ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং
নিম্নমানের উড়োজাহাজ ও সেবা

বেবিচক বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি পাঠিয়েছে


বেবিচক বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি পাঠিয়েছে

বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, উড়োজাহাজের ধরন ও বিমান ভাড়া নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে।

আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ রুটে।

বুধবার (১১ নভেম্বর) তারিখে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এ নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপারের ফোন জব্দ

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে কেবিনের বিভিন্ন অংশ যেমন আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিল অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে, প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার নির্দেশনা দিয়েছে বেবিচক। যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বেবিচকের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে যে, কিছু এয়ারলাইন্স বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা প্রদান করছে। এ ধরনের বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ রুটেও উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন মানসম্মত উড়োজাহাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীসেবার মান বজায় রাখার ব্যাপারে বেবিচক কঠোর অবস্থান নিয়েছে। অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়া হয়, বাংলাদেশ রুটেও সেই একই মানের সেবা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীসেবায় বৈষম্য যাতে না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

এ ছাড়া, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এই অবস্থায়, রুটের দূরত্ব ও যাত্রীসেবার মান বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্মত উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমান ভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ে বেবিচক নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে বিরতিতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ এম


হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে বিরতিতে

হামজা চৌধুরী বাংলাদেশ দলের পরিবর্তনের প্রমাণ গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে দেখা যায়। হামজার নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন রূপে মাঠে উপস্থিত হয়।

প্রথম মিনিট থেকেই বাংলাদেশ একের পর এক আক্রমণে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলে। প্রতিটি আক্রমণে হামজা চৌধুরী নেতৃত্ব দেন।

৫, ৭, ১৫ ও ২৫ মিনিটে চারবার গোলের সুযোগ পেলেও হামজা গোল করতে ব্যর্থ হন। অবশেষে ৪৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পান বাংলাদেশ অধিনায়ক।

ইব্রাহিমের পাস থেকে দুই প্রতিপক্ষ খেলোয়াড় ও গোলরক্ষককে পরাস্ত করে হামজা ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। হামজার গোলের পর গ্যালারিতে উল্লাসের ঢেউ ওঠে।

এর আগে ৮ মিনিটে শমিত গোল করেন। এই দুই গোলের মাধ্যমে বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

জাতীয় স্টেডিয়ামে দর্শকরা যে আশায় এসেছিলেন, হামজা ও শমিতরা তাদের পূর্ণ ফুটবল আনন্দ প্রদান করেন। প্রথমার্ধে বাংলাদেশ অন্তত ছয়টি গোলের সুযোগ তৈরি করে।

হামজা একের পর এক প্রচেষ্টায় গোল করতে ব্যর্থ হন। ৫ মিনিটে হামজার উদ্দেশ্যে রাকিব ক্রস দেন, কিন্তু হামজা হেডের চেষ্টা করেও বলের নাগাল পাননি।

তবে বক্সের বাইরে রাকিবকে ফাউল করলে বাংলাদেশ ফ্রি কিক পায়। হামজার নেওয়া সেই ফ্রি কিকে বল গোলপোস্টের উপর দিয়ে উড়ে যায়।

৭ মিনিটে আবার ডান দিক থেকে রাকিব ক্রস দেন, কিন্তু হামজা অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেননি। হামজার গোল না পাওয়ার সময় আনন্দের উপলক্ষ এনে দেন শমিত।

৮ মিনিটেই বাংলাদেশ প্রথম গোল পায়। হামজার দুর্দান্ত ক্রস ফিস্ট করে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।

তবে তিনি সঠিকভাবে করতে পারেননি। বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শট নেন শমিত।

প্রথম প্রচেষ্টায় প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে নিখুঁত শটে গোল করেন শমিত।

এরপর ১৫ মিনিটে বাংলাদেশ আক্রমণে যায়। ডান দিক থেকে রাকিব ক্রস দেন।

গোলরক্ষক পেরেরা বল ক্লিয়ার করার চেষ্টা করেন। বাংলাদেশ কর্নার পায়।

ফরহানের নেওয়া কর্নারে গোলের সুযোগ তৈরি হয়। জটলতার মধ্যে হামজা বল পেয়ে যান।

তার শটে বল গোলপোস্টের ঘেঁষে চলে যায়। ২৫ মিনিটে গোলমুখে হামজার দিকে বল বাড়িয়ে দেন রাকিব।

গোলরক্ষক এগিয়ে এলেও প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধায় গোল পাননি হামজা। দারুণ দক্ষতায় ব্যাক হিলে গোল করার চেষ্টা করেন এই মিডফিল্ডার।

কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। তবে বিরতির আগে হামজা গোলের আনন্দে মাতালেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ এম


বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে সম্পদ, পরিচ্ছন্ন শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন জুবাইদা রহমান। রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের সরকারের উদ্দেশ্য এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকার বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে (থ্রি-আর) কাজ করছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ভাগাড় থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংক্রান্ত বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনাও নিশ্চিত করার উদ্যোগ রয়েছে।

ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে জানিয়ে জুবাইদা রহমান বলেন, এ প্রকল্পে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি বলেন, শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষা সরকারের অন্যতম লক্ষ্য। প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিষ্কারের কাজ চলছে। প্লাস্টিকের প্রাকৃতিক বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি সম্মেলনের গ্রিন জোনে থাকা বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান।

মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে জুবাইদা রহমান বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষপদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এককভাবে কোনো দেশের পক্ষে শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন জুবাইদা রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। বেসরকারি খাতের অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তরুণদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার উদ্যোগে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার ভাষায়, পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণেরা শুধু আগামী দিনের নেতা নন, বর্তমানের সমস্যার সমাধানেও তাদের ভূমিকা রয়েছে।

জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে ফেলে দেওয়ার বস্তু হিসেবে না দেখে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। এ লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্তে শর্করা নিয়ে অহেতুক উদ্বেগ, পাল্টে গেল ৫ প্রচলিত ধারণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ এম


রক্তে শর্করা নিয়ে অহেতুক উদ্বেগ, পাল্টে গেল ৫ প্রচলিত ধারণা

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাস্থ্যবিষয়ক প্রচারণা, পুষ্টিবিদ পরিচয় দেওয়া বিভিন্ন ব্যক্তি এবং স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে রক্তে শর্করার ওঠানামা নিয়ে সচেতনতা সৃষ্টি করছে। তাদের বক্তব্য হলো, রক্তে শর্করার সামান্য ওঠানামাও শরীরে প্রদাহ, ক্লান্তি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, সুস্থ মানুষের ক্ষেত্রে এই উদ্বেগের একটি বড় অংশ অপ্রয়োজনীয়।

ব্রিটিশ সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাসে শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে রক্তে শর্করা নিয়ে পাঁচটি প্রচলিত ধারণার অসংগতি তুলে ধরা হয়েছে।

খাবারের পর রক্তে শর্করা বাড়া অস্বাভাবিক নয়: ভাত, রুটি, আলু কিংবা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। শরীর খাবারের শর্করাকে গ্লুকোজে রূপান্তর করে। এরপর ইনসুলিন হরমোন গ্লুকোজকে রক্ত থেকে কোষে পৌঁছাতে সহায়তা করে। ফলে ধীরে ধীরে শর্করার মাত্রা কমে যায়। এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া।

কিংস কলেজ লন্ডনের পুষ্টিবিজ্ঞানের অধ্যাপক সারাহ বেরি বলেন, "শর্করাজাতীয় খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজ বাড়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। শরীর স্বাভাবিকভাবেই এই ওঠানামা সামাল দিতে পারে।"

প্রতিবার শর্করা বাড়লেই শরীরে ক্ষতিকর প্রদাহ হয় না: খাবার খাওয়ার পর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সাময়িকভাবে সক্রিয় হয়। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ নিকোলা গেস বলেন, "খাবারের পর সামান্য প্রদাহ তৈরি হওয়া স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রে উপকারী।" তবে দীর্ঘদিন ধরে রক্তে শর্করা অতিরিক্ত বেড়ে যাওয়া এবং অস্বাভাবিকভাবে কমে যাওয়ার প্রবণতা থাকলে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়তে পারে।

বিকেলের ক্লান্তির একমাত্র কারণ রক্তে শর্করা নয়: দুপুরের পর কাজের মধ্যে ঝিমুনি বা ক্লান্তি অনুভব করলেই অনেকে রক্তে শর্করার ওঠানামাকে দায়ী করেন। তবে গবেষকদের মতে, এর পেছনে ঘুমের ঘাটতি, মানসিক চাপ এবং ব্যক্তিভেদে শারীরিক বৈশিষ্ট্যও ভূমিকা রাখে। সুস্থ মানুষের ক্ষেত্রে সামান্য শর্করা কমে যাওয়া সাধারণত বিপজ্জনক নয়।

শর্করা নিয়ন্ত্রণে নানা কৌশল সবার প্রয়োজন নেই: খাবারের আগে সবজি খাওয়া, আপেলের সঙ্গে বাদাম মাখন কিংবা রুটির সঙ্গে চর্বিযুক্ত খাবার খাওয়ার মতো কৌশল রক্তে শর্করা বাড়ার গতি কমাতে পারে। তবে অধিকাংশ সুস্থ মানুষের জন্য প্রতিটি খাবারের উপাদান এভাবে হিসাব করার প্রয়োজন নেই। ডায়াবেটিস, প্রি-ডায়াবেটিস কিংবা ইনসুলিন প্রতিরোধের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা বেশি জরুরি।

সুস্থ মানুষের সারাক্ষণ শর্করা মাপার দরকার নেই: ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর এখন অনেক সুস্থ মানুষও ব্যবহার করছেন। বাহুতে লাগানো এই যন্ত্র সারাক্ষণ রক্তে শর্করার পরিবর্তন পর্যবেক্ষণ করে। তবে বিশেষজ্ঞদের মতে, সুস্থ মানুষের নিয়মিত এই যন্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। বরং খাবার নিয়ে অতিরিক্ত উদ্বেগ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের বক্তব্য হলো, শুধুমাত্র রক্তে শর্করার মাত্রা দিয়ে কোনো খাবার স্বাস্থ্যকর কি না, তা বিচার করা সঠিক নয়। কোলেস্টেরল, রক্তচাপ, ওজন এবং সামগ্রিক পুষ্টিগুণও বিবেচনায় নেওয়া উচিত। খাবার শুধুমাত্র শরীরের জ্বালানি নয়, তা উপভোগের বিষয়ও। তাই সুস্থ মানুষের প্রতিটি খাবার খাওয়ার আগে রক্তে শর্করা বাড়ার ভয় পাওয়ার প্রয়োজন নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক তুরস্কে

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

বুধবার, স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সম্মেলনস্থলে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার বিষয়ে যৌথভাবে আলোচনা করা হয়। দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতা দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%