১১:১৩ পি.এম
ঝালকাঠিতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা এবং নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন।
সভায় জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন জেলার কৃষি উৎপাদন সচল রাখতে এবং কৃষকদের অধিকার রক্ষায় জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। নবনিয়োগপ্রাপ্ত ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, কৃষকরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট মানসম্মত সার ও বীজ প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সার বিতরণ ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; এখানে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণে কোনো ছাড় দেওয়া হবে না। সারের সরবরাহ ও মজুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: চসিক প্রশাসক
সভায় জেলার সামগ্রিক কৃষি উপকরণ সরবরাহ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের উপস্থিতিতে নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন