ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার


ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকির অনড় অবস্থান থেকে সরে আসার প্রস্তুতি নিয়েছে উয়েফা। বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতায় মালিকানার অংশবিশেষ বিক্রির পরিকল্পনা আর সামনে আনা হবে না, এমন নিশ্চয়তা পাওয়ার পরই তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রগুলো বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। গত জুলাইয়ে ফিফা একটি বিতর্কিত প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার পর এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। ওই প্রস্তাবটি উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের তীব্র বিরোধিতার মুখে পড়েছিল। গত মাসে পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশের পর তারা ফিফার প্রতিযোগিতা বয়কটের বিষয়ে একমত হয়েছিল।

সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার মোনাকোতে অনুষ্ঠিতব্য বৈঠকে উয়েফার কর্মকর্তারা সংস্থার নির্বাহী কমিটি এবং অধিকাংশ সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতিরা বয়কট প্রত্যাহারের শর্তগুলো নিয়ে আলোচনা করবেন। উয়েফা কেবল প্রস্তাবটি প্রত্যাহারই নয়, বরং ভবিষ্যতে এ ধরনের কোনো পরিকল্পনা আর গ্রহণ করা হবে না এমন নিশ্চয়তাও চেয়েছিল।

আরও পড়ুন: ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার

আলোচনা সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে বলেছে, এটি উয়েফার কোনো পরাজয় নয়, বরং তরুণ খেলোয়াড়দের জীবনে একবারই আসে এমন সুযোগ নষ্ট না করার বাস্তবসম্মত সিদ্ধান্ত। পরিবর্তন আনার প্রচেষ্টা ও দাবি অব্যাহত থাকবে।

বয়কটের তাৎক্ষণিক হুমকি সরে গেলেও, মালিকানা বিক্রির ওই প্রস্তাবের জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার প্রচারণা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। মোনাকোর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার আশা করা হচ্ছে।

‘দ্য অ্যাথলেটিক’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ‘ইউরোপিয়ান লিগস’-এর সভাপতি ক্লডিয়াস শেফার বলেছেন, ফিফায় ইনফান্তিনোর কোনো ভবিষ্যৎ নেই। তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় সংস্কার এবং সভাপতির দায়িত্ব পুনর্বিন্যাসের ওপর জোর দেন। ইউরোপিয়ান লিগস পুরুষ ও নারীদের ৫৩টি পেশাদার ফুটবল লিগের প্রতিনিধিত্ব করে।

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে তিনটি কনফেডারেশন উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনকাকাফচাপ চাপ প্রয়োগ করছে। আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থাগুলো ফিফা প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটের বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ইনফান্তিনো আগামী বছর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা করছেন, তবে তাকে প্রবল বিরোধিতার মুখে পড়তে হতে পারে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে সাত, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন

আফ্রিকান ও দক্ষিণ আমেরিকান কনফেডারেশনের সমর্থন ধরে রাখা ইনফান্তিনো কনফেডারেশনগুলোকে পাশ কাটিয়ে সরাসরি স্বতন্ত্র সদস্যদের কাছে আবেদন করার কৌশল নিয়েছেন। দলগুলো বর্তমানে পোল্যান্ডে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। ৫ সেপ্টেম্বর থেকে আসরটি শুরু হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যায় শত শত মানুষ নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি পর্যটক রয়েছেন। নেপালি পুলিশের নিশ্চিত করা সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক।

তারা বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন রয়েছেন।

ট্যুর অপারেটরদের তথ্য উদ্ধৃত করে পর্যটন বোর্ড বলছে, অধিকাংশ যাত্রী ভারত ও নেপালের সীমান্তের কাছাকাছি অবস্থিত মানসারোভরের পথে ছিলেন।

এদিকে, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত নেপালে আকস্মিক বন্যায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

এদের মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১ জন, ধাদিঙে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুনে সাতজন এবং নওয়ালপুরে ১১ জন রয়েছেন। উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে বলে নেপাল পুলিশ জানিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সারের পর্যাপ্ত মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


‘সারের পর্যাপ্ত মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি উল্লেখ করেন, সার নিয়ে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

প্রতিমন্ত্রী আরও জানান, ডিলারদের কমিশন বৃদ্ধি করার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গোডাউন এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গোডাউন আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, সারের সার্বিক তদারকি, উত্তোলন এবং ডিলারদের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং তিনি নিজে এই কমিটিতে রয়েছেন।

 

কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠক করে মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ডিলার পরিবর্তন নিয়ে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে গুজব ছড়িয়েছিল যে পুরোনো ডিলারদের সরিয়ে নতুন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এতে কিছুটা অসন্তোষ ও ব্যবসায়িক অনীহা তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে।

 

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিআইসি ও বিএডিসির বর্তমান মূল ও খুচরা ডিলাররাই কার্যক্রম চালিয়ে যাবেন।

কিন্তু অনিয়মকারী ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেসব ডিলার সারের ডিও (ডেলিভারি অর্ডার) করেও সার উত্তোলন করেননি অথবা উত্তোলন করে গোডাউনে রেখে খুচরা বাজারে বিক্রি করছেন না, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ডিলার সমিতির শীর্ষ নেতারাও এ পদক্ষেপকে সমর্থন করেছেন বলে তিনি জানান।

কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মীর শাহে আলম বলেন, বগুড়াসহ সারা দেশে চাহিদার তুলনায় প্রায় দেড় গুণ বেশি ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে। বগুড়ায় সেপ্টেম্বর পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার রয়েছে।

 

তবে বিশেষ করে আলুচাষিরা আগাম সার কিনে বাড়িতে মজুত করছেন। নভেম্বর-ডিসেম্বরের সার এখনই কিনে মজুত করলে বাজারে কৃত্রিম চাপ তৈরি হয় এবং সারের দামও বেড়ে যায়।

তিনি বলেন, প্রতি জেলায় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসের চাহিদা অনুযায়ী সার পৌঁছে দেওয়া হবে। তাই কৃষকদের অযথা বেশি দামে আগাম সার না কেনার আহ্বান জানান তিনি।

ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০০৮-০৯ সালের পর তাঁদের কমিশন বাড়ানো হয়নি। পরিবহনসহ অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় কৃষি মন্ত্রণালয় কমিশন বৃদ্ধির একটি প্রস্তাব তৈরি করেছে। এতে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুতই ডিলারদের কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হবে।

গোডাউন পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাহফুজ আলমসহ কৃষি বিভাগ ও বাফার গোডাউনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি’, শারীরচর্চার ছবি ভাগ করে নিয়ে কোন অনুভূতির কথা বললেন সমান্থা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি’, শারীরচর্চার ছবি ভাগ করে নিয়ে কোন অনুভূতির কথা বললেন সমান্থা?

অন্তঃসত্ত্বা সামান্থার শরীরচর্চার ঝলক, ‘এখন শরীরের কথাও শুনতে শিখছি’। তবে সেই সঙ্গে দিয়েছেন স্পষ্ট সতর্কবার্তাও।

মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন সমান্থা রুথ প্রভু। এই বিশেষ সময়ে নিজের শরীর ও সুস্থতার দিকেও সমান নজর রাখছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিয়ো ভাগ করে নিজের শারীরচর্চার কিছু মুহূর্ত তুলে ধরেছেন সমান্থা।

তবে সেই সঙ্গে দিয়েছেন স্পষ্ট সতর্কবার্তাও। সমান্থা জানিয়েছেন, তিনি বহু বছর ধরে শারীরচর্চা করেন। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও চিকিৎসকের অনুমতি নিয়েই সেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রশিক্ষকও অন্তঃসত্ত্বাদের শারীরচর্চা করানোর জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত। গর্ভাবস্থার প্রতিটি ধাপে তাঁর শরীর, আগের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনুশীলনের ধরন বদলে দেওয়া হয়েছে।

জোরকদমে চলছে শারীরচর্চা। ছবি: সংগৃহীত।

সমান্থার কথায়, প্রত্যেকের গর্ভাবস্থার অভিজ্ঞতা আলাদা। তাই তাঁর শরীরচর্চার ভিডিয়ো দেখে অন্য কেউ একই ভাবে অনুশীলন শুরু করবেন না। বরং চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রশিক্ষিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে শারীরচর্চা করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

ছবিতে স্পষ্ট তাঁর মাতৃত্বের আভা। কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেও শারীরচর্চায় ব্যস্ত তিনি, আবার কোথাও মেঝেতে শুয়ে হাসিমুখে ধরা দিয়েছেন। একটি ছবির সঙ্গে সমান্থা লিখেছেন, ‘‘কিছু কিছু দিন শারীরচর্চার বেশিরভাগ ভাগটাই মেঝেতে শুয়ে কাটে।’’

আর একটি ছবিতে যেন নিজের শরীরের সঙ্গে নতুন বোঝাপড়ার কথাই জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি’’।

সম্প্রতি রাজের সঙ্গে ‘বেবিমুন’-এর কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন সমান্থা। নতুন কোনও গন্তব্যে দু’জনের একান্তে সময় কাটানোর বেশ কিছু ছবি নজর কেড়েছিল অনুরাগীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটি টাকার পানি প্রকল্প, নল খুলে মিলছে না সুপেয় পানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


কোটি টাকার পানি প্রকল্প, নল খুলে মিলছে না সুপেয় পানি

পিরোজপুরের প্রথম শ্রেণির মঠবাড়িয়া পৌরসভায় ৫৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েক বছর পরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। অনিয়মিত পানি সরবরাহ, বিভিন্ন স্থানে পাইপ ফেটে যাওয়া এবং দুর্গন্ধ ও কর্দমাক্ত পানি সরবরাহের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। এতে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির কাজের মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরবাসীর সুপেয় পানির সংকট নিরসনে সি.টি.ই.আই.পি প্রকল্পের আওতায় ৫৩ কোটি ৯ লাখ ৯৫ হাজার ৮৬ টাকা অর্থায়নে পানি সরবরাহ প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ করা হয়। এই প্রকল্পের কাজটি পান গোপালগঞ্জের সিনোকোনোস্ট-এমটি অ্যান্ড এসএস কনসোর্টিয়াম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পৌর শহরে ৫৪ কিলোমিটার পানির পাইপ লাইন স্থাপন করেন। পাইপ লাইনের মাধ্যমে বাসা-বাড়িতে সুপেয় পানি সরবরাহ করা হয়।

ভুক্তভোগীরা জানান, ২০১৪ সালে কাজের শুরু থেকেই ঠিকাদারের লোকজন মঠবাড়িয়া পৌরসভার অফিসে অসাধু কর্মকর্তা যোগসাজশে প্রকল্পের অবকাঠামো কাজে খুবই নিম্নমানের পাইপ, লোহা, পাথর, সিমেন্ট ব্যবহার করে পাম্প হাউজ, বেজ ঢালাইসহ আনুষঙ্গিক নির্মাণ কাজ করেছেন। ওই সময় অভিযোগ করলেও পৌর কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি বরং বিভিন্নভাবে হুমকি দিয়েছে। 

পৌর বাসিন্দাদের অভিযোগ,পানির প্রকল্পের কাজ শেষ হতে না হতেই বিভিন্নস্থান থেকে পাইপ ফেটে পানি বের হচ্ছে। অনিয়মিত পানি সরবরাহ, দুর্গন্ধ ও কর্দমাক্ত পানি পাওয়া যাচ্ছে। এই পানি পান করা তো দূরের কথা দৈনান্দিন কাজেও ব্যবহারের প্রায় অনুপযোগী।

পৌর শহরের ২ নং ওয়ার্ডের গৃহিণী মাহমুদা আক্তার বলেন, সময় মতন আমরা পানি পাই না। যে কারণে বাসা বাড়ির কাজ করতে সমস্যা হয়। পানির জন্য অপেক্ষা করতে হয় কখন পানি আসবে। বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে এসে আর পানি পাওয়া যায় না। আমরা খুব সমস্যার ভিতরে আছি।

নিউমার্কেট এলাকার বাসিন্দা আবির জামান ফেইসবুকে স্ট্যাটাসে লিখেন, পৌরসভার পানি প্রকল্পের মতো জনগুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ আত্মসাৎ করে নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা একটি চরম অন্যায় এবং নিন্দনীয় অপরাধ। দুর্নীতির কারণে পৌরসভায় বসবাসরত সাধারণ মানুষের ভোগান্তি সত্যিই পীড়াদায়ক। তৎকালীন সময়ের পৌরসভার এই দুর্নীতিবাজদের আল্লাহ তুমি হেদায়েত করো। 

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার বলেন, প্রকল্পটির প্রায় পাঁচ বছর আগে শেষ হয়ে গেছে আমি এখানে নতুন জয়েন করেছি। বিভিন্ন জায়গা থেকে খবর আসে পানি লাইনের পাইপ ফেটে যায়। আমরা চেষ্টা করতেছি নিম্নমানের পাইপগুলো মেরামত করার। লো ভোল্টেজের কারণে সঠিক সময় পানি উত্তোলন করা সম্ভব হয় না এজন্য পৌরবাসীর ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এ ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে গ্রাহকরা সময় মতন পানি পাচ্ছে না। পূর্বে নিম্নমানের কাজ হওয়ার কারণে বিভিন্ন সময় পাইপ গুলো ফেটে যায় সেগুলো সংস্কার করতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%