প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে মাঠপর্যায়ে কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে ঝিনাইদহের ছয়টি উপজেলা কৃষি অফিস ও জেলা উপপরিচালকের কার্যালয়ে জনবল সংকটের সমস্যা প্রকট হয়ে উঠেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় অনুমোদিত ৩৩২টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২৩২ জন। ফলে শূন্য রয়েছে ১০০টি পদ, যা মোট পদের প্রায় ৩০ শতাংশ। জনবল সংকটের কারণে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় সেবা প্রদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করা উপসহকারী কৃষি কর্মকর্তার পদে সংকট সবচেয়ে বেশি দেখা দিয়েছে।
জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, উপসহকারী কৃষি কর্মকর্তার ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩৬ জন। শূন্য রয়েছে ৭১টি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে ২০টি, কালীগঞ্জে ১৪টি, কোটচাঁদপুরে একটি, মহেশপুরে ৯টি, শৈলকুপায় ১৯টি এবং হরিণাকুণ্ডুতে আটটি পদ ফাঁকা রয়েছে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। শূন্য রয়েছে সাতটি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।
এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটি পূর্ণ হলেও ঝিনাইদহ সদরে একটি পদ শূন্য রয়েছে। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের মধ্যে কর্মরত রয়েছেন চারজন। দুটি পদ শূন্য রয়েছে, যার একটি কোটচাঁদপুরে এবং অন্যটি মহেশপুরে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন নয়জন। শূন্য রয়েছে পাঁচটি পদ। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।
উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে পাঁচটি পূর্ণ হলেও কোটচাঁদপুরে একটি পদ শূন্য রয়েছে। অন্যদিকে স্প্রে মেকানিকের ছয়টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে একটি করে মোট চারটি পদ শূন্য রয়েছে।
চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও রয়েছে জনবল সংকট। পেশকার মেকানিকের ছয়টি পদের মধ্যে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার একটি এবং ক্যাশিয়ারের একটি পদও ফাঁকা রয়েছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান মন্তব্য করেন, ‘জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি আরো বাড়বে এবং কৃষকদের আরো দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন