০৪:৪৪ পি.এম
সরকার মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নিয়মে পরিবর্তন এনেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এখন থেকে মোটরসাইকেলের নকশার ভিত্তিতে সামনের অংশে একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের পাশাপাশি এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার অনুমতি দিতে পারবে। এ জন্য সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট লাগানো ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশোধিত বিধিমালায় নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। ফলে মোটরসাইকেলের কাঠামো ও নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেট স্থাপন করা সহজ হবে।
রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক রেখায় প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এছাড়া, মোটরসাইকেলের নকশা বিবেচনায় সামনের রেজিস্ট্রেশন চিহ্ন বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমোদন দেওয়ার ক্ষমতাও থাকবে সংস্থাটির। সংশোধিত বিধিমালায় নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশক অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি বোঝাতে ব্যবহৃত অক্ষরের উচ্চতা এবং প্লেটের বিভিন্ন অংশের ফাঁকা জায়গার পরিমাণ নির্ধারণের দায়িত্বও বিআরটিএকে দেওয়া হয়েছে।
একইভাবে, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে নম্বর লেখার ক্ষেত্রে সংখ্যাগুলোর মাঝখানে ব্যবহৃত হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে সংস্থাটি। এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের বিধানও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।
গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
এদিকে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বিআরটিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নম্বরপ্লেট সংযোজন করা যাবে।
এর আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নম্বরপ্লেট লাগানো সম্ভব হবে না বিবেচনায় সময় বাড়ানোর প্রস্তাব দেয় বিআরটিএ।
সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছিল। এ জন্য ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দিয়ে সম্প্রতি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: শ্রমমন্ত্রীর পদত্যাগ ও মজুরি বৃদ্ধির দাবি শ্রমিক শক্তির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন