০৪:১২ পি.এম
মৌসুমী নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় টানা তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরেও বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে। বিরূপ আবহাওয়ার কারণে পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বাসসকে জানান, মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এর ফলে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৬২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ পড়েছেন। উপকূলজুড়ে আকাশ এখনও ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ অবস্থা উপভোগ করছে। সাগরে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া ধেয়ে আসতে পারে। এর প্রেক্ষিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন