ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোনায় ৮ মাসে ৮২ জনের পানিতে ডুবে মৃত্যু


নেত্রকোনায় ৮ মাসে ৮২ জনের পানিতে ডুবে মৃত্যু

নেত্রকোনায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গত আট মাসে পানিতে ডুবে ৮২ জনের মৃত্যু ঘটেছে। জনমনে এই বিষয়টি নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে, তবে সচেতন মহলের মতামত হলো, এসব মৃত্যুরোধে সরকারি বা বেসরকারি পর্যায়ে দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এর ফলে, জেলায় পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।

নেত্রকোনা জেলা মূলত পাহাড়, নদী, নালা, হাওর, বাঁওড়, খাল ও বিল দ্বারা পরিবেষ্টিত। বাড়ির চারপাশে জলাশয় থাকার কারণে অসাবধানতাবশত প্রতিনিয়তই ঘটছে পানিতে ডুবে মৃত্যুর মতো মর্মান্তিক দুর্ঘটনা। তবুও, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরিতে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।

গত আট মাসে মারা যাওয়া ৮২ জনের মধ্যে প্রায় ৯৫ শতাংশই শিশু। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মৃত শিশুদের বেশির ভাগের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে।

আরও পড়ুন: শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও ভবিষ্যতে ভালো কিছু করবে সেই প্রতিশ্রুতি দিয়ে পুরস্কার দেন জেলা প্রশাসক

জানা যায়, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা জরুরি। পাশাপাশি প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানকে সাঁতার শেখানো। সাধারণত ছয়-সাত বছর বয়সের পর অভিভাবকেরা সন্তানকে সাঁতার শেখানোর চেষ্টা করেন। কিন্তু পানিতে ডুবে যে শিশুরা মারা যাচ্ছে, তাদের বড় অংশই এক থেকে পাঁচ বছর বয়সী।

নেত্রকোনার ১০ উপজেলার বেশির ভাগ গ্রামের বাড়ির উঠান পার হলেই পুকুর, ডোবা, নদী, নালা, খাল, বিল কিংবা হাওর চোখে পড়ে। অধিকাংশ দুর্ঘটনা ঘটে যখন দেখা যায়, বাবা কৃষিকাজে এবং মা রান্নাবান্না বা গৃহস্থালি কাজে ব্যস্ত। মাঝে মাঝে এনজিওসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শিশুদের সাঁতার শেখানোর প্রকল্পের কথা শোনা গেলেও বাস্তবে মাঠে তাদের কার্যকর কোনো ভূমিকা দেখা যায় না। স্থানীয়দের অভিযোগ, কেবল কাগজে-কলমে সাঁতার শেখানোর নাম করে প্রকল্পের অর্থ অপচয় বা তছরুপ করা হয়।

জেলা পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, আট মাসে জেলায় পানিতে ডুবে ৮২ জন মারা গেছে। এর মধ্যে বর্ষা মৌসুমে অর্থাৎ জুন মাসে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১০টি উপজেলার মধ্যে কলমাকান্দায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

পুলিশের দেওয়া মাসভিত্তিক হিসাবে দেখা যায়- ২০২৬ সালের জানুয়ারিতে ৩ জন, ফেব্রুয়ারিতে শূন্য, মার্চে ৪, এপ্রিলে ৬, মে-তে ১৫, জুনে ২৭, জুলাইয়ে ৯ এবং আগস্টে ১৮ জন পানিতে ডুবে মারা গেছে।

আরও পড়ুন: শেরপুরে কবরের যায়গা না পেয়ে নিজের থাকার ঘরে দাফন করা হয় করিম মিয়ার

নেত্রকোনা জনউদ্যোগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, নেত্রকোনা জেলা নদী-নালা ও হাওরবেষ্টিত হওয়ায় বর্ষাকালে চারপাশে পানি থৈ থৈ করে। গ্রামে শিশুদের দেখভালের জন্য আলাদা কোনো সদস্য থাকেন না। ফলে মাকেই সন্তান সামলানোর পাশাপাশি সংসারের সব কাজ করতে হয়। বাবারা জীবিকার তাগিদে বাইরে থাকেন, আর মায়েরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশুরা খেলাধুলা করতে গিয়ে অলক্ষে পানিতে পড়ে যায়। এটি রোধ করতে গ্রামে বেশি বেশি সচেতনতামূলক কার্যক্রম চালানো, শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা এবং পুকুর-ডোবার চারপাশে বাঁশের নেট বা খুঁটি দিয়ে ঘেরা দেওয়া প্রয়োজন।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ইনকিলাবকে জানান, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে প্রতিটি উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ নিয়ে জেলা পর্যায়ে মতবিনিময় সভা করা হয়েছে এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভা ডেকে সচেতনতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের সাঁতার শেখাতে স্থানীয় পুকুরগুলোকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ৪ সদস্যও অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ৪ সদস্যও অন্তর্ভুক্ত

কুমিল্লার ১৮টি থানায় আবারও একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় চার সদস্য রয়েছে। তাদের মধ্যে একজন আনিসুর রহমান ওরফে আনিক (১৯), যিনি এই গ্যাংয়ের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে একযোগে ১৮টি থানায় অভিযান পরিচালনা করা হয়েছে। কুমিল্লা মহানগরসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। এ সময় ২৫৪ জনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, রাতে কিশোর গ্যাংবিরোধী এই অভিযানে কোতোয়ালি থানা এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। নগরের যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা জমে এবং তারা অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করে, সেসব এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশের দাবি, আটককৃতদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি জড়িত। আটক চারজনের একজন আনিসুর রহমান ওরফে আনিক (১৯)। তিনি নগরের ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশের ছেলে। আনিক রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগ্নে। বর্তমানে রতন আত্মগোপনে থাকায় আনিকই গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। তিনি ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে রয়েছেন। বাকি তিনজনও এই গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জিতে মেসিকে জড়িয়ে ইয়ামালের কৃতজ্ঞতা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


বিশ্বকাপ জিতে মেসিকে জড়িয়ে ইয়ামালের কৃতজ্ঞতা প্রকাশ

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করার পর লিওনেল মেসিকে জড়িয়ে ধরে তাঁর ফুটবলে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন ইয়ামাল। স্প্যানিশ তারকা এতদিন শৈশবে মেসির কোলে থাকা ভাইরাল ছবিটি আড়ালে রাখতে চেয়েছিলেন।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর লামিনে ইয়ামাল মেসিকে জড়িয়ে ধরেছিলেন। দুই মাসেরও বেশি সময় পর, স্পেনের ১৯ বছর বয়সী এই তারকা সেই মুহূর্তের অর্থ জানালেন।

ম্যাচ শেষে ইয়ামাল মেসির কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরে কিছু কথা বলেন। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মূলত ফুটবলের জন্য মেসির অবদানের জন্য ধন্যবাদ জানাতে গিয়েছিলেন।

ইয়ামাল বলেন, ‘ফুটবলের জন্য তুমি যা করেছ, তার জন্য অনেক ধন্যবাদ।’ তিনি জানান, মেসিকে সবসময়ই সেরা মনে করেন। এমনকি, মেসি বিশ্বকাপ বা কোপা আমেরিকা জেতার আগেও তাঁর কাছে আর্জেন্টাইন কিংবদন্তিই ছিলেন সেরা।

তিনি আরও জানান, মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি। মেসিকে দেখে তাঁর ভেতর থেকে কৃতজ্ঞতা প্রকাশের ইচ্ছা তৈরি হয়েছিল।

দুজনের সেই আলিঙ্গনের ছবি এখন ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ছবিতে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ২০০৭ সালের আরেকটি বিখ্যাত ছবি—যেখানে মাত্র কয়েক মাস বয়সী ইয়ামালকে গোসল করাচ্ছেন তরুণ মেসি। ইউনিসেফের একটি ফটোশুটের অংশ হিসেবে তোলা সেই ছবিটি পরে অনেকের কাছে এআই-নির্মিত মনে হয়েছিল। তবে ছবিটি পুরোপুরি বাস্তব।

বার্সেলোনায় মেসির উত্তরসূরি হিসেবে ইয়ামালের উত্থানের সঙ্গে ছবিটি নতুন করে আলোচনায় আসে। তবে এতদিন ছবিটি প্রকাশ্যে না আসার পেছনে ইয়ামালের নিজস্ব ভূমিকা ছিল। তিনি জানান, বাবাকে ছবিটি প্রকাশ না করতে বলেছিলেন। একবার বাবা ফেসবুকে ছবিটি পোস্ট করলেও ইয়ামাল সেটি সরিয়ে নিতে বলেছিলেন।

ইয়ামাল পরিষ্কার করেছেন, মেসির সঙ্গে তাঁর তুলনাই যেন সব আলোচনার কেন্দ্রে না আসে, সেটি তিনি চাননি। তাঁর ভাষায়, ‘আমি মেসি হতে চাইনি। আমি লামিনে হতে চেয়েছি।’ নিজের পরিচয়ে জায়গা তৈরি করার পর ছবিটি প্রকাশ করার জন্য বাবাকে অপেক্ষা করতে বলেছিলেন তিনি।

শেষ পর্যন্ত ছবিটি প্রকাশ্যে আসে। ততদিনে ইয়ামাল নিজেই বিশ্বমানের ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত। বার্সেলোনায় মেসির ১০ নম্বর জার্সিও তাঁর গায়ে উঠেছে। এখন ইয়ামালও স্বীকার করেন, ছোটবেলায় মেসির সঙ্গে তোলা সেই ছবি এবং বিশ্বকাপ ফাইনালের পর দুজনের আলিঙ্গনের ছবি পাশাপাশি দেখতে দারুণ লাগে।

২০২৬ বিশ্বকাপ ফাইনাল ছিল মেসি ও ইয়ামালের একই মাঠে মুখোমুখি হওয়ার প্রথম এবং সম্ভবত একমাত্র ঘটনা। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বর্তমান প্রজন্মের কিংবদন্তি ও পরবর্তী প্রজন্মের অন্যতম আলোচিত তারকা মুখোমুখি হয়েছিল।

তবে ইয়ামালের মতে, ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলের আগে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। অতিরিক্ত সময়ের আগে এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখায় আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। ইয়ামালের ভাষায়, তখন আর্জেন্টিনার গোল করার সুযোগ প্রায় ছিলই না, আর বল নিজেদের দখলে রেখে স্পেনের গোল না করাটা কঠিন হয়ে যায়।

দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে আধিপত্য বিস্তার করা মেসির শেষ অফিসিয়াল আন্তর্জাতিক পরাজয়ও এল স্পেনের কাছে—এবং এমন এক খেলোয়াড়ের বিপক্ষে, যাঁকে অনেকেই ভবিষ্যতে তাঁর উত্তরসূরি হিসেবে দেখছেন।

একদিকে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে বড় তারকার অধ্যায়ের শেষ প্রান্ত, অন্যদিকে একই ক্লাবের নতুন প্রজন্মের তারকার উত্থান। আর সেই দুই সময়কে যেন এক ফ্রেমে বেঁধে দিয়েছে বিশ্বকাপ ফাইনালের পর মেসি-ইয়ামালের সেই আলিঙ্গন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ শাহরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ শাহরিয়ার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার, যিনি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছিলেন, তিনি আর নেই।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১.৩০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

পরিবারের সূত্রে জানা গেছে, মৃত্যুর পূর্বে তিনি রাজধানীর মাদানি এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন ধরে জীবন-মৃত্যুর সাথে লড়াই করছিলেন। তবে আইসিইউতে লাইফ সাপোর্ট থাকার সময় চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ তিনি জীবনের মায়া ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি মস্তিষ্কের হাইপোথ্যালমাসে প্রচন্ড আঘাত পেয়েছিলেন এবং বাম দিক থেকে রক্তক্ষরণ হচ্ছিল। নিউরো সার্জনরা জানান, তার ব্রেনের অর্ধেক অংশ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছিল। মস্তিষ্কের ঐ অংশে কোনো নিউরন কার্যকর ছিল না এবং কোষগুলো পুনরুদ্ধার করাও সম্ভব নয়।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টা নাগাদ রাজশাহীর বিনোদপুর বাজারে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মস্তিষ্কে গুরুতর আঘাত পান। প্রত্যক্ষদর্শীদের মতে, রাফিদ যখন মোটরসাইকেল চালাচ্ছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইক হঠাৎ ইউ-টার্ন নেয়। ঘটনার আকস্মিকতায় তিনি নিয়ন্ত্রণ হারান এবং বাইক থেকে ছিটকে পড়েন। এতে তাঁর মাথা সরাসরি সড়কের ডিভাইডারে প্রচণ্ড আঘাত পায়।

দুর্ঘটনার পরপরই সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রথমে জরুরি বিভাগের ৮নং ওয়ার্ডে এবং পরে অপারেশন থিয়েটারে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ কেন্দ্রে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা প্রাথমিকভাবে জানান, আঘাতের তীব্রতায় তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে এবং এতে তিনি গভীর কোমায় চলে গেছেন। পরদিন (২৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তর পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। তখন তারা রাফিদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতির কথা জানতে পারেন এবং রাজশাহী মেডিকেলের চিকিৎসকেরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। এই পরিস্থিতিতে রুয়েট প্রশাসনের উদ্যোগে ঐদিন সকালে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স বুকিং দেওয়া হয়। দুপুর সোয়া ১টার দিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রাফিদকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

এদিকে রাফিদের চিকিৎসায় রুয়েট প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সরাসরি ও অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সমস্ত চেষ্টা ও সহপাঠী-পরিবারের প্রার্থনাকে বিফল করে দিয়ে আজ আইসিইউতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাফিদ শাহরিয়ার রুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন (আইডি: ২১০৩০৯৫)। তিনি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা ছিলেন।

তার এই অকাল ও মর্মান্তিক প্রয়াণে রুয়েট ক্যাম্পাস জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে বিষাদের আবহ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ট্রাকচাপায় যুবক মেহেদী হাসান সবুজ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


সাতক্ষীরায় ট্রাকচাপায় যুবক মেহেদী হাসান সবুজ নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের উপরে পণ্যবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন মেহেদী হাসান সবুজ (৩০) নামের এক যুবক, যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে।

নিহত মেহেদী হাসান সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের পুত্র। তিনি একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার রাতে অফিসিয়াল কাজ শেষে কুমিরা এলাকা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের দিকে ফিরছিলেন মেহেদী হাসান। পাটকেলঘাটা ওভারব্রিজের উপরে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হন, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%