০২:৫৬ এম
নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চালিত অটোরিকশা এবং বাইসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে সুশীল বিশ্বশর্মা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক জুয়েল মিয়া (৩০) এবং কামরুন্নাহার (৪০)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুশীল বিশ্বশর্মা মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামের স্বর্গীয় রমনী বিশ্বশর্মার পুত্র।
আরও পড়ুন: বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক বৃদ্ধ নিহত, মহাসড়ক অবরোধ
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে কেন্দুয়া আসার সময় মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে বাইসাইকেল আরোহী সুশীল বিশ্বশর্মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তিনি মারা যান।
অন্যদিকে, গুরুতর আহত জুয়েল মিয়া এবং কামরুন্নাহারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, "এইমাত্র শুনেছি সুশীল বিশ্বশর্মা নামের এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন, ১৬ যাত্রী রক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন