০২:৪৪ এম
দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৭৭ সাল থেকে এখন পর্যন্ত ৩০০ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অপারেশনে নিহত হয়েছেন ২১৭ জন। ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগে মৃত্যু ঘটেছে ৪১ জনের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং অন্যান্য কারণে মারা গেছেন পাঁচজন। সংশ্লিষ্ট ও নির্ভরযোগ্য সূত্রের এই হিসাবের বাইরেও বিজিবি (আগের বিডিআর), পুলিশ, আনসার সদস্যদের হতাহতের সংখ্যা রয়েছে।
এটি জানা গেছে যে, বিজিবির সদস্যদের মধ্যে নিহত হয়েছেন প্রায় ১১০ জন। এছাড়া ৩৫ হাজারের বেশি বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনেক এলাকায় আগুনে পুড়িয়ে, জবাই করে এবং গুলি করে গণহত্যার ঘটনাও ঘটেছে। অনেকের বাড়ি-ঘর পুড়িয়ে নিশ্চিহ্ন করা হয়েছে। স্থানীয় বাঙালি জনগোষ্ঠী প্রতিবছরই ভুষণছড়া গণহত্যা, ২৯ এপ্রিল মাটিরাঙ্গার তাইন্দং ট্র্যাজেডি, ১৭ এপ্রিল নানিয়ারচর গণহত্যা দিবসসহ আরো অনেক হত্যাকাণ্ডের বিষয়টি স্মরণ করেন। বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর জন্যও এই রক্তাক্ত পরিস্থিতি কম বেদনার নয় বলে স্থানীয়রা মনে করেন। প্রতিরোধ ও প্রতিশোধের ফলে অনেকের জীবন ঝরে গেছে।
প্রতিবছর ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি দিবসটি সামনে রেখেও এসব শোকাবহ ঘটনার কথা স্মরণ করা হয়। প্রশ্ন উঠছে, শান্তিচুক্তির পরও আঞ্চলিক সংগঠনগুলো কেন অস্ত্রত্যাগ করার পরিবর্তে অস্ত্রভাণ্ডার আরো আধুনিক ও ভারী আগ্নেয়াস্ত্রে সমৃদ্ধ করার প্রতিযোগিতায় লিপ্ত? বিবদমান আঞ্চলিক দলগুলোর নিজেদের মধ্যে প্রাণঘাতী হানাহানি কবে বন্ধ হবে? কাদের জন্য শান্তিচুক্তির পুরোপুরি বাস্তবায়ন আটকে আছে?
আরও পড়ুন: মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৬ জন আহত ও ৫০টির বেশি ককটেল বিস্ফোরণ
গত ১১ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানান, গত পাঁচ বছরে ৮১টি হামলায় ৩১৬ জন নিহত এবং ৪৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন ৫৫ জন। এই সময়ে তিন পার্বত্য জেলায় ২৯৭টি অপহরণের, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায়ের ও ৩৭৭টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র অবস্থান দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়। অভিযোগ উঠেছে, সীমান্তের ওপারেও তাদের চলাচল, অবস্থান ও প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। মিজোরামের পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিজ অ্যাসোসিয়েশন (পামরা) সম্প্রতি গণমাধ্যমকে জানায়, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীরা মিজোরাম সীমান্তবর্তী জেলা লংলেইতে ছয়টি এবং মামিত জেলায় দুটি সশস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছে, যা মিজোরামের নিরাপত্তার জন্য হুমকি।
এছাড়া গত বছর ত্রিপুরার গোমতী জেলার অম্বরপুর মহাকুমার সচেতন নাগরিক ফোরামের ব্যানারে প্রায় এক হাজার মানুষ তাদের সীমান্ত অঞ্চল থেকে জেএসএসের ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করে এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের জেএসএস (সন্তু) গোষ্ঠীর সদস্যরা অস্ত্র, মাদক-ইয়াবা, বার্মিজ সিগারেট ও গরু পাচার এবং ত্রিপুরা ও মিজোরামের যুবকদের ধ্বংস করার সঙ্গে জড়িত। ২০২৫ সালের ১৯ জুন আসাম রাইফেলস মিজোরামের লংলেই থেকে ১০ কোটি টাকা মূল্যের মাদক জব্দ করে; ওই বছরের ১২ ফেব্রুয়ারি তাদের কাছ থেকে মিজোরাম পুলিশ দুটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, পাঁচটি মার্কিন-নির্মিত এম-৪ কারবাইন, ২০টি ম্যাগাজিন এবং চার হাজার ৬৭৫ রাউন্ড ৫.৫৬ মিমি গোলাবারুদ বাজেয়াপ্ত করে। এ ছাড়া ২০২৫ সালের ৪ জুন ত্রিপুরা পুলিশ জেএসএসের ১৩ জন ক্যাডারকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠায়।
আরও পড়ুন: ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ
বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, জেএসএস (সন্তু) একটি আন্তর্দেশীয় পাচারকারী চক্রে পরিণত হয়েছে এবং ত্রিপুরা ও মিজোরামে এই চক্রের কিংপিন হলেন ফিল্ড কমান্ডার প্রণতি বিকাশ চাকমা, ডেপুটি ফিল্ড কমান্ডার আয়ুষ্মাণ চাকমা বুলবুল, রাজনৈতিক সম্পাদক সত্যবীর দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক শক্তি কুমার চাকমা। এ ছাড়া কুমার চাকমা, ভবদত্ত চাকমা, আবকাশ লারমা, উষা বিন্দু খীসা, আশাপূর্ণা চাকমা, সমাজ প্রিয়া চাকমা প্রমুখও রয়েছেন। মিজোরাম ও ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেদিনের ওই বিক্ষোভের ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। ইন্ডিয়া টুডের অনলাইন ভার্সনে ‘চাকমা রেবেলস ফ্রম বাংলাদেশ ট্রেনিং ইন মিজোরাম’ শিরোনামে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে জেএসএসের (সন্তু লারমা) সশস্ত্র জনবল বর্তমানে ৩৯০ থেকে ৪১০ জনের মতো। তিনটি কম্পানির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয়। রাঙামাটি জেলার রাজস্থলি ও বিলাইছড়ির দায়িত্বে রয়েছে কলিন্স চাকমার নেতৃত্বে ঈগল কম্পানি। সহকারী কম্পানি কমান্ডার হিসেবে রয়েছে মন্তো মারমা। থানচি উপজেলার বলিপাড়া ইউপির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করে এরা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। রাঙামাটির বরকল, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার দায়িত্বে রয়েছে ফরমোন কম্পানি। এই কম্পানির কমান্ডার বুলবুল চাকমা মিজোরামে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করেন। জেলার সদর, কাপ্তাই, জুরাছড়ির একাংশ ও কাউখালীর একাংশ চিম্বুক কম্পানির দায়িত্বে। এই কম্পানির কমান্ডার সাইমন চাকমা। শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফের (মূল) রয়েছে শ্রাবণ চাকমার পাইনিয়র এবং তরেন চাকমার জাগোয়ার কম্পানি। জনবল ১২৫ থেকে ৩০০ জনের মতো। পাইনিয়র কম্পানির দায়িত্ব কাউখালী সদর বর্মাছড়ি, কচুছড়ি, ডেবাপাড়া, পানছড়ি ও সদর উপজেলার কুতুকছড়ি এলাকায়।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সীমান্তগুলোতে এখন জেএসএসের (সন্তু লারমা) আধিপত্য বজায় রয়েছে। রাঙামাটিতে ৮৫ শতাংশ এলাকা, বান্দরবানে শতভাগ এবং খাগড়াছড়িতেও ৩০ শতাংশ সংগঠনটির প্রভাববলয়ে। এই সংগঠনটির প্রতিপক্ষ ইউপিডিএফ ক্রমে তাদের আধিপত্য হারাচ্ছে। সম্প্রতি এই দুই সংগঠনের মধ্যে প্রভাব বিস্তারকেন্দ্রিক বিরোধের কারণে সাজেকের পর্যটনশিল্প স্থবির হয়ে পড়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজির দায়িত্বে কারা রয়েছে, উপজেলাভিত্তিক সেই তালিকাও রয়েছে। তবে নানা কারণে গ্রেপ্তার অভিযান নেই। রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুুর রকিব কালের কণ্ঠকে বলেন, আমাদের কাছে কেউ আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজির অভিযোগ করলে আমরা জানতে পারি। অভিযোগ সুনির্দিষ্ট হলে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ না এলে কিছুই করার থাকে না।
আরও পড়ুন: জামায়াত আমিরের সনাতনী শিক্ষার্থীর সঙ্গে বাহাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে চাঁদাবাজদের তালিকা ও তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছে। রাঙামাটির ক্ষেত্রে কি আলাদা নিয়ম—এ প্রশ্নে তিনি বলেন, এখানেও তালিকা প্রস্তুত রয়েছে।
এদিকে সশস্ত্র অবস্থান ও চাঁদাবাজিসহ অন্যান্য অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ধরনের প্রশ্নের উত্তর তাঁরা এড়িয়ে চলেন এবং শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার জন্য আগের সরকারগুলোকে দায়ী করে থাকেন।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপকুমার চাকমা কালের কণ্ঠকে বলেন, আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। শান্তিচুক্তি কতটা বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন—এই প্রশ্নে তিনি বলেন, কতটা বাস্তবায়ন হয়েছে এ বিষয়েও আমার কথা বলা ঠিক হবে না। তবে শান্তিচুক্তির সুফল তো রয়েছে। সন্তু লারমা এই চুক্তির কারণেই প্রতিমন্ত্রীর মর্যাদায় পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। একটানা এত বছরের দায়িত্ব পালনে তিনি তো বিশ্ব রেকর্ড করে ফেলেছেন।
এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি নিজের শৈশবের স্মৃতিচারণা করে বলেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন। তিনি চেয়েছিলেন মালয়েশিয়ার কমিউনিস্ট বিদ্রোহ দমনে নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির আদলে এই এলাকার সমস্যার সমাধান। সেই উদ্যোগের সুফল আমরা পাচ্ছি। আজ যেখানে আমার অফিস, সেখানে তো একসময় জঙ্গল ছিল। অনেক দুর্গম এলাকায় যাতায়াত সুবিধা বেড়েছে।
আরও পড়ুন: বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরাচ্ছে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, পার্শ্ববর্তী দেশ জন্ম থেকেই বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করে আসছে। গণতন্ত্রের পথে তবে আমাদের অগ্রযাত্রা কেন, ষড়যন্ত্রই থামাতে পারবে না। একটা সময় তো পাহাড়ি ও বাঙালি একে অপরের সঙ্গে কথা বলত না। সেই অবস্থা এখন আর নেই। এখানে সাধারণ মানুষ শান্তি চায়। অস্ত্র সমস্যার সমাধান করে না। শান্তির কোনো বিকল্প নেই। ভূমি বিরোধসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন