০৭:৫১ পি.এম
সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : সরকার নারী, কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়ায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, এর মধ্যে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ প্যারা-স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে।
আরও পড়ুন: রিজভী: হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়ে দেশে ফিরবেন কিনা প্রশ্ন উঠেছে
তিনি বলেন, ক্রীড়া কর্মসূচির প্রথম পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ প্রায় ১ লাখ ৬৮ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যার মধ্যে কিশোরী ছিল প্রায় ৪৯ হাজার।
দ্বিতীয় পর্যায়ে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে অনলাইনে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে প্রায় ৭ লাখ কিশোরী রয়েছে।
নারী প্রতিযোগীদের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং খেলাধুলায় তাদের ধারাবাহিক অংশগ্রহণে উৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়ায় অংশগ্রহণের সুযোগ প্রসঙ্গে আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার জন্য একটি প্যারা-স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খান
তিনি আরও জানান, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে বিভাগীয় ও জেলা শহরগুলোতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে।
বিরোধী দলের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের (পটুয়াখালী-২) অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিগত সরকারের সময়ে নেওয়া মিনি স্টেডিয়াম প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ঘাটতির কথা স্বীকার করেন।
তিনি বলেন, বর্তমান সরকার প্যাভিলিয়ন, গ্যালারি এবং প্রেস বক্সসহ যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করে উপজেলা পর্যায়ে স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রায় ২০০টি উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি স্টেডিয়ামের জন্য প্রায় তিন একর জমির প্রয়োজন। এসব স্টেডিয়াম নির্মাণে সরকারের খাসজমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: ফজলুর রহমান: সরকারি অফিস-আদালত দলীয়করণের অভিযোগ
বিগত সরকারের সময়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন