প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাস্থ্যবিষয়ক প্রচারণা, পুষ্টিবিদ পরিচয় দেওয়া বিভিন্ন ব্যক্তি এবং স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে রক্তে শর্করার ওঠানামা নিয়ে সচেতনতা সৃষ্টি করছে। তাদের বক্তব্য হলো, রক্তে শর্করার সামান্য ওঠানামাও শরীরে প্রদাহ, ক্লান্তি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, সুস্থ মানুষের ক্ষেত্রে এই উদ্বেগের একটি বড় অংশ অপ্রয়োজনীয়।
ব্রিটিশ সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাসে শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে রক্তে শর্করা নিয়ে পাঁচটি প্রচলিত ধারণার অসংগতি তুলে ধরা হয়েছে।
খাবারের পর রক্তে শর্করা বাড়া অস্বাভাবিক নয়: ভাত, রুটি, আলু কিংবা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। শরীর খাবারের শর্করাকে গ্লুকোজে রূপান্তর করে। এরপর ইনসুলিন হরমোন গ্লুকোজকে রক্ত থেকে কোষে পৌঁছাতে সহায়তা করে। ফলে ধীরে ধীরে শর্করার মাত্রা কমে যায়। এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া।
কিংস কলেজ লন্ডনের পুষ্টিবিজ্ঞানের অধ্যাপক সারাহ বেরি বলেন, "শর্করাজাতীয় খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজ বাড়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। শরীর স্বাভাবিকভাবেই এই ওঠানামা সামাল দিতে পারে।"
প্রতিবার শর্করা বাড়লেই শরীরে ক্ষতিকর প্রদাহ হয় না: খাবার খাওয়ার পর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সাময়িকভাবে সক্রিয় হয়। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ নিকোলা গেস বলেন, "খাবারের পর সামান্য প্রদাহ তৈরি হওয়া স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রে উপকারী।" তবে দীর্ঘদিন ধরে রক্তে শর্করা অতিরিক্ত বেড়ে যাওয়া এবং অস্বাভাবিকভাবে কমে যাওয়ার প্রবণতা থাকলে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়তে পারে।
বিকেলের ক্লান্তির একমাত্র কারণ রক্তে শর্করা নয়: দুপুরের পর কাজের মধ্যে ঝিমুনি বা ক্লান্তি অনুভব করলেই অনেকে রক্তে শর্করার ওঠানামাকে দায়ী করেন। তবে গবেষকদের মতে, এর পেছনে ঘুমের ঘাটতি, মানসিক চাপ এবং ব্যক্তিভেদে শারীরিক বৈশিষ্ট্যও ভূমিকা রাখে। সুস্থ মানুষের ক্ষেত্রে সামান্য শর্করা কমে যাওয়া সাধারণত বিপজ্জনক নয়।
শর্করা নিয়ন্ত্রণে নানা কৌশল সবার প্রয়োজন নেই: খাবারের আগে সবজি খাওয়া, আপেলের সঙ্গে বাদাম মাখন কিংবা রুটির সঙ্গে চর্বিযুক্ত খাবার খাওয়ার মতো কৌশল রক্তে শর্করা বাড়ার গতি কমাতে পারে। তবে অধিকাংশ সুস্থ মানুষের জন্য প্রতিটি খাবারের উপাদান এভাবে হিসাব করার প্রয়োজন নেই। ডায়াবেটিস, প্রি-ডায়াবেটিস কিংবা ইনসুলিন প্রতিরোধের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা বেশি জরুরি।
সুস্থ মানুষের সারাক্ষণ শর্করা মাপার দরকার নেই: ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর এখন অনেক সুস্থ মানুষও ব্যবহার করছেন। বাহুতে লাগানো এই যন্ত্র সারাক্ষণ রক্তে শর্করার পরিবর্তন পর্যবেক্ষণ করে। তবে বিশেষজ্ঞদের মতে, সুস্থ মানুষের নিয়মিত এই যন্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। বরং খাবার নিয়ে অতিরিক্ত উদ্বেগ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের বক্তব্য হলো, শুধুমাত্র রক্তে শর্করার মাত্রা দিয়ে কোনো খাবার স্বাস্থ্যকর কি না, তা বিচার করা সঠিক নয়। কোলেস্টেরল, রক্তচাপ, ওজন এবং সামগ্রিক পুষ্টিগুণও বিবেচনায় নেওয়া উচিত। খাবার শুধুমাত্র শরীরের জ্বালানি নয়, তা উপভোগের বিষয়ও। তাই সুস্থ মানুষের প্রতিটি খাবার খাওয়ার আগে রক্তে শর্করা বাড়ার ভয় পাওয়ার প্রয়োজন নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন