ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৭ সালের হজে অংশ নিতে ৭০২ এজেন্সির অনুমতি


২০২৭ সালের হজে অংশ নিতে ৭০২ এজেন্সির অনুমতি

আগামী বছর (২০২৭ সাল) হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সরকার এ পর্যন্ত মোট ৭০২টি এজেন্সিকে অনুমতি প্রদান করেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে যোগ্য ২২টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে। এর আগে ছয় দফায় ৬৮০টি এজেন্সিকে অনুমতি দেওয়া হয়েছিল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরব বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে। হজের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ থাকবে না।

যেসব শর্তে অনুমতি

আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত তালিকার কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন (প্রাক-নিবন্ধন নয়) না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

হজযাত্রী নিবন্ধনের পূর্বে যোগ্য তালিকাভুক্ত এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে গ্রুপ (অ্যালায়েন্স) গঠন করতে হবে। সৌদি সরকারের নির্ধারিত এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা পূরণ করতে পারলে সেই এজেন্সি বা লিড এজেন্সি সৌদি আরবে হজযাত্রী পাঠানোর সুযোগ পাবে।

এজেন্সিগুলোকে ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ নির্ধারণ করে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই প্যাকেজটি হজযাত্রী ও এজেন্সির মধ্যে চুক্তিপত্র হিসেবে বিবেচিত হবে। প্যাকেজে সৌদি আরবে প্রদেয় সেবা, অবস্থানকাল, হোটেলের দূরত্ব এবং প্যাকেজের মূল্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।

প্রত্যেক এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। অর্থাৎ একজন গাইডের জন্য নির্ধারিত সমসংখ্যক হজযাত্রী হলে এজেন্সিটি সমন্বয়ে অংশ নিতে পারবে। অন্যথায় লিড এজেন্সির আওতাধীন অন্য কোনো এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের (ট্রান্সফার) মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: আজ লক্ষ্মীপূজা, দেবী লক্ষ্মীর আরাধনা করবেন হিন্দুরা

প্রতি ৪৪ হজযাত্রীর জন্য আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞানসম্পন্ন এবং হজ পরিচালনায় অভিজ্ঞ একজন হজ গাইড নিয়োগ দিতে হবে। ই-হজ সিস্টেমে গাইড যুক্ত করার সময় তার পাসপোর্টের তথ্য ও হজের অভিজ্ঞতার তথ্য দিতে হবে।

অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়া যাবে না। যদি কোনো এজেন্সি এমন উদ্যোগ নেয়, তবে তাদের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে কোনো এজেন্সি হালনাগাদ তথ্যসহ আবেদন করলে যাচাই-বাছাই শেষে তাদের নাম পরবর্তী যোগ্য তালিকায় প্রকাশ করা হবে। যোগ্যতালিকা প্রকাশের পর কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হলে, কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সেই এজেন্সির নাম তালিকা থেকে বাতিল হবে।

এজেন্সিগুলোকে জুন ২০২৭ পর্যন্ত লাইসেন্স নবায়নের শর্তে যোগ্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন করতে হবে।

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

এছাড়া প্রতিটি এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং আয়কর সনদ জমা দিয়ে ঢাকা হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।

যোগ্য তালিকাভুক্ত এজেন্সি ছাড়া অন্য সব এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হবে বলে শর্তে উল্লেখ করা হয়েছে।

হজ এজেন্সির লিড নির্ধারণে ১২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন

হজ ২০২৭ মৌসুমে যোগ্য তালিকাভুক্ত হজ এজেন্সিগুলোকে গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে লিড এজেন্সি নির্ধারণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার মধ্যে লিডে অন্তর্ভুক্তির আবেদন ও লিড এজেন্সির সম্মতিপত্র পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-কুমিল্লা ৯০ কিমি. রেলপথ নির্মাণে ৬০ হাজার কোটি টাকা ব্যয়

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে যোগ্য হজ এজেন্সিগুলোর স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদারদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, হজ ২০২৭ মৌসুমের জন্য এ পর্যন্ত ৭০২টি এজেন্সি যোগ্য তালিকাভুক্ত হয়েছে। নির্দেশনা অনুযায়ী হজ এজেন্সিগুলো গ্রুপ (অ্যালায়েন্স) গঠন করে লিড এজেন্সি নির্ধারণ করেছে।

আরও বলা হয়, ১০ সেপ্টেম্বর প্রকাশিত সপ্তম যোগ্য তালিকাভুক্ত এজেন্সিসহ এর আগে লিডে অন্তর্ভুক্ত হয়নি এমন সব এজেন্সির দ্রুত লিড নির্ধারণ করা জরুরি।

এ অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার মধ্যে এজেন্সির লিডে অন্তর্ভুক্তির আবেদন এবং লিড এজেন্সির সম্মতিপত্র ০১৯৩৯০৮৩৫০৯ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় তাহসিনের আত্মহত্যা, বিচ্ছেদের ৬ দিন পর গলায় ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


হোমনায় তাহসিনের আত্মহত্যা, বিচ্ছেদের ৬ দিন পর গলায় ফাঁস

কুমিল্লার হোমনায় তাহসিন আহম্মেদ (২২) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীমদ্দী পশ্চিমপাড়ার নানার বাড়িতে এই ঘটনা ঘটে। তাহসিন হরিপুর গ্রামের প্রবাসী মাইন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তাহসিন হোমনা ডক্টরস হাসপাতালে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে লাইভে আসেন। বিষয়টি জানার পর হাসপাতালের দায়িত্বশীলরা তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। পরে একই দিন রাতে শ্রীমদ্দী পশ্চিমপাড়ায় নানার বাড়িতে তার মৃত্যু ঘটে। এ সময় তার ফেসবুক স্টোরিতে একটি আবেগঘন স্ট্যাটাসও দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি শ্রীমদ্দী গ্রামের ফাতেমা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর কোর্ট ম্যারেজের মাধ্যমে তাহসিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর কাজির মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

তাহসিনের বাবা মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি মায়ের সঙ্গে শ্রীমদ্দী পশ্চিমপাড়ায় নানার বাড়িতে বসবাস করতেন। তার নানা মৃত মোহাম্মদ সুবেদ আলী ছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর আজ শুক্রবার বিকেল ৪টায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে চরেরগাঁও সম্মিলিত কবরস্থানে তাহসিনকে দাফন করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুমরাহ ফিট, হার্শিতের বদলে দলে ঠাকুর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


বুমরাহ ফিট, হার্শিতের বদলে দলে ঠাকুর

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়ান গেমসে খেলার জন্য চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র অর্জন করেছেন।

বুমরাহকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হলেও, ভারতের টিম ম্যানেজমেন্ট চিকিৎসকদের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছিল। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় সফলতার মাধ্যমে তিনি খেলার অনুমতি পেয়েছেন।

চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে আঘাত পান হার্ষিত। তবুও, তাকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়েছিল। তবে, হার্ষিতের জন্যও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত ছিল।

কিন্তু পুনর্বাসনের সময় নতুন করে চোট পাওয়ার কারণে হার্ষিত আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমস থেকে বাদ পড়েন। তার পরিবর্তে ভারতীয় দলে পেসার ইয়াশ ঠাকুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে।

ভারত-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লিতে।

সিরিজটির অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।

এরপর, এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ভারতীয় দল জাপানের উদ্দেশে উড়াল দেবে।

আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের ভারতীয় দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং, ইয়াশ ঠাকুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের তীব্র কটাক্ষ, মার্কিন সামরিক নির্ভরতায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


ইরানের তীব্র কটাক্ষ, মার্কিন সামরিক নির্ভরতায় সৌদি আরব

ইরান দেশটি সউদী আরবের মার্কিন সামরিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতার জন্য তীব্র সমালোচনা করেছে। ইরান-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মজিদরেজা হারিির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে এই সমালোচনা উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) হারিি একটি পোস্টে উল্লেখ করেন, "যথাযথ মাথাপিছু আয় মাত্র ৮০০ ডলারের দেশ ইয়েমেন গত ৬০ বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তথাকথিত 'আপেল' বা সবচেয়ে প্রভাবশালী হওয়ার দাবিদার সউদী আরব নিরাপত্তার জন্য অন্যদের ওপর নির্ভরশীল।"

তিনি আরও বলেন যে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের (Axios) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অগ্রগতি ঠেকাতে মার্কিন হস্তক্ষেপ চেয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দু'বার ফোন করেছিলেন। কিন্তু ট্রাম্পের কাছ থেকে তারা কাঙ্ক্ষিত সহায়তা পাননি। ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং ওয়াশিংটন এই সংঘাতে নতুন করে জড়াবে না বলে জানিয়ে দেয়।

ইরানি কর্মকর্তার মতে, এই ঘটনাটি প্রমাণ করে যে পরাশক্তির ওপর নির্ভরশীল হয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি উন্নয়ন কর হয়রানি নিরসনে ভূমি মন্ত্রণালয়ের ৬ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


ভূমি উন্নয়ন কর হয়রানি নিরসনে ভূমি মন্ত্রণালয়ের ৬ নির্দেশনা

ভূমি উন্নয়ন কর পরিশোধের জটিলতা ও হয়রানি নিরসনে ভূমি মন্ত্রণালয় একটি গুচ্ছ নির্দেশনা প্রদান করেছে। যৌথ মালিকানাধীন খতিয়ানের ক্ষেত্রে এই নির্দেশনাগুলো কার্যকর হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়।

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সই করা ওই পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে যৌথ মালিকানার খতিয়ানের ক্ষেত্রে সম্পূর্ণ ভূমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। এর ফলে খতিয়ানের এক বা একাধিক মালিকের জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ নেই।

এ ক্ষেত্রে ‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩’ এর ৬(৩) ধারা অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে বা অন্য কোনোভাবে মালিকানা একাধিক ব্যক্তির ওপর বর্তালে এবং তারা জমা-খারিজ না করিয়ে থাকলে, ওই ভূমি একই খতিয়ানভুক্ত গণ্য করে তার ভূমি উন্নয়ন কর নির্ধারণ করতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, এই বিধানের কারণে সব মালিক যদি ভূমি উন্নয়ন কর পরিশোধে আগ্রহী না হন, তবে খতিয়ানের অন্তর্ভুক্ত এক বা একাধিক মালিক হিস্যা অনুযায়ী তাদের মালিকানাধীন জমির ভূমি উন্নয়ন কর পৃথকভাবে পরিশোধ করতে পারবেন না। একইসাথে, যৌথ খতিয়ানের সম্পূর্ণ ভূমির উন্নয়ন কর পরিশোধ করা কঠিন এবং তা যৌক্তিকও নয়।

ফলে, যৌথ মালিকানার খতিয়ানের একজন মালিক তার মালিকানাধীন অংশ হস্তান্তরের ক্ষেত্রে বা অন্য কোনো প্রয়োজনে ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না এবং হয়রানির শিকার হচ্ছেন। এই জটিলতা ও হয়রানি নিরসনে পরিপত্রে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১) অনিবার্য কারণে যৌথ মালিকানার খতিয়ানের সম্পূর্ণ ভূমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে প্রদান সম্ভব না হলে, ভূমি উন্নয়ন কর প্রদান বা দাখিলা ছাড়াই রেজিস্টার্ড বণ্টননামা দলিল বা আদালতের মাধ্যমে বণ্টননামা সম্পাদন করা যাবে।

২) বণ্টননামার ভিত্তিতে যৌথ মালিকানার খতিয়ানের এক বা একাধিক মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধ ব্যতিরেকে একক বা পৃথক খতিয়ান সৃজনের জন্য নামজারির আবেদন করতে পারবেন।

৩) সহকারী কমিশনার (ভূমি) মালিকানার সঠিকতা যাচাইপূর্বক ভূমি উন্নয়ন কর আদায় বা দাখিলা ছাড়াই নামজারির আবেদন মঞ্জুর করতে পারবেন।

৪) নতুন সৃজিত খতিয়ানের মালিক হিস্যানুযায়ী পূর্বতন যৌথ খতিয়ানের ভূমি উন্নয়ন করের বকেয়া (প্রযোজ্য হারে) ও হালদাবি পরিশোধ করে দাখিলা গ্রহণ করবেন।

৫) যৌথ খতিয়ান থেকে বণ্টননামামূলে নামজারি করে পৃথক খতিয়ান সৃজন ব্যতীত কোনো মালিক এককভাবে তার অংশের ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না।

৬) এ লক্ষ্যে অনলাইন বা আটমেটেড ভূমিসেবা সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন বা মডিউল সংযোজন করতে হবে।

জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%