০৫:২৭ পি.এম
ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবির জন্য অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচিতে হামলা, গ্রেফতার, টিয়ারশেল নিক্ষেপ এবং বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ লেবার পার্টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া বেতন-বোনাস, অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, বেতন-ভাতা, ওভারটাইম এবং নাইট বিল পরিশোধ।
রোববার একটি বিবৃতিতে দলের মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার এই নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, "লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির দফায় দফায় মূল্যবৃদ্ধিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।" তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিকরা বকেয়া বেতন-বোনাস ও অন্যান্য ভাতা চাইতে গিয়ে হামলা, নির্যাতন ও গ্রেফতারের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, "শ্রমিকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পুলিশি দমন-পীড়ন কিংবা মালিকপক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিক অসন্তোষ দমন করা যাবে না।" শ্রমিকদের জীবিকা, মর্যাদা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং শিল্প খাতে অস্থিরতা বাড়াবে।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত
বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস এবং সব পাওনা পরিশোধ, অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিকার, নিয়ম বহির্ভূতভাবে কারখানার লে-অফ ঘোষণা, আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত এবং আটক শ্রমিকদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে তিনি শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন