ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ভেনেজুয়েলা বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করেছে


ভেনেজুয়েলা বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করেছে

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের সংকট সমাধানের জন্য বেসরকারি বিনিয়োগের সুযোগ রেখে একটি সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে ভেনেজুয়েলার আইনসভা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সমর্থনে এই সংস্কার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প খাতগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে ওয়াশিংটনের আহ্বানে সাড়া দিয়ে আসছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে

সর্বশেষ বিদ্যুৎ খাত সংস্কার প্রস্তাবটি মঙ্গলবার জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজের নেতৃত্বে পরিচালিত এই আইনসভায় প্রস্তাবটি পাস হয়।

বিরোধী দলের আইনপ্রণেতা আন্তোনিও একারি এএফপিকে বলেন, রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কার্যত ধসের মুখে পড়েছে। আগের আইনের কারণে সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় এই সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

তবে আইনসভায় বক্তব্য দেওয়ার সময় হোর্হে রদ্রিগেজ জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি আগের মতোই বিদ্যুৎ সেবায় ভর্তুকি দেবে। বিশেষ করে সবচেয়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এই সুবিধা অব্যাহত থাকবে।

২০০৭ সালে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা জাতীয়করণের পর থেকে বছরের পর বছর প্রয়োজনীয় বিনিয়োগের অভাব ও অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক

দক্ষিণ আমেরিকার দেশটির অধিকাংশ এলাকায় এখন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। এমনকি রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায়ও নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

কারাকাসের উপকণ্ঠে বসবাসকারী ৬৬ বছর বয়সী আইনজীবী নুরিস মেদিনা বলেন, ‘প্রতিদিনই আমার বাসায় বিদ্যুৎ চলে যায়।’

তিনি আরও বলেন, ‘এটি একটি মধ্যবিত্ত অধ্যুষিত এলাকা। দেশের অভ্যন্তরীণ অঞ্চলগুলোর কথা ভাবুন, সেখানে সাধারণ মানুষ বিদ্যুৎ নিয়ে কতটা দুর্ভোগে আছে!’

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোর্হে রদ্রিগেজ বলেন, নতুন এই সংস্কারের ফলে বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং নির্ধারিত মূল্যের বিনিময়ে গ্রাহকদের কাছে তা সরবরাহ করতে পারবে। এতে বিদ্যুতের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে

বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানিটি প্রায় ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। অথচ দেশটির চাহিদা মেটাতে এর চেয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রয়োজন। গত সেপ্টেম্বরে দেশটির বিদ্যুতের চাহিদা বেড়ে ১৬ হাজার ৪০০ মেগাওয়াটে পৌঁছেছিল।

বিদ্যুৎ খাতের পাশাপাশি ডেলসি রদ্রিগেজের প্রশাসন দেশটির খনি ও তেল খাতেও বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।

গত সেপ্টেম্বরে ওয়াশিংটনের সঙ্গে একটি বড় তেল চুক্তি স্বাক্ষর করে কারাকাস। এর ফলে ভেনেজুয়েলার ৬৫০০ কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার তৈরি হয়েছে। দেশটির মোট তেলের মজুদের প্রায় ২০ শতাংশের সমপরিমাণ এই পরিমাণ তেল।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর তিন বহিরাগত আটক

চুক্তি স্বাক্ষর তদারকি করতে ভেনেজুয়েলা সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দেশটির বিদ্যুৎ খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তেল খাতের কার্যক্রম সচল রাখতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।

ক্রিস রাইট বলেন, ‘দুটিই প্রয়োজন।’

ভেনেজুয়েলার বিদ্যমান বিদ্যুৎ অবকাঠামোর কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় দেশটির পুরোনো বিদ্যুৎ অবকাঠামো আবারও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।

আরও পড়ুন: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ১৭৭ বাংলাদেশি সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালু নদের সেতুর নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


বালু নদের সেতুর নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর সেতুর নির্মাণ কাজ শেষ হতে দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়ায় দুই দফায় উদ্যোগ নেওয়া হলেও কার্যক্রম মাঝপথে থমকে রয়েছে। এর ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার অপেক্ষায় থাকা রূপগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার লাখো মানুষ দুর্ভোগে রয়েছে।

২০০৩ সালে ঢাকা-নারায়ণগঞ্জের সীমানায় কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ শুরু হয়েছিল। প্রাথমিকভাবে এর জন্য ৫ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন, সভা-সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন। কিন্তু তাতেও কোনো অগ্রগতি হয়নি।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০১ সালে মাঝিনা-কায়েতপাড়া-ত্রিমোহনী সড়কে সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় মেসার্স ইস্টার্ন ট্রেডার্স লিমিটেড। এক বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার কথা ছিল। তবে প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হোসেন জানান, ২০০৪-০৫ অর্থবছরে ৫০ লাখ টাকা তোলা সম্ভব হলেও পরবর্তী সময়ে অর্থ বরাদ্দ মেলেনি। নির্মাণ উপকরণের মূল্যবৃদ্ধি ও অন্যান্য কারণে কাজ আটকে যায়।

২০২১ সালে অসমাপ্ত অংশের জন্য পুনরায় দরপত্র ডাকা হয়। প্রায় ১৩ কোটি টাকার কাজ পায় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স সরদার এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগ। ওই বছরের মে মাসে কাজ শুরুর পরিকল্পনা থাকলেও সেটিও বাস্তবায়িত হয়নি।

নির্মাণ এলাকা পরিদর্শন করে দেখা গেছে, কয়েকটি পিয়ার, কলাম, ক্যাপ, উইংওয়াল ও অ্যাবাটমেন্টের অংশ তৈরি হয়েছে। তবে সংযোগ সড়ক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ইটের সলিং উঠে গেছে, লোহার রডেও জং ধরেছে। সেতুটি না থাকায় স্থানীয়দের রাজধানীতে যেতে ১২ থেকে ১৩ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে।

গত ১৬ এপ্রিল সংসদে বিষয়টি তুলে ধরে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এর আগে ২৭ মার্চ সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, পূর্ব মাদারটেক ও সবুজবাগ হয়ে সেতুটি ব্যবহার করে সিলেট ও চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। তবে বারবার উদ্যোগ ভেস্তে যাওয়ায় এবারও আশ্বাসের বাস্তবায়ন নিয়ে স্থানীয়রা সংশয়ে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লর্ডসে খাওয়াজা বর্ণবাদের শিকার, এমসিসি সদস্যদের আচরণকে 'কুকুরের পালের মতো' বললেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


লর্ডসে খাওয়াজা বর্ণবাদের শিকার, এমসিসি সদস্যদের আচরণকে

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাওয়াজা অভিযোগ করেছেন যে, ২০২৩ সালের অ্যাশেজ সিরিজের সময় লর্ডসে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে তিনি মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সদস্যের কাছ থেকে বর্ণবাদী গালির শিকার হয়েছিলেন।

এই ঘটনা ঘটে যখন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোকে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরি বিতর্কিতভাবে স্টাম্পড করেন। খাওয়াজা সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে এমসিসি সদস্যদের আচরণকে "কুকুরের পালের মতো" বলে উল্লেখ করেছেন।

মধ্যাহ্নভোজের বিরতির সময়, টেলিভিশনের ফুটেজে দেখা যায় যে, খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার কয়েকজন দর্শকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

ঘটনার পর এমসিসি একজন সদস্যকে বহিষ্কার করে এবং আরও দুজনকে সাময়িক বরখাস্ত করে। তদন্তে প্রমাণিত হয় যে, তারা "অপমানজনক, আক্রমণাত্মক বা অনুপযুক্ত আচরণ ও ভাষা" ব্যবহার করেছিল। একজনকে সাড়ে চার বছরের জন্য এবং অন্যজনকে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

খাওয়াজা জানান, তিনি এক ব্যক্তিকে চিৎকার না করতে বলেছিলেন, কিন্তু এরপর আরেকজন ব্যক্তি তাকে বর্ণবাদী মন্তব্য করে বসেন।

আত্মজীবনীতে খাওয়াজা লিখেছেন,

"আমরা বুঝতেই পারিনি লং রুমে আমাদের জন্য কী অপেক্ষা করছিল। দুর্ভাগ্যজনকভাবে, সেদিন এমসিসি সদস্যরা তাদের প্রকৃত চেহারা দেখিয়েছিল।

আমরা সব সময় এমসিসি সদস্যদের খুব সম্মান করতাম। তারা সাধারণত ভদ্র, শান্ত এবং ক্রিকেটপ্রেমী মানুষ। আপনি শতরান করুন কিংবা শূন্য রানে আউট হন, তারা একইভাবে হাততালি দিত। তাদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের।

এখনও তাই, কিন্তু সেদিনের ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে তারা হয়তো অন্যদের থেকে খুব আলাদা নয়। কারণ ক্রিকেট ও লর্ডস যখন তাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভদ্রতা প্রত্যাশা করছিল, তখন তারা সুবিধাভোগী মাতালদের এক দলে পরিণত হয়েছিল, যারা মাত্র এক মিটার দূর থেকে আমাদের দিকে চিৎকার করছিল।

তারা যেন শিকারের অপেক্ষায় থাকা কুকুরের পালের মতো ছিল। সবাই একসঙ্গে গালিগালাজ করছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি কী শুনছি।"

খাওয়াজা আরও দাবি করেন, একজন সদস্য তার মুখের সামনে দাঁড়িয়ে চিৎকার করছিলেন, থুতু ছিটাচ্ছিলেন এবং আরেকজন সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় তাকে ও ওয়ার্নারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন।

"সে পা বাড়িয়ে দিচ্ছিল, যেন আমরা সিঁড়িতে পড়ে যাই। ডেভি (ওয়ার্নার) প্রথমে তাকে ধমক দিয়েছিল, তাই ভেবেছিলাম লোকটি আর এমন করবে না।

কিন্তু আমি যখন সিঁড়ি বেয়ে উঠছিলাম, তখন সে আমার সঙ্গেও একই কাজ করার চেষ্টা করল!

সিঁড়ির ওপরে উঠে দেখি, ড্রেসিংরুমের কাছে অনেক সদস্য আমাদের জন্য অপেক্ষা করছে। বিস্ময়ে আমি হাসলাম, দুই হাত তুলে বললাম, 'এটা কি লর্ডস, নাকি চিড়িয়াখানা?'"

আত্মজীবনীতে খাওয়াজা আরও দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বল টেম্পারিংয়ের জন্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানত।

৩৯ বছর বয়সী খাওয়াজা চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টেস্টে তিনি ৬ হাজার ২২৯ রান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হলিউডে ‘জেমস বন্ড’ হয়ে ধরা দিচ্ছেন হৃতিক, জল্পনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ এম


হলিউডে ‘জেমস বন্ড’ হয়ে ধরা দিচ্ছেন হৃতিক, জল্পনা তুঙ্গে

২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমায় সর্বশেষ ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। নতুন সিনেমার পর্বে ‘জেমস বন্ড’ হিসেবে অভিনয় করার জন্য বলিউডের নতুন মুখের নাম শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে শোবিজের অঙ্গনে গুঞ্জন উঠেছে যে, বলিউড অভিনেতা হৃতিক রোশন হতে যাচ্ছেন হলিউডের আইকনিক চরিত্র ‘জেমস বন্ড’র নতুন মুখ।

জেমস বন্ড, যিনি ব্রিটিশ সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস MI6 এর সদস্য, এই জনপ্রিয় গোয়েন্দা চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা। সম্ভাব্য বন্ড হিসেবে ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও’কনর, অ্যারন টেলর–জনসন, জ্যাকব এলর্ডি, থিও জেমস, রবার্ট প্যাটিনসন, নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, হ্যারি স্টাইলস, এবং জ্যাক লোডেনের নাম উঠে এসেছে। তবে সিনেমাটির নির্মাণের ক্ষেত্রে হৃতিক রোশনের নাম নতুন মোড় নিয়ে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক LACMA গালাতে প্রথম মূলধারার ভারতীয় অভিনেতা হিসেবে যোগ দেন হৃতিক। অনুষ্ঠানে তার কাস্টম-মেড কালো স্যুটে ড্যাশিং লুক দেখে ভক্তরা মনে করেন, তিনি যেন 'জেমস বন্ড'-এর প্রতিচ্ছবি।

হৃতিকের ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করার গুঞ্জন আরও জোরালো হয়েছে, যখন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং বিখ্যাত সিনেমা ‘ডিউন’ (Dune)-এর পরিচালক ডেনিস ভিলনভ-এর সাথে তার আড্ডা ও ছবি তোলার মুহূর্ত নেটদুনিয়ায় প্রকাশিত হয়।

হলিউডে গুঞ্জন রয়েছে যে, পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ডেনিস ভিলনভ। এ কারণে হৃতিকের ভক্তরা আশাবাদী যে, ভারতীয় এই তারকা এবার ‘০০৭’ চরিত্রে ধরা দিতে পারেন।

এদিকে, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে হৃতিক রোশনের ২০০২ সালের একটি পুরনো মন্তব্য। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নায়ক এক সাক্ষাৎকারে রসিকতার ছলে বলছেন, ‘আমিই হতে পারি সেরা জেমস বন্ড’।

জানা গেছে, ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয়ের জন্য সম্ভাব্য অভিনেতাদের স্ক্রিন টেস্ট চলছে। তবে হৃতিক এই স্ক্রিন টেস্টে যুক্ত রয়েছেন কিনা, তা এখনও জানা যায়নি। এ প্রজেক্ট নিয়ে হৃতিকের পক্ষ থেকে কোনো অফিসিয়াল মন্তব্যও করা হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নায়ক চূড়ান্ত হলে ২০২৭ সালের শুরুতে নতুন ‘জেমস বন্ড’-এর শুটিং শুরু হবে। এরপর ২০২৮ সালে বিশ্বখ্যাত সিরিজটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব ও করিডোরের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব ও করিডোরের রাজনীতি

বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের মূল ভিত্তি হলো এর ভূকৌশলগত অবস্থান। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ, একদিকে বঙ্গোপসাগরের উপকূলীয় রাষ্ট্র এবং অন্যদিকে ভারত, চীন ও মিয়ানমারের নিকটবর্তী প্রতিবেশী। এই অবস্থান বাংলাদেশের জন্য আঞ্চলিক যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। ফলে, বাংলাদেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও যোগাযোগ অবকাঠামোকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক শক্তিগুলোর বিশেষ আগ্রহ ও পরিকল্পনার বিষয় সামনে এসেছে।

বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় অবকাঠামো এখন শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের বিষয় নয়; বরং এগুলো প্রধান শক্তিগুলোর কৌশলগত স্বার্থের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। বিশেষ করে অতীতে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করার এশিয়ান হাইওয়ে প্রকল্প, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের মানবিক করিডোর-সংক্রান্ত উদ্যোগ ও আগ্রহ, চীনের বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরের ধারণা, জাপানের ‘Bay of Bengal Industrial Growth Belt’ বা BIG-B পরিকল্পনা এবং ভারতের সাবরুম বিশেষ অর্থনৈতিক করিডোরকে চট্টগ্রাম ও মাতারবাড়ী বন্দরের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখযোগ্য। এসব প্রকল্পের অন্তরালে রয়েছে আঞ্চলিক প্রভাব বিস্তার, বাণিজ্যিক প্রবেশাধিকার, ভূরাজনৈতিক অবস্থান সুসংহত করা এবং বঙ্গোপসাগরকে ঘিরে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার বাস্তবতা। বাংলাদেশের জন্য মূল প্রশ্ন হলো—কীভাবে এই প্রতিযোগিতামূলক উদ্যোগগুলোকে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তার অনুকূলে ব্যবহার করা যায়।

এশিয়ান হাইওয়ে : আঞ্চলিক যোগাযোগের স্বপ্ন ও ট্রানজিট বিতর্ক

বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগব্যবস্থার কেন্দ্রে নিয়ে আসার ধারণা নতুন নয়। ১৯৫৯ সালে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (UNESCAP) এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের পরিকল্পনা গ্রহণ করে। এর উদ্দেশ্য ছিল এশিয়ার বিভিন্ন দেশকে সড়কপথে সংযুক্ত করে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। ২০০৯ সালে বাংলাদেশ এশিয়ান হাইওয়ে চুক্তিতে যুক্ত হয়। তবে প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের উদ্বেগ ছিল মূলত রুট নির্ধারণ ও ট্রানজিট সুবিধা প্রদানকে কেন্দ্র করে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল মিয়ানমারের সঙ্গে টেকনাফ সীমান্তকে যুক্ত করে দক্ষিণ এশিয়ামুখী যোগাযোগ সম্প্রসারণ। কিন্তু ভারত চেয়েছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগে নেটওয়ার্ক তৈরি করা। এতে বাংলাদেশে রাজনৈতিক ও নিরাপত্তাগত বিতর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভারতের সঙ্গে সমঝোতার অভাবে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

জাপানের বিগ-বি : অর্থনৈতিক সংযোগ ও আঞ্চলিক শিল্পায়নের কৌশল

২০১৪ সালে জাপান ও বাংলাদেশের মধ্যে জাপানের বিগ-বি উদ্যোগের ধারণা আনুষ্ঠানিকভাবে সামনে আসে। এর লক্ষ্য ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ করা।

বিগ-বির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উপাদান হলো মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। একে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ এবং ভূরাজনৈতিক অবস্থান পুনর্নির্ধারণের সম্ভাবনাময় কৌশলগত উদ্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জাপানের ঋণ ও প্রযুক্তিগত সহযোগিতায় নির্মাণাধীন এই বন্দরের মাধ্যমে বড় আকারের জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে ভিড়তে পারবে। মাতারবাড়ীকে কেন্দ্র করে বিদ্যুৎ, জ্বালানি, শিল্পাঞ্চল, সড়ক ও রেল যোগাযোগের সমন্বিত অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মাতারবাড়ী বন্দরের গুরুত্ব কেবল বাংলাদেশের আমদানি-রপ্তানি সক্ষমতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, সামুদ্রিক সম্পদের ওপর অধিকার এবং পররাষ্ট্রনীতির স্বাধীনতা। প্রশ্ন হচ্ছে, মাতারবাড়ীকে বাংলাদেশ কীভাবে ব্যবহার করবে? অন্য কোনো রাষ্ট্রের ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের অবকাঠামো হিসেবে, নাকি নিজস্ব অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বন্দরটির প্রকৃত তাৎপর্য।

জাপানের কৌশলগত উদ্দেশ্যও এখানে গুরুত্বপূর্ণ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিপরীতে জাপান বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নয়ন সহযোগিতা, মানসম্মত অবকাঠামো এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগের মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করতে চায়। বিশেষ করে বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হলে জাপানের আঞ্চলিক অর্থনৈতিক প্রভাব বাড়বে। একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জাপান-যুক্তরাষ্ট্র-ভারতের সহযোগিতামূলক কৌশলের সঙ্গেও এই উদ্যোগের পরোক্ষ সম্পর্ক রয়েছে।

ভারতের সাবরুম-চট্টগ্রাম-মাতারবাড়ী : সংযোগের সুযোগ ও ভারসাম্যের প্রশ্ন

সম্ভাব্য এই করিডোরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম থেকে মৈত্রী সেতু পেরিয়ে বাংলাদেশের রামগড়, হেঁয়াকো ও বারৈয়ারহাট হয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত প্রস্তাবিত আঞ্চলিক যোগাযোগপথ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে সাবরুম-চট্টগ্রাম সংযোগ গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ত্রিপুরার সাবরুম থেকে ফেনী নদীর ওপর মৈত্রী সেতুর মাধ্যমে বাংলাদেশের রামগড়ের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে। সাবরুম থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। ভারতীয় পরিকল্পনায় এই সংযোগ উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নিকটবর্তী অবস্থানও এ অঞ্চলের ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা বাড়ায়। সাবরুম-চট্টগ্রাম-মাতারবাড়ীকে একটি আনুষ্ঠানিক একক বন্দর করিডোর হিসেবে দেখার চেয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে জাপানের বিগ-বি প্রকল্পের আওতায় বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক অবকাঠামোর সঙ্গে যুক্ত করার বৃহত্তর যোগাযোগ পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের সমুদ্রবন্দর ও যোগাযোগ অবকাঠামোর সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক সংযোগের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের বিশেষ আগ্রহ রয়েছে। ভারতের জন্য এর সুবিধা হলো উত্তর-পূর্বাঞ্চলের পরিবহন ব্যয় ও সময় কমানো এবং বঙ্গোপসাগরে বাণিজ্যিক প্রবেশাধিকার বৃদ্ধি। বাংলাদেশের জন্যও ট্রানজিট ফি, বন্দর ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলা হচ্ছে। তবে ভারতকে অতীতে করিডোর ও বন্দর সুবিধা দেওয়ার অভিজ্ঞতা সুখকর নয়। পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনের জন্য ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ নদীপথ, রেল ও সড়ক নেটওয়ার্ক ব্যবহারের অবাধ সুযোগ করে দিয়েছিল। অথচ এসবের বিপরীতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ট্রানজিট ফি পায়নি বাংলাদেশ। এখনো ট্রানজিট বা বন্দর সুবিধার বিনিময়ে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রাপ্তি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই। বাংলাদেশি পণ্যের জন্য উত্তর-পূর্বাঞ্চলে অবাধ প্রবেশ থাকবে কি না, সে উত্তরও নেই। বরং সাবরুম বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে বিনিয়োগ চাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

এই করিডোরের পেছনে ভারতের সুস্পষ্ট অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে, বিশেষত সেভেন সিস্টার্সে তার অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, পরিবহনের ব্যয় ও সময় হ্রাসকরণ এবং বিকল্প যোগাযোগপথ তৈরি করা। জাপান তার বিগ-বি প্রকল্প বিনির্মাণের খাতিরে এর বিভিন্ন অংশে অর্থায়ন ও অবকাঠামো বিনির্মাণ করছে। সাবরুম করিডোর-সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে প্রকল্প-সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এসব ক্ষতি প্রশমনে কী উদ্যোগ নেওয়া হবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে বড় ব্যাপার হলো, সম্ভাব্য এই করিডোরের মাধ্যমে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামীদের দমনে সামরিক সরঞ্জাম পরিবহন করলে তা বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

বাংলাদেশের করণীয়

কৌশলগত স্বায়ত্তশাসন : এই উদ্যোগগুলোর প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখা, অর্থাৎ চীন, ভারত, জাপান কিংবা যুক্তরাষ্ট্র—কোনো রাষ্ট্রের আধিপত্যবাদী স্বার্থের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ সাংঘর্ষিক হলে বাংলাদেশকে নিজের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে।

সংসদে আলোচনা ও জাতীয় ঐকমত্য তৈরি : যেকোনো করিডোর ও চুক্তির শর্ত, প্রকল্প পরিচালনা, ইজারার মেয়াদ, ঋণের শর্ত, তথ্যের নিরাপত্তা ও প্রকল্পে কোন দেশকে সংযোগ সুবিধা দেওয়া উচিত হবে কি না, তা নিয়ে সংসদে খোলামেলা আলোচনা করতে হবে। এ ধরনের কৌশলগত সিদ্ধান্তে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, ব্যবসায়ী সমাজ ও নিরাপত্তা বিশ্লেষকদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কারণ গোপন চুক্তি জনআস্থা নষ্ট করে এবং বিদেশি চাপের সুযোগ বাড়ায়।

সমন্বিত জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ : চট্টগ্রাম, মোংলা, পায়রা, মাতারবাড়ী ও বে-টার্মিনালকে বিচ্ছিন্ন প্রকল্প হিসেবে না দেখে একটি সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তুলতে হবে। কোন বন্দরে কী ধরনের পণ্য পরিবহন হবে, কোন বন্দর আঞ্চলিক ট্রানজিটে ভূমিকা রাখবে এবং কোন বন্দর শিল্পায়নের কেন্দ্র হবে, তা নির্ধারণ করা জরুরি।

রোহিঙ্গা ইস্যু কূটনীতিতে অগ্রাধিকার : রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতিকে করিডোর কূটনীতির সঙ্গে যুক্ত করা দরকার। চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রাখাইনের রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিতে হবে।

সামুদ্রিক নিরাপত্তা ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি : সমুদ্রবন্দর, সমুদ্রসীমা, জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব নৌবাহিনী, কোস্টগার্ড, সামুদ্রিক নজরদারি ও সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া প্রকল্প পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক ব্যবস্থাপনায় বাংলাদেশি দক্ষতা বৃদ্ধি করতে হবে। কোনো বিদেশি শক্তির উপস্থিতির ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব সক্ষমতা গড়ে তোলাই হওয়া উচিত অগ্রাধিকার।

আঞ্চলিক বাণিজ্যের হাব হিসেবে প্রতিষ্ঠা : নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড ও আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বন্দর ও যোগাযোগ সহযোগিতা সম্প্রসারণ করতে হবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের বন্দর ব্যবহারের সুযোগ দিতে হলে ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার, নেপাল-ভুটানের সঙ্গে বিদ্যুৎ ও বাণিজ্য সহযোগিতা, আঞ্চলিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশি শিল্পের অংশগ্রহণ এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে।

ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে এক বিরল সুযোগ দিয়েছে। ভূরাজনীতির বড় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা আছে বলেই বাংলাদেশের কাছে বিনিয়োগ ও সহযোগিতার একাধিক প্রস্তাব আসছে। দেশের জন্য এটি দরকষাকষির মুহূর্ত। এই মুহূর্ত কাজে লাগানোর একমাত্র পথ হলো দেশের স্বার্থ আগে নির্ধারণ করা, তারপর অংশীদার নির্ধারণ। এটাই হতে পারে বঙ্গোপসাগরকেন্দ্রিক নতুন ভূরাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে কার্যকর রাষ্ট্রীয় কৌশল।

লেখক : এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড থটস (কাস্ট); সাবেক অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%