প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডায়াবেটিস সাধারণত বড়দের রোগ হিসেবে পরিচিত, তবে এটি শিশুদের মধ্যেও দেখা দিতে পারে। বিশেষ করে, টাইপ-১ ডায়াবেটিস শিশুদের মধ্যে একটি পরিচিত সমস্যা। রোগটির লক্ষণগুলো প্রথম দিকে কিছু শারীরিক পরিবর্তনের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব। কিন্তু এই লক্ষণগুলো অবহেলা করলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে পুনের সূর্য মাদার অ্যান্ড চাইল্ড সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক সাজিলি মেহতা শিশুদের ডায়াবেটিসের পাঁচটি আগাম লক্ষণ সম্পর্কে জানিয়েছেন।
চিকিৎসকের মতে, শিশুরা যদি স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করে, ঘন ঘন প্রস্রাব করে, এবং খাবার খাওয়ার পরও ওজন কমে যায়, তাহলে এই লক্ষণগুলো ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে। এসব লক্ষণ ধীরে ধীরে কিংবা কয়েক সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে।
শিশুর ডায়াবেটিসের ৫ আগাম লক্ষণ
১. ঘন ঘন প্রস্রাব
শিশুরা আগের তুলনায় বেশি বার প্রস্রাব করতে পারে। রাতে বারবার টয়লেটে যাওয়ার অভ্যাস বা বিছানা ভেজানোর অভ্যাস আবার শুরু হলে এটি সতর্কসংকেত হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি অতিরিক্ত চিনি বের করার জন্য প্রস্রাবের মাধ্যমে চেষ্টা করে, ফলে শরীর থেকে বেশি পানি বের হয়ে যায়।
২. অতিরিক্ত তৃষ্ণা
যদি শিশু অস্বাভাবিকভাবে বেশি পানি পান করে, পানির বোতল বারবার খালি করে, অথবা রাতে তৃষ্ণায় ঘুম থেকে ওঠে, তাহলে এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। রক্তে শর্করা বেড়ে যাওয়ার কারণে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে গেলে এমন তৃষ্ণা অনুভূত হতে পারে।
৩. অকারণে ওজন কমে যাওয়া
যদি শিশুর স্বাভাবিক খাবার খাওয়ার পরও ওজন কমতে থাকে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। এমনকি ক্ষুধা বেড়ে যাওয়ার পরও ওজন কমতে পারে। শরীরে পর্যাপ্ত ইনসুলিন না থাকলে কোষগুলো গ্লুকোজ থেকে প্রয়োজনীয় শক্তি গ্রহণ করতে পারে না, ফলে শরীর চর্বি ও পেশি ভাঙতে শুরু করে।
৪. অস্বাভাবিক ক্লান্তি
যদি শিশু আগের মতো খেলাধুলা করতে না চায়, স্কুলের কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়, অথবা সব সময় ক্লান্ত বোধ করে, তাহলে এটি খেয়াল করা দরকার। শরীর গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এ ধরনের অবসাদ দেখা দিতে পারে।
৫. ঝাপসা দেখা
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের দৃষ্টিতে সাময়িকভাবে প্রভাব পড়তে পারে। ফলে শিশু স্পষ্ট দেখতে অসুবিধার কথা জানাতে পারে। এমন অভিযোগ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন
চিকিৎসক সাজিলি মেহতা পরামর্শ দিয়েছেন, যদি শিশুর মধ্যে এসব লক্ষণের কোনোটি দেখা দেয়, তাহলে একই দিনে রক্তে গ্লুকোজ পরীক্ষা এবং চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য মূল্যায়ন করানো উচিত।
বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসা না হলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মতো বিপজ্জনক জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। বমি, পেটব্যথা, দ্রুত বা গভীর শ্বাস নেওয়া এবং অস্বাভাবিক ঝিমুনি এর সতর্কসংকেত। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
চিকিৎসকের মতে, শিশুদের টাইপ-১ এবং টাইপ-২—দুই ধরনের ডায়াবেটিস হতে পারে। টাইপ-১ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুল করে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে। এটি যেকোনো ওজনের শিশুর হতে পারে এবং অতিরিক্ত চিনি খাওয়ার কারণে হয় না। অন্যদিকে, টাইপ-২ ডায়াবেটিসে শরীর ইনসুলিনের প্রতি যথাযথভাবে সাড়া দিতে পারে না। এ ধরনের ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়।
সঠিক সময়ে রোগ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত শিশুরাও সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে সক্ষম হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন