০২:২৪ পি.এম
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং চরম প্রতিকূলতার মাঝে ফিলিস্তিনের গাজার বাসিন্দারা পবিত্র কোরআন হিফজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা প্রদান করেছে।
সম্প্রতি গাজা নগরীতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাদের সম্মাননাপত্র এবং স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় করেছে, আলজেরিয়ার দাতব্য সংস্থা আল-বারাকা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায়। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা আল-রায়ের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানের পূর্বে গাজার বিভিন্ন বয়সের হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে একটি কোরআন পদযাত্রা অনুষ্ঠিত হয়। তারা হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। যুদ্ধের ক্ষতচিহ্ন এবং ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাদের এই পদযাত্রা ছিল ধর্মীয় শিক্ষা ও কোরআনচর্চার অব্যাহত রাখার এক দৃশ্যমান বার্তা।
আরও পড়ুন: নিরাপত্তার স্বার্থে বেইজিংয়ে ড্রোনের মালিকানা ও সংরক্ষণ নিষিদ্ধ
পদযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম অনুষ্ঠানে বলেন, "এক হাজার হাফেজ-হাফেজাকে সম্মাননা দেওয়ার আয়োজনটি শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী নয়; এটি ধৈর্য, অধ্যবসায় এবং ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্যাপন।" তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনে কোরআন শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম চলমান থাকার প্রমাণ এই অর্জন।
হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, কোরআন মুখস্থ করাই যেন তাদের পথচলার শেষ না হয়; বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা। কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সন্তানদের কোরআনচর্চা অব্যাহত রাখতে অভিভাবকদের যত্নবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা বলেন, "যুদ্ধ, ধ্বংসযজ্ঞ এবং বাস্তুচ্যুতির মধ্যেও গাজার মানুষের কোরআন হিফজের ধারাবাহিকতা ধরে রাখার দৃঢ়তা প্রশংসনীয়।" তিনি মন্ত্রণালয় ও সংস্থাটির যৌথ সহযোগিতায় এই আয়োজন সম্ভব হয়েছে উল্লেখ করে গাজায় কোরআন হিফজের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান।
আরও পড়ুন: মালয়েশিয়ার রাজনীতিতে পাকাতান হারাপান চাপে, বাড়ছে মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন
হাফেজ-হাফেজাদের পক্ষে বক্তব্য দেন গাজা উপত্যকায় প্রথম স্থান অর্জনকারী হাফেজা হিবা আল-হিমস। তিনি বলেন, "কোরআনের বাহকদের সম্মাননা দেওয়া কেবল পুরস্কার বা উপাধি অর্জনের বিষয় নয়; বরং এটি সেই মানুষদের প্রতি শ্রদ্ধা, যারা আল্লাহর কিতাবকে জীবনের সঙ্গী ও পথচলার আলো হিসেবে গ্রহণ করেছেন।"
তিনি আরো বলেন, কোরআন হিফজ শেষ গন্তব্য নয়; বরং নতুন অঙ্গীকার ও দায়িত্বের সূচনা। এর আয়াতের অর্থ বোঝা, বিধান অনুসরণ করা এবং শিক্ষার আলোকে নিজেদের চরিত্র গঠন করা জরুরি।
এ বছরের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণদের এই দলটির নামকরণ করা হয়েছে প্রয়াত ঈসা আল-সায়েহের নামে। তিনি আলজেরিয়ার বুইরা প্রদেশে আল-বারাকা অ্যাসোসিয়েশনের আঞ্চলিক শাখার সাবেক প্রধান ছিলেন। কোরআনের সেবা ও জনকল্যাণমূলক কাজে তার অবদানের স্মরণে এই নামকরণ করা হয়।
অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আল-বারাকা অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে
গাজার এই আয়োজন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুদ্ধের পাশাপাশি বাস্তুচ্যুতি ও অবকাঠামোগত বিপর্যয়ে বিপর্যস্ত উপত্যকাটির শিক্ষা ও সামাজিক জীবন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা ওসিএইচএর প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শুরুতে ভারী বৃষ্টিতে গাজার শতাধিক অস্থায়ী শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক হাজার শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। সংস্থাটির হিসাবে, বৃষ্টিতে ৪০ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।
এমন বাস্তবতায় এক হাজার হাফেজ-হাফেজার সংবর্ধনা শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয়; বরং ধ্বংসস্তূপের মধ্যেও শিক্ষা, বিশ্বাস এবং সামাজিক ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টার প্রতিচ্ছবি।
সূত্র: আল-রায়, আলজাজিরা ও আল-শারক
আরও পড়ুন: বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন