আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি
০৬:১৬ পি.এম
সন্দ্বীপে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও কোরআনে হাফেজ গাজী মো. রাগীব ফাতিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হাওলাদার, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ উল্যাহ মিজান, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলী এবং মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদ, সন্দ্বীপ শাখার সভাপতি আবদুল হান্নান।
শুভেচ্ছা বক্তব্য দেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক প্রিয় ইলিয়াছ সুমন। মগধরা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুল মাওলা, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.কে. ফজলুল করিম বাবুল, বাউরিয়া গোলাম খালেক একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আবিদুর রহমান মান্না এবং সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা আমিন রসুল মিয়াদসহ অনেকে।
কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কাটগড় ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত জান্নাতুল বাকিয়া এবং সন্দ্বীপ আনন্দ পাঠশালা থেকে জিপিএ-৫ প্রাপ্ত আনিকা তাবাসসুম নুতা ও সাদিকা রহমান।
বক্তারা উল্লেখ করেন, "শুধু ভালো ফলাফল নয়, নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।" তারা শিক্ষার্থীদের আহ্বান জানান যে, আগামীতেও ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখতে হবে এবং পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করতে হবে।
অনুষ্ঠানে ৮৪ জন কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন স্মারক, অভিনন্দনপত্র, বই এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা প্রদান করা হয়।
সহযোগিতায় যাঁরা
সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে আর্থিক সহযোগিতা প্রদান করেন এসকম গ্রুপ, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল; মগধরা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফেরদাউসুল আলম; গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ.বি.এম. ওয়াহিদুর রহমান; সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল; সন্তোষপুরের কামরুল হাসান শিশির এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
শিক্ষার মানোন্নয়নে ৭ কর্মসূচি
প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠপর্যায়ে সাতটি কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে—সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (২০১৪), চিত্রাঙ্কন প্রতিযোগিতা (২০১৫), হাতের লেখা প্রতিযোগিতা (২০১৬), মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা ও সংবর্ধনা (২০১৮), কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (২০১৮), উচ্চমাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা ও সংবর্ধনা (২০২২) এবং অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান (২০২২)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল, ৩০ আগস্ট, ২০২৬ : জেলার বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নিহাদ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নিহাদ বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। এ সময় স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান অতিক্রম করার পরে অপর দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করেন নিহাদ। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক নিহাদকে হাতেনাতে আটক করে। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহাদ স্কুলছাত্রীকে উত্যক্ত করার কথা স্বীকার করায় আদালত নিহাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর নিহাদকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সাইবার অপরাধ এবং অনলাইন প্রতারণার কৌশলগুলোও পরিবর্তিত হচ্ছে। ডিপফেক ভিডিও, ভয়েস ক্লোনিং, ভুয়া ওয়েবসাইট, ফিশিং লিংক, ভুয়া ক্যাপচা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে ব্যাংক, ই–মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণার ঘটনা ঘটছে।
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা আইটি উদ্যোক্তা নাজমুল হক সজীব এসব এআই প্রযুক্তির অপব্যবহারজনিত ঝুঁকি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং ডিজিটাল নিরাপত্তা চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, এআই প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে কাজকে সহজ করে তুলছে। তবে অপরাধীরা এই প্রযুক্তির মাধ্যমে নতুন ধরনের প্রতারণার কৌশলও ব্যবহার করছে। বিশেষ করে, কোনো ব্যক্তির ছবি, ভিডিও বা কণ্ঠস্বর নকল করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা অনলাইন প্রতারণার ঝুঁকি বাড়িয়েছে।
নাজমুল হক সজীব বলেন, ‘এআই এখন শুধু প্রযুক্তিগত সুবিধার বিষয় নয়; এর অপব্যবহারও একটি চ্যালেঞ্জ। পরিচিত কারও কণ্ঠস্বর বা চেহারা দেখেই কোনো তথ্য বা নির্দেশনা বিশ্বাস না করে বিষয়টি যাচাই করা প্রয়োজন। টাকা, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড বা ওয়ান-টাইম কোড চাওয়া হলে বিকল্প মাধ্যমে পরিচয় নিশ্চিত করা উচিত।’
তিনি আরও বলেন, এআই ব্যবহার করে প্রতারকরা পরিবারের সদস্য, পরিচিত ব্যক্তি, সহকর্মী বা প্রতিষ্ঠানের কর্মকর্তার কণ্ঠস্বর নকল করতে পারে। ফলে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর অনুরোধ বা সংবেদনশীল তথ্য দেওয়ার নির্দেশনা পেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যাচাই করা প্রয়োজন।
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে নাজমুল হক সজীব জানান, অনেক ব্যবহারকারী এখনো পাসওয়ার্ড ব্যবস্থাপনা, দুই স্তরের যাচাইকরণ এবং সন্দেহজনক লিংক বা অ্যাপের ঝুঁকি সম্পর্কে পর্যাপ্তভাবে সচেতন নন।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। একই সঙ্গে টু-ফ্যাক্টর বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং প্রয়োজন ছাড়া কোনো অজানা অ্যাপকে অ্যাকাউন্টে প্রবেশের অনুমতি না দেওয়াও জরুরি।’
ব্যাংকিং, ই–মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতার কথাও বলেন নাজমুল হক সজীব। তার মতে, একটি ই–মেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারালে তার সঙ্গে যুক্ত অন্যান্য ডিজিটাল সেবাও ঝুঁকির মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, ‘অনলাইনে কোনো সমস্যার সমাধানের জন্য তাড়াহুড়া করা ঠিক নয়। অপরিচিত লিংকে প্রবেশ, সন্দেহজনক সফটওয়্যার ইনস্টল বা কারও নির্দেশে অজানা কমান্ড চালানোর আগে বিষয়টি যাচাই করা উচিত।’
এআইনির্ভর প্রতারণা মোকাবিলায় প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যবহারকারীর সচেতনতার গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি।
নাজমুল হক সজীব বলেন, ‘এআইকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে প্রযুক্তি যত উন্নত হবে, এর নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতাও তত বাড়াতে হবে। ব্যক্তিগত সচেতনতা এবং সঠিক ডিজিটাল নিরাপত্তা চর্চা সাইবার প্রতারণার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।’
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে এআই ব্যবহার করে ডিপফেক, নকল কণ্ঠস্বর এবং ফিশিংয়ের মাধ্যমে প্রতারণার ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা অনলাইনে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যক্রম দেখলে তা যাচাই করা, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং গুরুত্বপূর্ণ তথ্য অযাচিতভাবে কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়ে থাকেন।
এআইভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ডিজিটাল নিরাপত্তার গুরুত্বও বাড়ছে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং যাচাই ছাড়া কোনো লিংক বা অনলাইন অনুরোধে সাড়া না দেওয়ার মতো নিরাপদ অভ্যাস সাইবার ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানার্জনের সুযোগ বাড়ানোর পাশাপাশি গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের দুটি ল্যাবরেটরি নতুনভাবে সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের পর রোববার ল্যাব দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রসায়ন বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমসহ বিভাগের বিভিন্ন দিকের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান। এরপর ল্যাবরেটরি দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আসল রূপ ফুটে ওঠে এর উন্নতমানের গবেষণায়। মানসম্মত ও বিশ্বমানের গবেষণায় রসায়ন বিভাগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কারকৃত এই আধুনিক ল্যাবরেটরিগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতার পাশাপাশি গবেষণায় নতুন উদ্দীপনা জোগাবে। তরুণ গবেষকরা যেন বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ল্যাবকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাবের পাশাপাশি কেন্দ্রীয় ল্যাবকে আরও কার্যকরী করতে পারলে গবেষণার মান ও সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে। মূল্যবান যন্ত্রপাতি ক্রয় ও সংশ্লিষ্ট ল্যাব পরিচালনার ক্ষেত্রেও সহজ হবে বলে তিনি মনে করেন।
বিশেষ অতিথি হিসেবে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সকল বিভাগে গবেষণার ধারাকে এগিয়ে নিতে উপাচার্য স্যারের নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে, যেখানে চলতি সপ্তাহের মধ্যেই সংশোধিত বাজেটের আওতায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আর্থিক বরাদ্দের লিখিত বিবরণ জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে যা যা করা প্রয়োজন, আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলীও বক্তব্য রাখেন। এ সময় বিভাগের শিক্ষকরা আধুনিকায়িত ল্যাবের বিভিন্ন সুযোগ-সুবিধা ও এর মাধ্যমে সম্ভাব্য গবেষণার ক্ষেত্রগুলো তুলে ধরেন। তাদের ভাষ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তির সরঞ্জাম যুক্ত হওয়ায় এখন শিক্ষার্থীদের ব্যবহারিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জটিল ও গবেষণাধর্মী কাজও আগের তুলনায় সহজে পরিচালনা করা সম্ভব হবে।
নতুন করে সাজানো ল্যাব দুটিতে শুধু গবেষণার সরঞ্জাম সংযোজন নয়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ল্যাবগুলোতে কেমিক্যাল সংরক্ষণের জন্য আধুনিক ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের সুবিধা এবং অগ্নিকাণ্ড মোকাবিলায় বিশেষ অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও গবেষকদের নিয়মিত কাজের জন্য ল্যাবগুলো আরও নিরাপদ ও উপযোগী হয়ে উঠেছে।
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ল্যাবরেটরি দুটি ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কেমিক্যাল সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি আধুনিকায়িত ল্যাবগুলোর ব্যবহার, গবেষণার সম্ভাবনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৩০ আগস্ট, ২০২৬ : দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও উল্লেখ করা হয়।
আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে এসব তথ্য উঠে আসে।
বৈঠকে মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও আলোচনা হয়। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ পরিহার করা উচিত বলে মত দেন কমিটির সদস্যরা।
বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ গ্রহণ করায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন।
এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ