শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৪৫ পি.এম
নাটোর, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার সিংড়ায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় উপজেলার বিয়াশ বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত এই জরিমানা আরোপ করেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, বিয়াশ বাজারের খুচরা সার বিক্রি প্রতিষ্ঠান মেসার্স হামিদ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে অবৈধ ২২৬ বস্তা সার মজুত পাওয়া যায়। সার ব্যবস্থাপনা আইনের আওতায় ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী হামিদুল ইসলামের ছেলে রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে আরও ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। একই সাথে ওই গুদামে মজুত সার সরকারি মূল্যে একদিনের মধ্যে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
পরে বিয়াশ চারমাথা মোড়ে কীটনাশক ব্যবসায় প্রতিষ্ঠান তরিকুল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমানকে সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ব্যবসায়ীকে মজুত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসরিফুল ইসলাম এবং সিংড়া থানা পুলিশের সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপার জন্মদিন আজ ১১ সেপ্টেম্বর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ৫৬ বছর পেরিয়ে ৫৭ বছরে পা দিয়েছেন। তবে এবারের জন্মদিন উপলক্ষে তিনি নিজের পক্ষ থেকে বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।
সম্প্রতি ইতালি, সুইডেন ও লন্ডনে ধারাবাহিক মঞ্চ পরিবেশনা শেষে দেশে ফিরেছেন কনক চাঁপা। বিদেশের ব্যস্ততা শেষ করে জন্মদিনটি তিনি দেশের মাটিতেই কাটাতে চান। পরিবারের সদস্য ও ভক্তদের ভালোবাসাই তার জন্য দিনটিকে বিশেষ করে তুলবে বলে মনে করেন এই শিল্পী।
জন্মদিনের আয়োজন সম্পর্কে কনক চাঁপা জানান, পূর্বে তার মেয়ে জন্মদিনের জন্য বিভিন্ন পরিকল্পনা করতেন। বর্তমানে মেয়ে দেশের বাইরে থাকায় সে সুযোগ আর নেই। ছেলে কিছুটা লাজুক স্বভাবের হলেও পুত্রবধূ রান্নাবান্নার মাধ্যমে পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করেন। তবে শিল্পীর নিজস্ব ইচ্ছা, অনেকটা নীরবভাবেই যেন জন্মদিনটি কাটে।
ভক্তদের ভালোবাসার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন কনক চাঁপা। তিনি বলেন, "কিছু ভক্ত তাকে না জানিয়েই জন্মদিনে চমক দেওয়ার চেষ্টা করেন।" তাই এবারের জন্মদিনেও এমন কোনো আয়োজন হতে পারে বলে তিনি মনে করছেন।
বয়স নিয়ে কোনো আক্ষেপ নেই এই শিল্পীর। ৫৭ বছরে পা রাখাকে তিনি জীবনের স্বাভাবিক নিয়ম হিসেবেই দেখছেন। একই সঙ্গে ১১ সেপ্টেম্বর তারিখটিও তার কাছে বিশেষ প্রিয় বলে জানিয়েছেন। তিনি সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন।
এদিকে আপাতত নতুন কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই কনক চাঁপার। নিয়মিত গান প্রকাশের সময় বদলালেও সংগীত থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। নব্বইয়ের দশকে চলচ্চিত্রের গানে শক্ত অবস্থান তৈরি করা এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পাশাপাশি দেশ-বিদেশে নিয়মিত মঞ্চ পরিবেশনও করে যাচ্ছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক বিরোধী র্্যালি,, ১১/০৯/২০২৬ ইং রোজ শুক্রবার সকাল ১০ টার সময় টাংগাইল সদর উপজেলার ১ নং মগড়া ইউনিয়ন এর ভায়েটা গ্রামে এ আয়োজন করা হয়, উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার এসআই আনোয়ার ও ভাইটা গ্রামের যুবসমাজ এবং মুরুব্বিয়ান,আয়োজনের মূল বিষয় হলো ভাইটাগ্রামকে একটি আদর্শ ও শিক্ষিত এবং মাদক মুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করা ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীতে মোটরসাইকেল চুরি প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কোতোয়ালি মডেল থানার এসআই তালেবের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মোটরসাইকেল চুরির অভিযোগে চোর সিন্ডিকেটের মূল হোতা আকাশ সাহাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর টাউন হল এলাকার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে আকাশ সাহাকে আটক করা হয়। অভিযানে এসআই তালেবের সঙ্গে কোতোয়ালি মডেল থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আকাশ সাহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়টি সামনে আসার পর থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে শনাক্ত ও আটকের জন্য তৎপর ছিল।
একপর্যায়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে এসআই তালেব তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে টাউন হল এলাকার নিজ বাসা থেকে আকাশ সাহাকে আটক করতে সক্ষম হন। একই অভিযানে একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই তালেবের এই অভিযানকে বিএমপি পুলিশের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করা হয়। বিশেষ করে মোটরসাইকেল চুরির মতো সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের অবস্থান নিশ্চিত করা এবং ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করার ক্ষেত্রে তার সাহসিকতা ও পেশাগত দক্ষতা প্রশংসার দাবি রাখে।
পুলিশের দায়িত্ব পালনে শুধু নিয়মিত টহল কিংবা সাধারণ অভিযান নয়, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, আসামির অবস্থান শনাক্ত এবং সঠিক সময়ে অভিযান পরিচালনার দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআই তালেবের সাম্প্রতিক অভিযানগুলোতে এমন পেশাদারিত্বেরই প্রতিফলন দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
এর আগেও এসআই তালেব সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিভিন্ন অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের শনাক্ত ও আটক করে সুনাম অর্জন করেছেন বলে জানা গেছে।
বরিশাল নগরীতে মোটরসাইকেল চুরি নিয়ে দীর্ঘদিন ধরেই ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির পর সেগুলো অন্য এলাকায় নিয়ে বিক্রি করার অভিযোগও রয়েছে সংঘবদ্ধ চক্রগুলোর বিরুদ্ধে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক আকাশ সাহাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মোটরসাইকেল চুরির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং চুরি হওয়া মোটরসাইকেল কোথায় সরবরাহ বা বিক্রি করা হতো—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআই তালেবের নেতৃত্বে পরিচালিত এই অভিযান আবারও দেখিয়ে দিয়েছে, অপরাধ দমনে দায়িত্বশীল পুলিশ সদস্যদের তৎপরতা ও সাহসিকতা কতটা গুরুত্বপূর্ণ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এ ধরনের অভিযান আরও জোরদার হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনলাইন নিউজ পোর্টাল ‘তালাশ বিডি’তে প্রকাশিত একটি বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদনের তোপের মুখে নড়েচড়ে বসেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অনুসন্ধানী সেই খবরের জের ধরে সফল অভিযান চালিয়ে নগরীর কাউনিয়া এলাকা থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও চিহ্নিত মাদক কারবারি সুমন হাওলাদার ওরফে মান্না সুমনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে কাউনিয়া থানা পুলিশের একটি চৌকস ও বিশেষ অভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। আটককৃত মান্না সুমন কাউনিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার নূর ইসলাম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ‘তালাশ বিডি’তে "মোহাম্মদপুরের পর রসুলপুরে আস্তানা, ড্রোনে মাদক সরবরাহের অভিযোগ মান্না সুমন-শিল্পীর বিরুদ্ধে" শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। চাঞ্চল্যকর এই সংবাদটি বিএমপি পুলিশ কমিশনারের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই তিনি অপরাধীদের দ্রুত আইন ও বিচারের আওতায় আনতে কঠোর নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনারের এই তাৎক্ষণিক ও ইতিবাচক পদক্ষেপের পর কাউনিয়া থানা পুলিশ দ্রুত অ্যাকশনে নামে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পলাশপুর ও রসুলপুর এলাকার আতঙ্ক কুখ্যাত এই মাদক সম্রাটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। একই সাথে তার স্ত্রী এবং পেশাদার মাদক কারবারি শিল্পী বেগমকে গ্রেপ্তারেও পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে এবং তাকে ধরতে অভিযান জোরদার করা হয়েছে।
এ বিষয়ে 'তালাশ বিডি'র বরিশাল ব্যুরো থেকে যোগাযোগ করা হলে কাউনিয়া থানার দায়িত্বশীল ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) পুলিশের অপরাধবিরোধী অবস্থান ও সংবাদের প্রভাব তুলে ধরে বলেন, “গতকাল 'তালাশ বিডি'তে মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগমকে নিয়ে যে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল, তা আমাদের মান্যবর পুলিশ কমিশনার স্যারের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে আসামিদের আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন। স্যারের দিকনির্দেশনায় আমরা দ্রুততার সাথে অভিযান চালিয়ে আজ ভোরে কুখ্যাত এই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে বিএমপি পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
বিএমপি পুলিশ কমিশনারের তাৎক্ষণিক পদক্ষেপ ও কাউনিয়া থানা ওসির সাহসী ভূমিকা নগরবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সময়োপযোগী ও জোরালো এই অভিযানের জন্য স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ কাউনিয়া থানা পুলিশ এবং বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেছেন।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ