প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানান, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় শুকুকে হাসপাতালের আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন মাতিয়া বানু শুকু। কিডনির জটিলতাও তাঁর শারীরিক অবস্থাকে আরও খারাপ করে তোলে। ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তখন তাঁর শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় চিকিৎসকরা তাঁর পরবর্তী চিকিৎসা ও লাইফ সাপোর্টের বিষয়েও আলোচনা করেছিলেন। ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নাট্যকার ও পরিচালক শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিছবি ও ধারাবাহিক নাটক। ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ তাঁর উল্লেখযোগ্য একক নাটক। নির্মাণের নিজস্বতা ও গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির কারণে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। ২০২১ সালে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার আর্থিক সংকটে পড়েছিল। সরকারের সহযোগিতাও চেয়েছিলেন নির্মাতা নূরুল আলম আতিক। তবে শুকুর সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা সাধ্যমতো পাশে থেকেছেন। যদিও শেষ পর্যন্ত তাঁকে ধরে রাখা গেল না।
গতকাল সকাল ৯টায় শুকুর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। ১১টায় নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ জুমা অনুষ্ঠিত হয় তাঁর জানাজা। পরে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে মাতিয়া বানু শুকুকে সমাহিত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন