ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পল্টনে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসী রাজু মিয়ার মৃত্যু


পল্টনে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসী রাজু মিয়ার মৃত্যু

রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে রাজু মিয়া (৩২) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত রাজু মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি সৌদিপ্রবাসী হিসেবে পরিচিত। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুই থেকে তিন দিন আগে তিনি পল্টনের একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে সজিব নামে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে

এসআই রাকিবুল আরো জানান, রাজু মিয়ার মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অ্যালকোহল পান করেছিলেন।

ময়নাতদন্তের জন্য রাজু মিয়ার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এলে তাদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে হামলার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ এম


হরমুজে হামলার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

আগের দিন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে বুধবার (১১ নভেম্বর) জ্বালানি পণ্যের দাম আবার বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশা থাকলেও, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়েছে।

নতুন তথ্য অনুযায়ী, গত অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজে হামলা হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে জাহাজে হামলার এটিই সর্বোচ্চ সংখ্যা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও যাচাই করেছে। এসব ভিডিওতে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট কোম্পানির একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, রবিবার হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ন্যাভিগএইটের ট্যাংকারটিও অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানায়, ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে হামলা হয়েছে। একই দিন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির ‘অনুমোদনহীন পথে’ চলার সময় সমুদ্রের মাইন বা বিস্ফোরক বস্তুর আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা ১০ নভেম্বরের এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, কোনো চুক্তি হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। এ ক্ষেত্রে সমুদ্রের মাইন অপসারণ, বিমার খরচ এবং ঝুঁকি নিয়ে জাহাজ চালাতে মালিকদের সম্মতি গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্লেষকেরা আরও বলেন, প্রণালিতে জাহাজে হামলার ঘটনা এখনও কমেনি। এর আগে মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারের বেশি কমে যায়। ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মন্তব্যের পর বাজারে দাম কমেছিল। তবে পরে দাম আবার কিছুটা বেড়ে যায়। এদিকে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না।

বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে এ বৃদ্ধি ঘটে।

অন্যদিকে, রাশিয়ায় তেল পরিশোধনের সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে। শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে দেশটির তেল পরিশোধন সক্ষমতা কমেছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছিলেন তিন ‘মদ্যপ’, অতঃপর পুলিশে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ এম


গভীর রাতে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছিলেন তিন ‘মদ্যপ’, অতঃপর পুলিশে আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ তিন যুবককে আটক করেছে। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম আটককৃত তিন যুবককে পুলিশে দেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।

ছাত্রদল নেতা আবদুর রহিম জানিয়েছেন, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কিছু যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে তিনি গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের চারজন দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যান। তবে বাকি তিনজনকে আটকে রেখে তিনি পুলিশে খবর দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। তখন তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তারা দুঃখও প্রকাশ করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার ৬৫৯ স্কুলে প্রধান শিক্ষক নেই, পাঠদানে জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ এম


পাবনার ৬৫৯ স্কুলে প্রধান শিক্ষক নেই, পাঠদানে জটিলতা

পাবনার ১,১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫৯টিতে প্রধান শিক্ষক নেই। দীর্ঘ সময় ধরে এই পদগুলো শূন্য থাকার কারণে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কাজ এবং পাঠদান ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু পাবনার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ফলে শূন্য পদ নিয়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে।

তথ্য অনুযায়ী, পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৩৬টি। এর মধ্যে প্রধান শিক্ষক আছেন মাত্র ৪৬৮টি বিদ্যালয়ে। বাকি ৬৫৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত করে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে কাজের চাপ বাড়ছে এবং অনেকেই ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট হচ্ছেন। এই পরিস্থিতিতে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান, "আমাদের সময়মত পাঠদান করতে সমস্যা হচ্ছে। মাঝিবিহীন নৌকা যেমন গন্তব্যে ঠিকমত যেতে পারে না, শিক্ষকবিহীন বিদ্যালয়ও তেমন শিক্ষায় সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না।" প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষককে দায়িত্ব পালন করতে হয়, ফলে দুজন শিক্ষক অনুপস্থিত হয়ে যান। এর ফলে অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই বিষয়ে পাবনা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, ‘সংকটের বিষয়টি আমরা প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। শিগগিরই এই শূন্য পদগুলো পূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন।’

কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, শূন্য পদগুলোর মধ্যে আটটিতে রয়েছে আইনি জটিলতা। ফলে এসব পদে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ এম


কঙ্গোতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি হয়ে গেছে। দেশটিতে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১১ হাজার ৪২ জনের শরীরে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৩৮৭ জন মারা গেছেন। মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য থেকে এ বিষয়টি জানা যায়।

এবারের প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাসের বিরল প্রজাতি বান্দিবুগিও থেকে। গত মে মাসের মাঝামাঝি সময়ে কঙ্গোতে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। এই প্রজাতির বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার প্রাদুর্ভাবের পর এটি ইবোলার দ্বিতীয় বৃহত্তম এবং প্রাণঘাতী প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে। পূর্ববর্তী প্রাদুর্ভাবের সময় ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল এবং তাদের মধ্যে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে।

কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ইবোলা ছড়িয়ে পড়েছে। মৃত ব্যক্তিদের অনেকেই চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই মারা গেছেন। আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগ শনাক্তকরণের দেরি, সংঘাত এবং স্বাস্থ্যসেবার ওপর অতিরিক্ত চাপকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পূর্ব, মধ্য ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আফ্রিকায় এর আগে ইবোলার কোনো প্রাদুর্ভাব এত বড় এলাকায় ছড়ায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%