ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণে নিহত ৮


লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণে নিহত ৮

লিবিয়ার পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৮ অক্টোবর) রাতে গুলি চালানোর প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান এক কর্মকর্তা।

সোমবার (১৯ অক্টোবর) ওই কর্মকর্তা জানালেন, রোববার গভীর রাতে সরাসরি গুলি চালানোর প্রশিক্ষণ চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি নিরাপত্তা বাহিনীতে যোগদান করেছিলেন।

আরও পড়ুন: মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করল ইসরাইল

শহরের নিরাপত্তা বিভাগের ওই কর্মকর্তা বলেন, জাওয়িয়ার উপকণ্ঠে নিরাপত্তা সংস্থাটির প্রশিক্ষণস্থলে সদস্যরা সরাসরি গুলি চালানোর অনুশীলন করছিলেন। এই সময় প্রশিক্ষণে ব্যবহৃত একটি গোলাবারুদ বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ‘গত রাতে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে নিরাপত্তা প্রশিক্ষণকেন্দ্রে আটজন প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।’

এ ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

তথ্যসূত্র: আরব নিউজ

আরও পড়ুন: মিনেসোটায় চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা নিষ্পত্তি নভেম্বরের শেষ দিকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা নিষ্পত্তি নভেম্বরের শেষ দিকে

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা কেড়ে নেওয়ার বিরুদ্ধে সেনেগালের করা আপিলের রায় নভেম্বরের শেষ দিকে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।

সিএএস সোমবার এক বিবৃতিতে জানায়, “এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগবে এবং সিএএসের পূর্ণাঙ্গ রায় ২০২৬ সালের নভেম্বরের শেষ দিকে প্রকাশ করা হবে।”

গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত আফকন ফাইনালে স্বাগতিক মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। ম্যাচে ঘটে যাওয়া নানা প্রশ্নবিদ্ধ ঘটনাবলীর পর তাদের শিরোপা কেড়ে নেওয়া হয় এবং মরক্কোকে বিজয়ী ঘোষণা করা হয়।

সেনেগাল, মরক্কো ও সিএএফের যুক্তি-তর্ক গত ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লোজানে সিএএসের শুনানিতে উপস্থাপন করা হয়েছিল।

সেসময় সিএএস জানিয়েছিল, কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। তবে এখন তারা শুধু সংক্ষিপ্ত সিদ্ধান্ত নয়, আইনি ভিত্তিসহ পূর্ণাঙ্গ রায় বা "সিএএস অ্যাওয়ার্ড" প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

ফাইনাল ম্যাচে নিয়মিত সময়ের শেষ দিকে সেনেগালের বিরুদ্ধে একটি পেনাল্টি দিলে দলটির খেলোয়াড়রা প্রতিবাদস্বরূপ ১৪ মিনিটের জন্য মাঠ ছেড়ে চলে যায়। কয়েকজন খেলোয়াড় ড্রেসিংরুমেও ফিরে গিয়েছিলেন।

পরে তারা মাঠে ফিরে আসে এবং খেলা পুনরায় শুরু হয়। মরক্কো পেনাল্টিটি কাজে লাগাতে ব্যর্থ হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে সেনেগাল জয়সূচক গোল করে শিরোপা নিশ্চিত করে।

তবে দুই মাস পর সিএএফের আপিল বোর্ড রায় দেয় যে মাঠ ছেড়ে যাওয়ার কারণে সেনেগাল ম্যাচটি পরিত্যাগ করেছে। ফলে মাঠের ফল বাতিল করে মরক্কোর পক্ষে ৩-০ গোলের জয় ঘোষণা করা হয় এবং তাদের আফ্রিকার চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এরপরই সেনেগাল সিএএসে আপিল করে। ২৫ মার্চ আপিল দাখিল করা হলেও শুনানি হয় প্রায় ছয় মাস পরে। সেনেগালের মূল যুক্তি হলো, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তিনি ম্যাচটি সম্পূর্ণ করতে দিয়েছিলেন, তাই ফলাফল পরিবর্তনের সুযোগ নেই।

এ মাসের শুরুতে শুনানির বাইরে সিএএসের মহাপরিচালক ম্যাথিউ রিব বলেন, “সেনেগাল ও মরক্কোর মধ্যকার ফাইনালের কয়েক মাস পর সমর্থকদের জন্য এটি অবশ্যই দীর্ঘ অপেক্ষা।”

তিনি আরও বলেন, “ঘটনাগুলো স্পষ্ট এবং প্রতিষ্ঠিত। আলোচনার বিষয় হবে মূলত কিছু প্রক্রিয়াগত ও আইনি দিক।”

এই মামলার সিএএস প্যানেলের সভাপতি ফরাসি ক্রীড়া আইন বিশেষজ্ঞ জেরাল্ড সিমন। তাঁর সঙ্গে রয়েছেন ইতালির আন্তর্জাতিক আইন অধ্যাপক লুইজি ফুমাগাল্লি এবং হামবুর্গভিত্তিক আইনজীবী ও জুরিখ বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক উলরিখ হাস।

সিএএসের সিদ্ধান্তকে “অ্যাওয়ার্ড” বলা হয় এবং এর আইনি মর্যাদা একটি জাতীয় আদালতের রায়ের সমান। পরিস্থিতি অনুযায়ী এসব রায় ক্রীড়া ফেডারেশন কিংবা রাষ্ট্রের আদালতের মাধ্যমে কার্যকর করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষকদের ৩ দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


প্রাথমিক শিক্ষকদের ৩ দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ১১তম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে নতুন ধারাবাহিক কর্মসূচির ঘোষণা করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য।

এ কর্মসূচিটি মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতিনির্ধারণী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি স্বাগত বক্তব্য দেন।

শিক্ষকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে—

১. ১১তম গ্রেড বাস্তবায়ন : নবম জাতীয় বেতন স্কেলের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য অবিলম্বে ১১তম গ্রেড প্রদান করা।

২. উচ্চতর গ্রেড ও শতভাগ পদোন্নতি : নবম পে স্কেল অনুযায়ী ৮ ও ১৪ বছর পূর্তিতে প্রাপ্য দুটি উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি চালুকরণ।

৩. হয়রানিমূলক বদলি ও মামলা প্রত্যাহার : সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপিসহ সব শিক্ষকের হয়রানিমূলক বদলির আদেশ বাতিল এবং দায়েরকৃত ভিত্তিহীন বিভাগীয় মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার।

এদিকে উল্লিখিত দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। তা হলো—

১. সংবাদ সম্মেলন : আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা।

২. কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল (৮ নভেম্বর, রবিবার) : সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি প্রয়াত শিক্ষক ফাতেমা আপার রুহের মাগফিরাত এবং গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে কেন্দ্রীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৩. জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি (৮ নভেম্বর, রবিবার) : একই দিনে দেশের প্রতিটি জেলায় শিক্ষক প্রতিনিধিদল জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সাক্ষাৎ করে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করবেন।

৪. বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি (১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার) : বিভাগীয় শিক্ষক প্রতিনিধিরা বিভাগীয় কমিশনারদের কাছে স্মারকলিপি পেশ করবেন।

৫. মহাসমাবেশ (ডিসেম্বর ২০২৬) : বার্ষিক পরীক্ষা শেষে দেশের সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বা শাহবাগে মহাসমাবেশ আয়োজন করা হবে (তারিখ পরবর্তীতে চূড়ান্ত হবে)।

৬. অবস্থান ও অনশন কর্মসূচি : এসব কর্মসূচির পরও দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে জাতীয় প্রেস ক্লাব বা শাহবাগে এক দফা দাবিতে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপ বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে : ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ইউরোপ বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে : ক্রেমলিন

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতা বর্তমানে বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

এই মন্তব্যটি সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ করেছেন।

পেসকভ উল্লেখ করেন, ফ্রান্সের প্রধান প্রধান শহরগুলো থেকে শুরু হওয়া এই অস্থিরতা এখন ইতালি এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। তিনি একে স্পষ্ট সংকট হিসেবে চিহ্নিত করেছেন।

তবে তিনি একইসঙ্গে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে, এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ধস নামানো চীনা প্রতিষ্ঠান ডিপসিককে নিষিদ্ধ করলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


যুক্তরাষ্ট্রে ধস নামানো চীনা প্রতিষ্ঠান ডিপসিককে নিষিদ্ধ করলো

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যপ্রযুক্তি খাতে একটি উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) চীনের বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপসিকের (DeepSeek) তৈরি প্রযুক্তি এবং পণ্যগুলোকে দেশটির সব বেসামরিক সরকারি সংস্থার আইটি সিস্টেমে নিষিদ্ধ ঘোষণা করেছে।

চলতি বছরের শুরুতে মার্কিন শেয়ার বাজারে এই চীনা এআই স্টার্টআপটি বড় ধরনের কম্পন সৃষ্টি করেছিল। অত্যন্ত কম খরচে এবং কম ডেটা ব্যবহার করে উন্নত এআই মডেল বাজারে আনার পর, মাত্র দুই ঘণ্টারও কম সময়ে ওয়াল স্ট্রিটের বাজারমূল্য থেকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারেরও বেশি উধাও হয়ে গিয়েছিল। তখন এনভিডিয়ার মতো প্রযুক্তি জায়ান্টগুলো নজিরবিহীন দরপতনের মুখে পড়েছিল।

মার্কিন প্রশাসনের নতুন এই আদেশে উল্লেখ করা হয়েছে যে, ডিপসিকের প্রযুক্তি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি। এতে ব্যবহারকারীদের সংবেদনশীল ডেটা চীন সরকারের হাতে চলে যাওয়ার এবং সরকারি কার্যক্রমে সাইবার ঝুঁকির আশঙ্কা রয়েছে।

এর আগে নিউইয়র্ক, টেনেসি সহ একাধিক অঙ্গরাজ্য এবং বাণিজ্য বিভাগ ও নৌবাহিনীসহ বেশ কিছু কেন্দ্রীয় সংস্থা সরকারি ডিভাইসে ডিপসিকের ব্যবহার নিষিদ্ধ করেছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%