বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:১৬ পি.এম
ইসরায়েলের স্বাধীনতা ও সামুদ্রিক স্বার্থ রক্ষা করতে এবার তুরস্কের প্রতি পরোক্ষ সামরিক হুঁশিয়ারি প্রদান করেছেন দেশটির নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ইয়াল হারেল। সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনীর অফিসার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি নাম উল্লেখ না করে রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন।
অনুষ্ঠানে ইয়াল হারেল উল্লেখ করেন, নতুন সামুদ্রিক অঙ্গনে আর কোনো দূরবর্তী সীমান্ত নেই। যারা সামুদ্রিক ও দূরবর্তী এলাকা থেকে ইসরায়েল রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চায়, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "যারা আমাদের ক্ষতি করতে চায়, দূরত্ব তাদের কাউকে কোনো সুরক্ষা বা নিরাপত্তা দেবে না।" হাজার হাজার মাইল দূর থেকে যারা ইসরায়েল ও আইডিএফকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতেই নৌবাহিনী গড়ে তোলা হয়েছে।
ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের শক্তিসাম্য পরিবর্তনের চেষ্টা করা দেশগুলোর উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আমরা তাদের প্রতিটি পদক্ষেপ দেখছি, পর্যবেক্ষণ করছি এবং তার জন্য উপযুক্ত প্রস্তুতি নিচ্ছি।" ইসরায়েল রাষ্ট্রের কাজের স্বাধীনতা বা জাতীয় সামুদ্রিক স্বার্থ কোনো হুমকির মুখে পড়লে, নৌবাহিনী তা মেনে নেবে না। তিনি বলেন, "আমাদের দায়িত্ব ও মিশন পূর্ণ করতে আমরা প্রকাশ্যে কিংবা গোপনে সব জায়গায় উপস্থিতি নিশ্চিত করব।"
ইসরায়েলের 'চ্যানেল ১২'-এর সামরিক বিশ্লেষক নির ডোরির মতে, ভূমধ্যসাগরে সম্প্রতি দুই দেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষাপটেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি জানান, সম্প্রতি সাইপ্রাসের কাছে গ্রিস ও সাইপ্রাসের যৌথ মহড়া চলাকালে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ প্রায় চারটি তুর্কি নৌযানের মুখোমুখি হওয়ার পরিস্থিতিতে পড়েছিল। তুর্কি জাহাজগুলো একদম শত মিটারের কাছাকাছি চলে আসার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে সরে যায়। এই ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থা তুরস্ককে একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে শুরু করেছে।
সূত্র: আল মায়াদিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনায় মোটরসাইকেল থেকে পড়ে সৈকত মণ্ডল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, জেলার দাকোপ উপজেলার বাজুয়ার বেড়েরখাল এলাকায়।
নিহত সৈকত বাজুয়া বেড়েরখাল এলাকার তারক মন্ডলের পুত্র। তিনি ছিলেন তার মা-বাবার একমাত্র সন্তান। পরিবার সূত্রে জানা যায়, সৈকত দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
মঙ্গলবার রাতে বাজুয়ার সাপ্তাহিক হাট থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
পথে বাজুয়া চড়ারধার সংলগ্ন বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে পৌঁছালে হঠাৎ মাথা ঘুরে মোটরসাইকেল থেকে পড়ে যান সৈকত। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতেই খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
দাকোপ থানার ওসি খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করে জানান, সৈকত মণ্ডল মৃগী রোগী ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথমবারের মতো পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় ৫০ হাজার মার্কিন ডলারের তামাক প্রক্রিয়াজাতকরণ মেশিনারির একটি চালান পাঠানোর মাধ্যমে অঞ্চলটির বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বেপজা সূত্রে জানা গেছে, অর্থনৈতিক অঞ্চল-২-এর প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড গত ৩ সেপ্টেম্বর রপ্তানির অনুমতি লাভ করে। এরপর প্রতিষ্ঠানটি গতকাল ইন্দোনেশিয়ায় যন্ত্রপাতির ওই চালান পাঠিয়েছে। এই রপ্তানির মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ এখন অপারেশনাল পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে বেপজার অধীনে চালু শিল্পাঞ্চলের সংখ্যা ১০টিতে দাঁড়াল। এর মধ্যে রয়েছে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও দুটি অর্থনৈতিক অঞ্চল।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওহিদুজ্জামান মন্তব্য করেন, "ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরুর ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার সুযোগ তৈরি হবে।"
তিনি আরও বলেন, "ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এ অবস্থায় বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে দেশটিতে রপ্তানি শুরু হওয়া বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও গন্তব্যে বৈচিত্র্য আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।"
সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের বিনিয়োগে প্রতিষ্ঠিত লিজ টোব্যাকো মেশিনারি একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। তামাকজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের ২২ জানুয়ারি প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেয় বেপজা। এতে বিনিয়োগ করা হয়েছে ৩ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৯ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন।
মীরসরাইয়ে ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তী সময়ে প্রশাসনিক ও পরিচালন কার্যক্রম আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুবিধার্থে অঞ্চলটিকে অর্থনৈতিক অঞ্চল-১ ও অর্থনৈতিক অঞ্চল-২ নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। অর্থনৈতিক অঞ্চল-১-এ মোট ৪৭টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে।
অন্যদিকে, অর্থনৈতিক অঞ্চল-২-এ প্লট বরাদ্দ পেয়েছে ১৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। খুব শিগগির আরও তিনটি প্রতিষ্ঠানের উৎপাদন ও রপ্তানি শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাকি ১৪টি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজ বর্তমানে চলমান।
তথ্য সূত্র- টিবিএস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের প্রত্যন্ত লং লেল্লাং এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাইলট এবং দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন কর্মী অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লং লেল্লাং শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (STOL) বিমানবন্দরের নিকটবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি ফ্লাইং ডক্টর সার্ভিস মিশনের অংশ হিসেবে উড়ছিল।
মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAM) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি বিও-১০৫ মডেলের ছিল। এতে পাইলটসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিহত চার কর্মীর মধ্যে একজন মেডিকেল কর্মকর্তা, একজন সহকারী মেডিকেল কর্মকর্তা এবং দুজন নার্স ছিলেন। তারা তাদের দায়িত্ব পালন করতে ওই ফ্লাইটে ছিলেন।
দুর্ঘটনার পর প্রথমে ঘন কুয়াশা এবং দুর্গম অবস্থানের কারণে উদ্ধারকাজে সমস্যা সৃষ্টি হয়। পরে উদ্ধারকারী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দেশটির ‘বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো’ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সূত্র: মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বেরনামা ও দ্য স্টার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানের নাগোয়া শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী শত শত অ্যাথলেটকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার, মাত্র এক ঘণ্টার মধ্যে শহরটিতে প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর ফলে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয় এবং স্থানীয় কর্তৃপক্ষ কিছু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
নাগোয়া পোর্ট অথরিটির একজন কর্মকর্তা জানান, শহরের গার্ডেন পিয়ার এলাকায় অস্থায়ী আবাসনে থাকা শত শত অ্যাথলেটকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতির উন্নতি হলে তারা আবার তাদের আবাসস্থলে ফিরে যান।
নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানিয়েছেন, কনটেইনারকে আবাসন হিসেবে রূপান্তর করে তৈরি অস্থায়ী ঘরে থাকা প্রায় ৪০০ অ্যাথলেট ও কর্মকর্তা ভারী বৃষ্টির সময় উঁচু এলাকায় আশ্রয় নেন। যদিও কয়েকটি স্থাপনার ছাদ দিয়ে পানি ঢুকেছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
আগামী বৃহস্পতিবার থেকে এশিয়ান গেমসের কয়েকটি প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি ভেন্যুতে বৃষ্টির পানি ঢোকার খবর পাওয়া গেছে। তবে মেয়র হিরোসাওয়া বলেছেন, পরিস্থিতি এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি যে নির্ধারিত সূচি অনুযায়ী গেমস আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হবে।
তিনি বলেন, কিছু ভবনের ছাদ দিয়ে পানি পড়ার মতো সীমিত প্রভাব পড়েছে। তবে ১৯ সেপ্টেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানসহ পুরো আয়োজন চালিয়ে নিতে বড় কোনো বাধা হবে না বলে তারা মনে করছেন।
এবারের এশিয়ান গেমসে নির্দিষ্ট কোনো অ্যাথলেট ভিলেজ রাখা হয়নি। এর পরিবর্তে একটি ক্রুজ জাহাজ, অস্থায়ী কাঠের কনটেইনার ও বিভিন্ন হোটেলে অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও কয়েকটি ইভেন্ট তার আগেই শুরু হবে। বৃহস্পতিবার বাস্কেটবল দিয়ে প্রাথমিক প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার নাগোয়ায় সাময়িকভাবে সাবওয়ে ও বাস চলাচল বন্ধ রাখা হয়। একই সঙ্গে জাপানের আবহাওয়া সংস্থা ওই এলাকার একটি বড় নদীর জন্য সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ৫০০ মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।
এবারের এশিয়ান গেমসে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে, যা সাম্প্রতিক অলিম্পিকের চেয়েও বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ