০৬:০২ পি.এম
বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ১৪ দিন পর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইয়ার মুহাম্মদ সুমীরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার হবিগঞ্জ থেকে এসআরবি-৯-এর সহযোগিতায় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে মোংলা থানা পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে। শিশুর বাবা গ্রেপ্তারের পর দ্রুত বিচারকাজ সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বন্দরের মাধবী আবাসিক এলাকায় অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা। ঘটনার পর কান্নাকাটি করতে করতে শিশুটি বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী: ওপেন ইউনিভার্সিটিতে নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চিকিৎসা চলে। অবস্থার উন্নতি না হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা ইব্রাহিম মিয়া ৩০ অক্টোবর মোংলা থানায় মামলা করেন।
শিশুর বাবা মো. ইব্রাহিম মিয়া বলেন, "মেয়ের ওপর এমন নির্যাতনের ঘটনায় তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আসামি গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচারকাজ সম্পন্ন করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।"
অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর নামে আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, ২২ মামলার নথি গায়েব
মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
দীর্ঘ ১৪ দিন পর অভিযুক্ত গ্রেপ্তারের মাধ্যমে মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দ্রুত তদন্ত শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা করছে শিশুটির পরিবার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন