ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঝিনাইদহ কৃষি অধিদপ্তরের ৩৩২ পদের মধ্যে ১০০টি শূন্য


ঝিনাইদহ কৃষি অধিদপ্তরের ৩৩২ পদের মধ্যে ১০০টি শূন্য

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে মাঠপর্যায়ে কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে ঝিনাইদহের ছয়টি উপজেলা কৃষি অফিস ও জেলা উপপরিচালকের কার্যালয়ে জনবল সংকটের সমস্যা প্রকট হয়ে উঠেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় অনুমোদিত ৩৩২টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২৩২ জন। ফলে শূন্য রয়েছে ১০০টি পদ, যা মোট পদের প্রায় ৩০ শতাংশ। জনবল সংকটের কারণে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় সেবা প্রদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করা উপসহকারী কৃষি কর্মকর্তার পদে সংকট সবচেয়ে বেশি দেখা দিয়েছে।

জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, উপসহকারী কৃষি কর্মকর্তার ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩৬ জন। শূন্য রয়েছে ৭১টি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে ২০টি, কালীগঞ্জে ১৪টি, কোটচাঁদপুরে একটি, মহেশপুরে ৯টি, শৈলকুপায় ১৯টি এবং হরিণাকুণ্ডুতে আটটি পদ ফাঁকা রয়েছে।

আরও পড়ুন: দেশেই আছে ‘ভুদুম বাঁশ’, তবে নেই বাজারে

কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। শূন্য রয়েছে সাতটি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটি পূর্ণ হলেও ঝিনাইদহ সদরে একটি পদ শূন্য রয়েছে। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের মধ্যে কর্মরত রয়েছেন চারজন। দুটি পদ শূন্য রয়েছে, যার একটি কোটচাঁদপুরে এবং অন্যটি মহেশপুরে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন নয়জন। শূন্য রয়েছে পাঁচটি পদ। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে পাঁচটি পূর্ণ হলেও কোটচাঁদপুরে একটি পদ শূন্য রয়েছে। অন্যদিকে স্প্রে মেকানিকের ছয়টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে একটি করে মোট চারটি পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় শুরু হলো ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও রয়েছে জনবল সংকট। পেশকার মেকানিকের ছয়টি পদের মধ্যে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার একটি এবং ক্যাশিয়ারের একটি পদও ফাঁকা রয়েছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান মন্তব্য করেন, ‘জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি আরো বাড়বে এবং কৃষকদের আরো দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।’

আরও পড়ুন: পীরগঞ্জের হিমাগারের থেকে দ্বিগুণ দামে আলু বিক্রি হচ্ছে খুচরা বাজারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় মহাস্থান প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


বগুড়ায় মহাস্থান প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

ঐতিহাসিক মহাস্থান প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং কৃতি শিক্ষার্থী ও গুণী সাংবাদিকদের সংবর্ধনার মাধ্যমে উদযাপন করা হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে বেলা ১১টায় মহাস্থান প্রেসক্লাব মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি মহাস্থান মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমবেত হয়।

​

পরে মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহাস্থান প্রেসক্লাবের গৌরবোজ্জ্বল ২৮ বছরের পথচলার স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকরা সাহসিকতা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের এই অগ্রণী ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

র‍্যালি ও আলোচনা সভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান হিরু।

​

অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৫ জন প্রথিতযশা সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত সাংবাদিকরা হলেন, বাংলাভিশন টিভির বগুড়া ব্যুরো চিফ আব্দুর রহিম বগরা, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চিফ মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল এবং মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার। একই অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, হারুন অর রশিদ লিটন, রফিকুল ইসলাম, রুবেল মিয়া, সাংবাদিক মইনুল ইমলকম রকেট, এনামুল হক, কিচক প্রেসক্লাবের সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কাজী সিরাজুল ইসলাম, মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিপন মিয়া, একে আজাদ, প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আছালত জামান, আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান, মাষ্টার আশরাফুল ইসলাম, স্বপ্না আক্তার মিম, মতিউর রহমান, মাস্টার সাহাব উদ্দিন, ইব্রাহিম, দেলোয়ার হোসেন। মহাস্থান প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম সাজু, তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সাধারণ ওবাইদুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুনছুর রহমান আকাশ, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আব্দুল হান্নান টগর, আজিজুল হক বিপুল, আব্দুর রহিম, শাকিকুল ইসলাম শাকিল, মেহরাজ প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণের উপকূলে শতাধিক কিমি বেড়িবাঁধ ঝুঁকিতে, ভাঙন আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


দক্ষিণের উপকূলে শতাধিক কিমি বেড়িবাঁধ ঝুঁকিতে, ভাঙন আতঙ্ক

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধের ভাঙন ও ঝুঁকি ক্রমশ বাড়ছে। কোথাও নদীর প্রবল স্রোতের কারণে বাঁধ ধসে পড়ছে, আবার কোথাও বড় বড় ফাটল দেখা দিয়েছে। তিনটি জেলায় ৪০টিরও বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।

বিশেষ করে খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রা, বাগেরহাটের শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে প্লাবিত হওয়ার আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রতিবছর বাঁধ মেরামত করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বাঁধ নির্মাণের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

খুলনার দাকোপ উপজেলার পানখালি গ্রামে গত সপ্তাহে হঠাৎ করেই নদীর প্রবল স্রোতে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙনস্থলের আশপাশে ফাটল দেখা দিয়েছে। নদীর পানি বাড়লে অথবা জোয়ারের চাপ বাড়লে নতুন করে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পানখালি ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম মন্তব্য করেন, "বাঁধ ভেঙে গেলে শুধু বসতবাড়ি নয়, তলিয়ে যাবে ফসলি জমি, মাছের ঘেরসহ জীবিকার নানা উৎস। প্রতিবছরই বাঁধ নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।"

শুধু পানখালি নয়, দাকোপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা, বটবুনিয়া ও নলডাঙ্গাসহ অন্তত ১০টি পয়েন্টে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। কোথাও নদীর পাড় ধসে বাঁধ সরু হয়ে গেছে, আবার কোথাও বাঁধের মাটিতে গভীর ফাটল তৈরি হয়েছে। এসব স্থানে দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

দাকোপের বাইরেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে পাইকগাছার দেলুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনীর বিভিন্ন এলাকায়। সব মিলিয়ে তিন জেলায় অর্ধশতাধিক পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হচ্ছে, কোথাও চলছে অস্থায়ী মেরামত। তবে এসব উদ্যোগে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা লক্ষী রানী বলেন, "নদীর পানি বাড়লেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়। বাঁধের কোথাও ফাটল দেখা দিলে কখন সেটি ভেঙে যাবে, সেই আতঙ্কে থাকতে হয়। একবার বাঁধ ভেঙে গেলে ঘরবাড়ি, জমি ও মাছের ঘের সবকিছুই পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বারবার জোড়াতালি না দিয়ে স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণ চান তারা।"

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নজরদারিতে রাখা হচ্ছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদি সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ চালানো হচ্ছে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধ ও উপকূলীয় জনপদ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা বাড়বে বলে তারা আশা করছেন।

পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার বলেন, "ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জরুরি মেরামতের পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় নদীভাঙনের আশঙ্কা বেশি, সেসব স্থানে প্রয়োজন অনুযায়ী সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।"

পানি উন্নয়ন বোর্ডের আওতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় প্রায় দুই হাজার কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এসব বাঁধের ওপর নির্ভরশীল লাখ লাখ উপকূলবাসীর জীবন-জীবিকা। তাই অস্থায়ী মেরামতের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করা এখন উপকূলীয় জনপদের অন্যতম বড় দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে প্রবাসী ওসমান হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


সোনারগাঁয়ে প্রবাসী ওসমান হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হরিহরদী গ্রামে কুয়েত প্রবাসী ওসমান হোসেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইনে প্রচারিত হওয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন শতশত নারী ও পুরুষ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হরিহরদী প্রাইমারি স্কুলের সামনে সাধারণ মানুষ এবং এলাকাবাসীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ওসমানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

এলাকাবাসীরা জানান, কিছু লোক ওসমানের মানহানি করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইনে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদ সম্পর্কে তারা বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।" তারা আরও জানান, ওসমান এবং তার ভাইরা বিদেশে অবস্থান করছেন এবং তারা কারো জমি জোরপূর্বক দখল করেননি।

বক্তারা উল্লেখ করেন, পূর্বশত্রুতার কারণে একটি স্বার্থান্বেষী মহল ওসমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর বিচার দাবি করা হয়। মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর শ্লীলতাহানির অভিযোগে মোংলা বন্দরকর্মী ইয়ার মুহাম্মদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


শিশুর শ্লীলতাহানির অভিযোগে মোংলা বন্দরকর্মী ইয়ার মুহাম্মদ গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ১৪ দিন পর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইয়ার মুহাম্মদ সুমীরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার হবিগঞ্জ থেকে এসআরবি-৯-এর সহযোগিতায় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে মোংলা থানা পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে। শিশুর বাবা গ্রেপ্তারের পর দ্রুত বিচারকাজ সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বন্দরের মাধবী আবাসিক এলাকায় অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা। ঘটনার পর কান্নাকাটি করতে করতে শিশুটি বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চিকিৎসা চলে। অবস্থার উন্নতি না হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা ইব্রাহিম মিয়া ৩০ অক্টোবর মোংলা থানায় মামলা করেন।

শিশুর বাবা মো. ইব্রাহিম মিয়া বলেন, "মেয়ের ওপর এমন নির্যাতনের ঘটনায় তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আসামি গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচারকাজ সম্পন্ন করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।"

অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর নামে আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

দীর্ঘ ১৪ দিন পর অভিযুক্ত গ্রেপ্তারের মাধ্যমে মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দ্রুত তদন্ত শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা করছে শিশুটির পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%