১২:৫১ পি.এম
দিনাজপুরের হিলিতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজের আট দিন অতিক্রম হলেও দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার বিজলীর সন্ধান এখনও মেলেনি। গত ২৬ অক্টোবর সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা।
পরিবারের সূত্রে জানা যায়, হিলির চন্ডিপুর এলাকার বাসিন্দা সামিয়া আক্তার বিজলী প্রতিদিনের মতো ২৬ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। কিন্তু নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
সামিয়ার নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। তারা জানিয়েছেন, কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশাল নগরীতে ডিবি পুলিশের আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান
হাকিমপুর থানার ওসি বাদশা আলম বলেন, ‘সামিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন