ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শীতে ফুসফুসের বিপদ বাড়ে


শীতে ফুসফুসের বিপদ বাড়ে

ফুসফুস প্রতিনিয়ত বাইরের বাতাসের সংস্পর্শে থাকে। ফলে আবহাওয়ার পরিবর্তন, ধুলাবালি, ধোঁয়া ও জীবাণুর প্রভাব শ্বাসনালিতে সরাসরি পড়ে। শীতকালে বৃষ্টি কম হওয়ায় বাতাসে ধুলাবালি দীর্ঘ সময় ভেসে থাকে। অন্যদিকে, ঘরবাড়ি ও জনসমাগমপূর্ণ স্থানে মানুষের কাছাকাছি অবস্থানের কারণে ভাইরাস সহজে একজনের শরীর থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। এই সময় ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাসসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া জীবাণু অন্যের শরীরে প্রবেশ করে। এর ফলে দেখা দেয় সর্দি, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, গলা ব্যথা, কাশি ও জ্বরের মতো উপসর্গ।

অনেকের ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণ সেরে গেলেও কাশি থেকে যায়। শ্বাসনালি অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ায় দু-তিন সপ্তাহ পর্যন্ত কাশি চলতে পারে। তবে, যদি আগে থেকেই হাঁপানি বা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ থাকে, তাহলে সংক্রমণের প্রভাব আরো দীর্ঘস্থায়ী হতে পারে। শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে; এমনকি হাসপাতালে ভর্তি করার প্রয়োজনও হতে পারে।

যাদের ঝুঁকি বেশি

আরও পড়ুন: কেমোথেরাপি নিয়ে অযথা আতঙ্ক না হওয়ার পরামর্শ চিকিৎসকদের

শিশু, বিশেষ করে ছোট বয়সী শিশু, ষাটোর্ধ্ব ব্যক্তি এবং হাঁপানি ও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্তদের শীতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘদিনের ফুসফুসের রোগের কারণে শ্বাসনালির স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ধূমপানও ফুসফুসের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ফুসফুস থেকে জীবাণু ও ধুলাবালি বের করে দেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায় এবং অসুস্থতা থেকে সেরে উঠতেও বেশি সময় লাগে।

সাধারণ কাশি নাকি নিউমোনিয়া

নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণ। এতে ফুসফুসের বাতাস চলাচলের ছোট ছোট থলিতে প্রদাহ হয়। সেখানে তরল বা পুঁজ জমতে পারে। এর ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া দ্রুত গুরুতর হয়ে উঠতে পারে। শীতকালে কাশি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কাশির সঙ্গে ঘন বা পুঁজের মতো কফ, জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট কিংবা রক্ত গেলে সতর্ক হতে হবে। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিউমোনিয়া হলে দ্রুত রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ। নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। কারণ ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর হয় না।

হাঁপানি ও সিওপিডি রোগীদের প্রয়োজন বাড়তি সতর্কতা।

আরও পড়ুন: বাংলাদেশ-ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

হাঁপানি বা অ্যাজমা শ্বাসনালির দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ। এতে শ্বাসনালি সংকুচিত হয়ে শ্বাসকষ্ট, বুকে চাপ, শোঁ শোঁ শব্দ ও কাশি হতে পারে। শীতের বাতাস, ধুলাবালি ও ভাইরাসের সংক্রমণে এসব উপসর্গ বেড়ে যায়।

অন্যদিকে, সিওপিডি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ। এতে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয় এবং ফুসফুস থেকে বাতাস বের করতে সমস্যা দেখা দেয়। ধূমপান এ রোগের অন্যতম প্রধান কারণ। আক্রান্ত ব্যক্তির কাশি, কফ ও শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

হাঁপানি ও সিওপিডি রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনহেলার ব্যবহার করতে হবে। শ্বাসকষ্ট কমে গেলেও নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করা যাবে না।

ইনহেলারের সঠিক ব্যবহার

আরও পড়ুন: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬১৯ নতুন রোগী

সরাসরি ফুসফুসে ওষুধ পৌঁছে দেওয়ার কার্যকর পদ্ধতি ইনহেলার। কিন্তু সঠিক নিয়মে ব্যবহার না করলে ওষুধের পুরো উপকার পাওয়া যায় না। ইনহেলার ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। প্রথমে শ্বাস ছেড়ে বুকের বাতাস বের করে মুখে ইনহেলার লাগাতে হবে। এরপর ধীরে ধীরে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ইনহেলারে চাপ দিতে হবে। ওষুধ নেওয়ার পর প্রায় পাঁচ সেকেন্ড শ্বাস আটকে রেখে ধীরে ধীরে ছাড়তে হবে। ছোট শিশু এবং যারা শ্বাস নেওয়ার সঙ্গে ইনহেলারে চাপ দেওয়ার সমন্বয় করতে পারে না, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে স্পেসার ব্যবহার করা যেতে পারে। স্টেরয়েডযুক্ত ইনহেলার ব্যবহারের পর ভালোভাবে মুখ কুলি করতে হবে। এতে মুখ ও গলায় ছত্রাকের সংক্রমণের ঝুঁকি কমে।

কাশির সঙ্গে রক্ত গেলে

দীর্ঘদিন ধূমপান করেছে এমন কারো কাশির সঙ্গে সামান্য রক্ত গেলেও অবহেলা করা যাবে না। এটি সংক্রমণ, যক্ষ্মা কিংবা ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সীদের এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

যক্ষ্মার চিকিৎসা অসম্পূর্ণ রাখা যাবে না।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে মৃত্যুহীন, হাসপাতালে ভর্তি ৬১৯ জন

যক্ষ্মা এখন নিরাময়যোগ্য রোগ। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত ওষুধ খেতে হবে। মাঝপথে ওষুধ বন্ধ করলে যক্ষ্মার জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠতে পারে। তখন চিকিৎসা আরো কঠিন ও দীর্ঘমেয়াদি হয়ে যায়। পরিবারের কারো যক্ষ্মা শনাক্ত হলে তার ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদেরও প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত।

টিকা নিতে হবে যাদের

ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর টিকা শীতকালীন ভাইরাসজনিত সংক্রমণ থেকে সুরক্ষায় সহায়তা করে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ছোট শিশু এবং হাঁপানি, সিওপিডিসহ দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টিকা নেওয়া উচিত। নিউমোকক্কাল টিকাও নির্দিষ্ট কিছু জীবাণুর কারণে হওয়া নিউমোনিয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় কার কখন কোন টিকা প্রয়োজন, তা চিকিৎসক নির্ধারণ করবেন।

লেখক : বিভাগীয় প্রধান, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

আরও পড়ুন: খেজুরের রস খাওয়ার আগে সাবধান, নিপাহ ভাইরাসের বিপদ আছে

ফুসফুস ভালো রাখতে করণীয়

♦ ধুলাবালি, ধোঁয়া ও বায়ুদূষণ থেকে যথাসম্ভব দূরে থাকুন।

♦ নির্মাণকাজের স্থান, ধুলাবালিপূর্ণ রাস্তা ও জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক ব্যবহার করুন।

♦ বাইরে থেকে ফিরে এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।

আরও পড়ুন: পুরুষের শরীরে নীরবে বাসা বাঁধে যেসব রোগ, চিকিৎসকের সতর্কতা

♦ ধূমপান ও পরোক্ষ ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলুন।

♦ সুষম খাবার খান। খাদ্যতালিকায় শাক-সবজি, ফল, প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি রাখুন।

♦ নিয়মিত হাঁটাচলা ও শরীরচর্চা করুন। তবে অসুস্থ অবস্থায় ব্যায়ামের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

♦ হাঁপানি ও সিওপিডি রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনহেলার ব্যবহার করুন।

♦ দীর্ঘস্থায়ী কাশি, জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট কিংবা কাশির সঙ্গে রক্ত গেলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকুকে ধরে রাখা গেল না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ এম


জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকুকে ধরে রাখা গেল না

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানান, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় শুকুকে হাসপাতালের আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন মাতিয়া বানু শুকু। কিডনির জটিলতাও তাঁর শারীরিক অবস্থাকে আরও খারাপ করে তোলে। ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তখন তাঁর শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় চিকিৎসকরা তাঁর পরবর্তী চিকিৎসা ও লাইফ সাপোর্টের বিষয়েও আলোচনা করেছিলেন। ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নাট্যকার ও পরিচালক শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিছবি ও ধারাবাহিক নাটক। ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ তাঁর উল্লেখযোগ্য একক নাটক। নির্মাণের নিজস্বতা ও গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির কারণে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। ২০২১ সালে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার আর্থিক সংকটে পড়েছিল। সরকারের সহযোগিতাও চেয়েছিলেন নির্মাতা নূরুল আলম আতিক। তবে শুকুর সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা সাধ্যমতো পাশে থেকেছেন। যদিও শেষ পর্যন্ত তাঁকে ধরে রাখা গেল না।

গতকাল সকাল ৯টায় শুকুর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। ১১টায় নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ জুমা অনুষ্ঠিত হয় তাঁর জানাজা। পরে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে মাতিয়া বানু শুকুকে সমাহিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর তিক্ততার অবসান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ এম


ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর তিক্ততার অবসান

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির সেটে প্রেমের সূচনা ঘটে। প্রায় এক দশক ধরে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির প্রেম ও সংসারের খবর সারা বিশ্বের গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।

তাঁদের ভক্তরা তাঁদের ‘ব্রাঞ্জেলিনা’ নামে অভিহিত করেছিলেন। হলিউডে এমন একটি আদর্শ দম্পত্তি দীর্ঘদিন দেখা যায়নি।

কিন্তু সেই ব্রাঞ্জেলিনা ২০১৬ সালে বিচ্ছেদের আবেদনের পর একে অপরের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হন। বিচ্ছেদের পরের তিক্ততা যেন কোনোভাবেই কমছিল না।

আট বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছর তাঁদের ডিভোর্স চূড়ান্ত হয়। তবুও, তিক্ততা কমার লক্ষণ দেখা যাচ্ছিল না।

ফ্রান্সের ঐতিহাসিক আঙুর ক্ষেত ও ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’ নিয়ে আদালতে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি চলছিল। অবশেষে বুধবার, তাঁরা সেই বিরোধের সমাপ্তি ঘটিয়েছেন।

পিট ও জোলির প্রতিনিধিদের পক্ষ থেকে দেওয়া একটি যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পরিবারের সর্বোত্তম স্বার্থের কথা বিবেচনা করে আমরা আদালতের বাইরেই বিষয়টির মীমাংসা করে নিয়েছি এবং এ নিয়ে আর কোনো মন্তব্য করব না।’ সংবাদমাধ্যমে ‘সূত্রের’ বরাত দিয়ে ছড়ানো গুজব সম্পর্কে তাঁরা কান না দেওয়ার অনুরোধও জানিয়েছেন।

২০০৮ সালে ফ্রান্সের বিলাসবহুল ‘শ্যাটো মিরাভাল’ কিনেছিলেন পিট ও জোলি। ২০১৪ সালে সেখানেই তাঁদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

২০১৬ সালে বিচ্ছেদের আবেদনের পর, জোলি পিটের অনুমতি ছাড়াই একটি রুশ প্রতিষ্ঠানের কাছে নিজের অংশ বিক্রি করে দেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ৬২ বছর বয়সী পিট মামলা দায়ের করেন।

জবাবে, ৫১ বছর বয়সী জোলিও পাল্টা মামলায় অভিযোগ আনেন যে, ২০১৬ সালে একটি প্রাইভেট জেটে মদ্যপ অবস্থায় পিট তাঁকে ও সন্তানদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন, যদিও পিট বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশন এক্সট্রিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ এম


মিশন এক্সট্রিম

অভিনয়ে আরিফিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী উপস্থিত থাকবেন। পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে, দীপ্ত টিভিতে।

গল্পের সারসংক্ষেপ হলো, বিদেশি জঙ্গি সংগঠনের লক্ষ্যবস্তু হয়ে বাংলাদেশে কিছু হামলার পরিকল্পনা করে একটি জঙ্গি দল। তাদের নেতা হলেন খালিদ।

কিছু বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত শুরু করে। এই ইউনিটের নেতৃত্বে রয়েছেন নাবিদ আল শাহরিয়ার।

নাবিদ তার দলের আরো দুই সদস্য সুমিত ও ইরাকে নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা জানতে পারে, হামলাগুলোর মূল পরিকল্পনা দুবাই থেকে তৈরি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৬ জন আহত ও ৫০টির বেশি ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ এম


মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৬ জন আহত ও ৫০টির বেশি ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। এই সংঘর্ষের ফলে অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন লাগানো হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ মিছিলটি কালকিনি থানার দিকে যাওয়ার সময় মাছবাজারের কাছে বিএনপির নেতাকর্মীদের বাধার সম্মুখীন হয়।

এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপের কারণে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের মধ্যে দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আতঙ্কিত সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ে সরে যান। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ছয়জনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%