০৬:২৪ পি.এম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের সুলভ মূল্যে চাল সরবরাহের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন।
আফরোজা খানম রিতা বলেন, গার্মেন্টস শ্রমিকেরা যাতে কম দামে চাল কিনতে পারেন, সেই উদ্দেশ্যে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকবে।
আরও পড়ুন: ওপেন ইউনিভার্সিটিতে নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সরকার এই সেতু নির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সেতুর সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা রাখার বিষয়েও সরকারের পরিকল্পনা ও উদ্যোগ রয়েছে।
কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, কৃষকেরা যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সেই বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
আরও পড়ুন: এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, ২২ মামলার নথি গায়েব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন