প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের নিরাপত্তা পরীক্ষা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে একটি বিশাল কৃত্রিম জগৎ তৈরি করেছে, যা বাস্তব ইন্টারনেটের আদলে নির্মিত। এই ব্যবস্থার নাম ‘মিরর ডাইমেনশন’, যেখানে অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যাংকিং ড্যাশবোর্ডসহ বিভিন্ন সাইটের নকল সংস্করণ অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এআই এজেন্টের কার্যক্রম পরীক্ষা করতে পারবে, যা বাস্তব ওয়েবসাইট বা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ঝুঁকি সৃষ্টি করবে না।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে বলা হয়েছে, ক্রোম ব্রাউজারে যুক্ত হতে যাওয়া জেমিনি-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার নিরাপত্তা পরীক্ষায় এই কৃত্রিম ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। এআই এজেন্টকে দৈনন্দিন ওয়েবভিত্তিক কাজ শেখানোর জন্য শত শত ওয়েবসাইটে হাজার হাজার পরীক্ষা চালানো প্রয়োজন। বাস্তব ইন্টারনেটে এসব পরীক্ষা পরিচালনা করা কঠিন, কারণ ওয়েবসাইটগুলো নিয়মিত পরিবর্তিত হয়, ফলে একই পরীক্ষা বারবার একই পরিবেশে করা সম্ভব হয় না।
এছাড়া, পরীক্ষামূলক পর্যায়ে থাকা এআই এজেন্টকে বাস্তব ওয়েবসাইটে কাজ করতে দিলে ভুলের কারণে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সমস্যা সৃষ্টি হতে পারে বা বাস্তব ক্ষতি হতে পারে। আরেকটি সমস্যা হলো ‘ইভ্যালুয়েশন অ্যাওয়ারনেস’। যখন কোনো এআই মডেল বুঝতে পারে যে তাকে পরীক্ষা করা হচ্ছে, তখন সে স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যেতে পারে। এর ফলে পরীক্ষার ফল প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটায় না। তাই গুগল নিশ্চিত করেছে যে এআই যেন বুঝতে না পারে যে সে একটি পরীক্ষার পরিবেশে রয়েছে।
গুগল জানিয়েছে, ‘মিরর ডাইমেনশন’ তৈরি করা হয়েছে ‘জিভাইজর’ (gVisor) নামের প্রযুক্তির সাহায্যে, যা সুরক্ষিত ডিজিটাল পরিবেশে কাজ করে। যখন এআই এজেন্ট কোনো পরিচিত ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে, তখন একটি স্থানীয় ব্যবস্থা তাকে ওই সাইটের কৃত্রিম সংস্করণে পাঠিয়ে দেয়, তবে ক্রোমের ঠিকানার ঘরে ওয়েবসাইটের স্বাভাবিক ঠিকানাই দেখা যায়। এই ব্যবস্থায় ক্রোমের নিরাপত্তা সতর্কবার্তা এড়াতে পরীক্ষার পরিবেশের ভেতরে বিশেষভাবে তৈরি ওয়েব সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে।
গুগলের দাবি, সাধারণ ক্রোম ব্যবহারকারীদের জন্য বাইরের কোনো ব্যক্তি এভাবে ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন করতে পারবে না। কারণ, পুরো ব্যবস্থাটি কেবল গুগলের নিয়ন্ত্রিত ব্যক্তিগত পরীক্ষার নেটওয়ার্কে কাজ করে। প্রতিটি পরীক্ষা নতুন করে শুরু হয়, যাতে পূর্ববর্তী পরীক্ষার কোনো কাজ পরবর্তী পরীক্ষায় প্রভাব না ফেলে। হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট তৈরি করা কঠিন। তাই এ কাজেও একাধিক এআই এজেন্ট ব্যবহার করছে গুগল।
প্রথমে গবেষণায় যুক্ত এআই এজেন্টগুলো একটি ওয়েবসাইটে কী কী সুবিধা থাকা প্রয়োজন তা নির্ধারণ করে, যেমন অনলাইন কেনাকাটার সাইটে পণ্যের কার্ট ও প্রোমো কোড ব্যবহারের ব্যবস্থা। এরপর নির্মাণকারী এআই এজেন্টগুলো ওয়েবসাইটের কোড তৈরি করে। অন্যদিকে, সমালোচক বা পরীক্ষক এজেন্টগুলো ক্রোমের ডেভেলপার টুল ব্যবহার করে বিভিন্ন বাটনে ক্লিক করে, স্ক্রিনশট নেয় এবং কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের জন্য জানায়।
এভাবে অনলাইন দোকান, রেসিপির ওয়েবসাইট, স্থানীয় পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম এবং ব্যাংকিং ড্যাশবোর্ডসহ নানা ধরনের কৃত্রিম ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ‘মিরর ডাইমেনশন’ তৈরির অন্যতম উদ্দেশ্য হলো ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে এআই এজেন্টকে সুরক্ষিত রাখা। এ ধরনের আক্রমণে হ্যাকাররা ওয়েবপেজের লেখা বা ছবির মধ্যে গোপন ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে। যদি এআই এজেন্ট সেই নির্দেশনা অনুসরণ করে, তাহলে তার নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে চলে যেতে পারে।
প্রাথমিক পরীক্ষায় গুগলের এআই অস্বাভাবিক ওয়েব ঠিকানা দেখে বুঝতে পেরেছিল যে তাকে পরীক্ষা করা হচ্ছে। পরে প্রকৌশলীরা আক্রমণের সংকেত ওয়েবপেজের অদৃশ্য হেডারের মধ্যে লুকিয়ে রাখার ব্যবস্থা করেন। গুগলের তথ্য অনুযায়ী, এই স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে একজন নিরাপত্তা প্রকৌশলী প্রতিদিন এক হাজারের বেশি আক্রমণের পরীক্ষার পরিস্থিতি তৈরি করতে সক্ষম হন। মানুষের হাতে একই কাজ করার তুলনায় এ সংখ্যা ৩০ গুণেরও বেশি। তবে এসব পরীক্ষায় এআই কতবার সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
ক্রোমের এআই নিরাপত্তা প্রকৌশলী চার্লস কিয়ান জানিয়েছেন, উন্মুক্ত ইন্টারনেট নানা ধরনের ঝুঁকিতে ভরা। তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করার বিষয়ে এআই এজেন্টের বিচারবোধ আরও পরিণত হচ্ছে। গুগলের প্রকৌশল বিভাগের পরিচালক ডগ টার্নার জানিয়েছেন, এআই প্রযুক্তির সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে মিরর ডাইমেনশনকেও আরও বাস্তবসম্মত করে তোলা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন