ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার কাজ করছে : রেল প্রতিমন্ত্রী


যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার কাজ করছে : রেল প্রতিমন্ত্রী

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মন্তব্য করেছেন, "শিক্ষা মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের মূল উপাদান।" এই মহান আদর্শকে সামনে রেখে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, শিক্ষায় বিনিয়োগ কোনো ব্যয় বা অপচয় নয়, বরং এই বিনিয়োগই ভবিষ্যতের ভিত্তি।

বুধবার রাজধানীর গোড়ান-খিলগাঁও এলাকার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন রুবেল সভাপতিত্ব করেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, "আজ তোমাদের যে সম্মাননা দেওয়া হচ্ছে, তা শুধু একটি পুরস্কার নয়।" তিনি বলেন, এটি তোমাদের পরিশ্রম, মেধা ও প্রজ্ঞার স্বীকৃতি, যা তোমাদের ভবিষ্যতের প্রস্তুতি।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তিনি আরও বলেন, "মেধাবী হলেই চলবে না, শুধু ভালো ফলাফল করাটাই জীবনের চূড়ান্ত সাফল্য নয়।" তিনি উল্লেখ করেন, মেধা মানুষকে এগিয়ে দেয় কিন্তু সততা, মানবিকতা, নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "জীবনে সফল হতে হলে প্রথমেই লক্ষ্য নির্ধারণ করতে হবে।" এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল ছাড়া যাবে না।

বর্তমান সরকারের শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বাজেটে মোট জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ক্রমান্বয়ে ৫ শতাংশে বৃদ্ধি করা হবে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষ জনগোষ্ঠী বিনির্মাণে দেশে ১০ হাজার ৩৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৬৮০টি মাল্টিমিডিয়া ক্লাসরুমের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব বিতরণ এবং ১৯ হাজার মাধ্যমিক স্কুলছাত্রীর মধ্যে পিঙ্ক কালারের সাইকেল বিতরণ বিবেচনাধীন রয়েছে। আগামী বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল বা দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

শিক্ষকদের বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। জাতির বিবেক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সমাজকে সম্মানিত এবং তাদের অবদানকে স্মরণীয় করা। তিনি জানান, তাদের স্বীকৃতি দিতে এবং ভালো কাজে উৎসাহিত করতে ইতোমধ্যে ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে সম্মাননা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে চেঙ্গী স্কয়ার থেকে র‍্যালিটি শুরু হয়ে শহীদ জিয়া ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পৌর টাউন হল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, মহিলা দলনেত্রী মরিয়ম আক্তার, আকলিমা বেগম এবং জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা সিরাজ সীমা।

বক্তারা উল্লেখ করেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তারা আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা জারি

শিক্ষক-কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্ত করার নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।

 

চিঠিটি বিভাগের আওতাধীন সকল দপ্তর ও সংস্থায় প্রেরিত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর অধীনস্থ সকল দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করা আবশ্যক।

এ বিষয়ে পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান শিক্ষা মন্ত্রণালয়ে একটি আধাসরকারি চিঠি (ডিও লেটার) পাঠিয়েছিলেন।

প্রতিমন্ত্রীর পাঠানো চিঠির উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এই নির্দেশনার ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রীর পাঠানো চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে সহায়তা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে সহায়তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম প্রদান করা হয়েছে।

 

জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা জোরদার করতে এই সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

 

ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম (ওএইচএএসআইএস) প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়েছে। এতে ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগসহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে এবং কোস্ট গার্ড সদস্যদের সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিনও অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এ বিষয়ে মন্তব্য করে বলেন, "এই সহায়তার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরো শক্তিশালী হবে।"

এই উদ্যোগটি বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।

 

এছাড়া, এটি দুই দেশের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে সক্ষম অংশীদারদের শক্তিশালী করতেও সাহায্য করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মাঠ প্রশাসনকে অধিকতর জনবান্ধব, স্বচ্ছ, দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সরকার বিদ্যমান নীতি ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ করেছে।’

আজ বুধবার বিকেলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মো. নূরুল ইসলাম প্রশ্ন রাখেন, মাঠ প্রশাসনকে আরও বেশি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারের বিদ্যমান নীতিমালার কোনো সংস্কার বা আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা?

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে বর্তমানে সেবা সহজীকরণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কর্মসম্পাদন পরিবীক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, পরিদর্শন ও তদারকি, গণশুনানি কার্যক্রম, তথ্য অধিকার আইন বাস্তবায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘এরই অংশ হিসেবে ২০২৬ সালে সেবা সহজীকরণ নির্দেশিকা ২০২৬ এবং সরকারি দপ্তরের ওয়েবসাইট নির্দেশিকা, ২০২৬ এবং জেলা প্রশাসকদের কার্যক্রম মূল্যায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।’

এছাড়াও, ডি-নথি, আইবাস, ই-নামজারি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, ই-জিপি, অনলাইন জিডি, ই-রিটার্ন, ই-পর্চা, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং হেল্পলাইন নাম্বার ৯৯৯, ৩৩৩-সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এছাড়া সরকারি কর্মসম্পাদনের অধিকতর কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য গর্ভমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস) চালু করা হয়েছে এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।’

মাঠ প্রশাসনের কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে প্রতিমাসে মন্ত্রিপরিষদ বিভাগের এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সঙ্গে অনলাইনে সভা অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে মাঠ প্রশাসনকে আরও জনবান্ধব ও নাগরিককেন্দ্রিক করার লক্ষ্যে সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজীকরণ, প্রযুক্তিনির্ভরতা বৃদ্ধি, কার্যক্রমের স্বচ্ছতা ও তথ্যপ্রকাশ, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং কর্মসম্পাদনের ফলাফলভিত্তিক পরিবীক্ষণ জোরদার করার মাধ্যমে বিদ্যমান নীতি ও ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন অব্যাহত থাকবে।’

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিলো প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%