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহে বিঘ্ন ঘটার ফলস্বরূপ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২৫ মে থেকে জাপানের দোকানগুলোতে তাদের ১৪টি পণ্য নতুন সাদা-কালো প্যাকেটে পাওয়া যাবে। এই পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্রিস্পস ও চিংড়ির চিপস। এটি বিশ্বের দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ওপর ইরান সংঘাতের প্রভাবের একটি উদাহরণ।

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত কয়েক সপ্তাহে বিশ্বের বিভিন্ন কোম্পানি সতর্ক করেছে যে, জ্বালানি, প্লাস্টিক ও হিলিয়ামের মতো প্রয়োজনীয় উপকরণের সরবরাহ ব্যাহত হওয়ায় তাদের উৎপাদন ও ব্যবসায়িক খরচ বেড়ে যাচ্ছে।

এক বিবৃতিতে ক্যালবি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে কাঁচামাল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পণ্যের প্যাকেটের নকশায় পরিবর্তন আনা হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ ছাড়া ন্যাপথার সরবরাহও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল পরিশোধনের উপজাত এই রাসায়নিক পদার্থ কালি ও প্লাস্টিক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল। ফলে এর সরবরাহে সংকট দেখা দেওয়ায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সমস্যায় পড়ছে।

ইরান সংঘাত শুরুর পর থেকে এশিয়ার বাজারে ন্যাপথার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এতে এ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ও ব্যবসায়িক খরচ বেড়েছে। জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেই সাতো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যুদ্ধ শুরুর আগে জাপানের মোট ন্যাপথার চাহিদার প্রায় ৪০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হতো।

তিনি জানান, ন্যাপথার সরবরাহে যাতে কোনো ঘাটতি বা সংকট তৈরি না হয়, সে জন্য সরকার বিকল্প উৎস খুঁজে সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা করছে। এর আগে গত এপ্রিল মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে ন্যাপথা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাপান ন্যাপথার সরবরাহের উৎস বাড়িয়ে সম্ভাব্য সংকট মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। কারণ, জ্বালানি ও বিভিন্ন তেলজাত পণ্যের জন্য এসব দেশ মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এর প্রভাব পড়েছে জাপানের খাদ্যশিল্পেও। গত ১ মে দেশটির খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মিজকান’ পলিস্টাইরিনের পাত্রের সংকটের কারণে তাদের কয়েকটি পণ্যের বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেয়। পাশাপাশি কিছু পণ্যের দামও বাড়িয়ে দেয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও হুন্দাই জানিয়েছে, কাঁচামাল ও উৎপাদন উপকরণের দাম বেড়ে যাওয়া এবং গাড়ি বিক্রি কমে যাওয়ায় তাদের মুনাফা কমেছে।

ইরান যুদ্ধের প্রভাবে জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে অনেক এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত করেছে। কিছু এয়ারলাইন সাময়িকভাবে তাদের বিমান চলাচলও বন্ধ রেখেছে। জ্বালানির বাড়তি দাম ও বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে গত সপ্তাহে যুক্তরাজ্যের ফ্যাশন ব্র্যান্ড ‘নেক্সট’ ইউরোপের বাইরের কয়েকটি দেশে তাদের পণ্যের দাম সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়েল এস্টেট সেক্টর বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান শাহাদাত হোসাইনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


রিয়েল এস্টেট সেক্টর বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান শাহাদাত হোসাইনের

‘আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে গত ১৯ বছর ধরে এই সেক্টরে কাজ করে যাচ্ছি। জেমস গ্রুপের এমডি হিসেবে মাঠ পর্যায়ে থেকে দেখেছি এই সেক্টরের বাস্তব চিত্র। অনেকেই মনে করেন, রিয়েল এস্টেট মানে শুধু ইট-বালু-সিমেন্টের ব্যবসা। না, এটা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ।’

জেমস গ্রুপের এমডি শাহাদাত হোসাইন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এই বক্তব্যটি তুলে ধরেন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবুহু উপস্থাপন করা হলো:

এই সেক্টর কেন এত গুরুত্বপূর্ণ?

১. ৪০ লক্ষ মানুষের সরাসরি জীবিকা: একজন ডেভেলপার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট থেকে শুরু করে রাজমিস্ত্রি, রড-মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, টাইলস মিস্ত্রি, ট্রাক ড্রাইভার-প্রায় ৪০ লক্ষ পরিবার সরাসরি এই সেক্টরের ওপর নির্ভরশীল। এর সাথে পরোক্ষভাবে জড়িত আরো এক কোটি মানুষ।

২. জিডিপিতে বিশাল অবদান: দেশের জিডিপিতে রিয়েল এস্টেট ও লিংকেজ শিল্পের অবদান প্রায় ১৫% এর বেশি। রড, সিমেন্ট, ইট, টাইলস, স্যানিটারি, ইলেকট্রিক, লিফট- ২৬০+ লিংকেজ শিল্প এই সেক্টরের ওপর টিকে আছে।

৩. সরকারের রাজস্ব আয়ের বড় উৎস: জমি রেজিস্ট্রেশন ফি, ভ্যাট, ট্যাক্স, গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ ফি, হোল্ডিং ট্যাক্স- প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আসে শুধু এই খাত থেকে। এই খাত ভালো থাকলে সরকারের রাজস্ব বাড়ে, খারাপ থাকলে পুরো অর্থনীতিতে প্রভাব পড়ে।

তাহলে সমস্যা কোথায়?

বর্তমানে সৎ ব্যবসায়ীরা টিকে থাকতে কষ্ট পাচ্ছে। জমির দাম অস্বাভাবিক বৃদ্ধি; নির্মাণ সামগ্রীর দামে অস্থিরতা; ব্যাংক লোনের উচ্চ সুদহার (১২-১৪%); ড্যাপ (DAP) / রাজউক অনুমোদনে দীর্ঘসূত্রিতা; কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ হওয়ায় প্রকৃত ক্রেতা সংকট দেখা দিয়েছে।

আমাদের (ব্যবসায়ীদের) কি করা উচিত?

১. ক্রেতার আস্থা ধরে রাখতে হবে - সময়মতো হ্যান্ডওভার, কথায় ও কাজে মিল রাখতে হবে।

২. গুণগত মানের সাথে আপস নয় - সস্তা মাল দিয়ে বিল্ডিং নির্মাণ না করে নিরাপদ বিল্ডিং করতে হবে।

৩. স্বচ্ছতা - জমির কাগজ, রাজউক প্ল্যান সব ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে।

৪. রিহ্যাব (REHAB)-এর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে নীতি-নির্ধারণী মহলে কথা বলা।

সরকারের কাছে আমার বিনীত ৫টি প্রস্তাব:

১. গৃহঋণের সুদ ৭-৮% এ নামিয়ে আনা: মধ্যবিত্ত একটি ফ্ল্যাট কিনতে চায়, কিন্তু ১৪% সুদে এটি সম্ভব নয়। সুদ কমলে হাজার হাজার ফ্ল্যাট বিক্রি হবে, সরকারও বেশি রাজস্ব পাবে।

২. রেজিস্ট্রেশন খরচ যৌক্তিক করা: বর্তমানে ১০-১২% রেজিস্ট্রেশন খরচের কারণে অনেকেই কম মূল্য দেখায়। এটা ৫-৬% করলে সরকারের রাজস্ব বরং বাড়বে, কমবে না।

৩. ওয়ান স্টপ সার্ভিস: রাজউক, ওয়াসা, তিতাস, ডেসকো সব অনুমোদন এক ছাদের নিচে দ্রুত দিতে হবে।

৪. নির্মাণ সামগ্রীর দাম নিয়ন্ত্রণ: সিন্ডিকেট ভেঙে রড-সিমেন্টের দাম স্থিতিশীল রাখতে হবে।

৫. দীর্ঘমেয়াদী নীতি: প্রতি বছর ড্যাপ (DAP) পরিবর্তন না করে, ২০ বছরের জন্য একটি স্থিতিশীল নীতি চাই।

এই সেক্টর বাঁচলে ৪০ লক্ষ পরিবার বাঁচবে, সরকারের রাজস্ব বাড়বে, মধ্যবিত্তের স্বপ্নের ঠিকানা হবে। আসুন, আমরা ব্যবসায়ী ও সরকার একসাথে বসে এই খাতকে বাঁচাই। সমালোচনা নয়, সমাধান চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%