ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাজিরায় ককটেল বিস্ফোরণের ১৪ দিন পর গৃহবধূর মৃত্যু


জাজিরায় ককটেল বিস্ফোরণের ১৪ দিন পর গৃহবধূর মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় রান্নাঘরে মজুদ করা ককটেল বিস্ফোরণের ফলে আহত রোকেয়া বেগম (৪০) মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

গত ৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার মূলনা ইউনিয়নসংলগ্ন সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ১০ আগস্ট সন্ধ্যায় একই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই সময় শতাধিক ককটেল বিস্ফোরিত হয়। এতে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্তত ১০ জন আহত হয়। পরে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ৭০ বছর বয়সী মান্নান সরদার মারা যান। এ ঘটনায় একটি মামলা বর্তমানে চলমান রয়েছে।

রোকেয়া বেগম ৫ সেপ্টেম্বর দুপুরে রান্না করতে রান্নাঘরে প্রবেশ করেন। ফারুক ছৈয়াল মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের সমর্থক হিসেবে পরিচিত। এ সময় রান্নাঘরে রাখা ককটেলগুলো বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে পাশের বাঁশঝাড়ে গিয়ে পড়ে। এতে সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন রোকেয়া বেগমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। এরপর থেকে তিনি বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

ফরাজী হাসপাতাল লিমিটেডের হিসাব ব্যবস্থাপক হিমেল আহমেদ জানান, রোকেয়া বেগম নামের নারী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান। পরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ কালের কণ্ঠকে জানান, রোকেয়া বেগমের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক কাগজপত্র এখনো থানায় আসেনি। ওসি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


হামে ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছে ৪ জন।

এখন পর্যন্ত, গত ১০ এপ্রিল থেকে হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৩ জনে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝাড়ু-কোদাল হাতে জেলা প্রশাসক, পরিচ্ছন্ন নেত্রকোনা গড়ার বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জল মিয়া নেত্রকোনা জেলা প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ঝাড়ু-কোদাল হাতে জেলা প্রশাসক, পরিচ্ছন্ন নেত্রকোনা গড়ার বার্তা

শনিবারের সকাল। ছুটির দিনের অলসতা তখনও কাটেনি অনেকের। অথচ নেত্রকোনা শহরের রাজপথে তখন ব্যস্ত একদল মানুষ। কারও হাতে ঝাড়ু, কারও হাতে কোদাল। কেউ সরাচ্ছেন জমে থাকা ময়লা, কেউ আবার পরিষ্কার করছেন পানি জমে থাকা স্থান।

সবচেয়ে নজরকাড়া দৃশ্য—পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে ময়লা পরিষ্কার করছেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

তার পাশে হলুদ টি-শার্ট পরা একদল তরুণ। তাদের টি-শার্টে লেখা—‘লেটস রিবিল্ড আওয়ার নেশন’। প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের এই সম্মিলিত উদ্যোগ যেন পরিচ্ছন্ন শহর গড়ার নতুন এক বার্তা ছড়িয়ে দিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা পৌরসভা আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর দ্বিতীয় সপ্তাহের কার্যক্রমে এমন দৃশ্য দেখা যায়।

ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে চলমান তিন মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রামের’ অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে নেত্রকোনা পৌরসভা। তবে এ আয়োজন কেবল মশক নিধন কিংবা ময়লা পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এর মাধ্যমে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে অংশ নিয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি প্রতিষ্ঠান কিংবা পৌরসভার ওপর নির্ভর করলে হবে না। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি জানান, এখন থেকে প্রতি শনিবার পর্যায়ক্রমে শহরের বিভিন্ন স্পটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পৌরসভা যৌথভাবে এ কার্যক্রমে অংশ নিচ্ছে।

জেলা প্রশাসক বলেন, এটি কোনো একদিনের কর্মসূচি নয়; ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। নাগরিকদের সম্পৃক্ত করে এ উদ্যোগকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চান তারা।

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।

তিনি জানান, ডেঙ্গুর ‘হট জোন’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি যেখানে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হচ্ছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগে একটি শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণই পারে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে।

দিনের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পৌরসভার সংশ্লিষ্টরা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও নানা শ্রেণি-পেশার মানুষ।

অভিযানের মূল লক্ষ্য ছিল মশার প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা।

ছুটির দিনের সকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এভাবে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া স্থানীয়দের মধ্যেও সাড়া ফেলেছে। হাতে হাত মিলিয়ে শহর পরিষ্কারের এ উদ্যোগে যেন স্পষ্ট হয়ে উঠেছে একটি বার্তা—ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়; পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্বও সবার।

নেত্রকোনার রাজপথে ঝাড়ু-কোদালের এই দৃশ্য তাই নিছক একটি পরিচ্ছন্নতা অভিযান নয়; বরং নাগরিক অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়ার সম্মিলিত অঙ্গীকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ৪ জন নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় একটি বাস এবং প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে চারজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ডের কাছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে ১০ পাচারকারী আটক, বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


সেন্টমার্টিনে ১০ পাচারকারী আটক, বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ : কোস্টগার্ড মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে।

শনিবার এই তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি উল্লেখ করেন, কক্সবাজারের সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। অভিযানের সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে, বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে, আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়।

তল্লাশি চালানোর সময় বোটে প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ পাওয়া যায়। বোটে থাকা একজন রোহিঙ্গাসহ মোট ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%