প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র সমালোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে মানুষের প্রাণহানি বৃদ্ধি পাওয়ার অভিযোগও করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, "পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী। তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতোই বিষয়টি অদ্ভুত।"
সম্প্রতি ট্রাম্প চীনে পুতিনের সঙ্গে বৈঠকের একটি ছবি প্রকাশ করেন, যেখানে দুই নেতাকে আলিঙ্গন করতে দেখা যায়। এ নিয়ে জেলেনস্কির বিস্ময় প্রকাশ করেন।
জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মস্কোর ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না ওয়াশিংটন। তিনি মনে করেন, ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের অবস্থান অনেক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
চলতি মাসের শুরুতে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ডিসেম্বরে আবারও আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে।
জেলেনস্কি বলেন, "আগ্রাসী ও আক্রান্ত, দুপক্ষের প্রতি নিরপেক্ষ থাকার চেষ্টা করা মানে একই সঙ্গে উভয় পক্ষকে সমর্থন করা। এটি সঠিক অবস্থান নয়।" তিনি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী মিত্রদের রাশিয়াকে চাপে রাখতে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এদিকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বড় ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দেওয়ায় ইউক্রেন প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র পাচ্ছে না। এই ঘাটতি মানুষের জীবনহানি ঘটাচ্ছে।
তিনি আরও জানান, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য পর্যাপ্ত ইন্টারসেপ্টর নেই।
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাজধানী কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এতে শহরটি কার্যত দুই ভাগে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যুৎ সংকট ও অব্যাহত হামলার কারণে কিয়েভের অনেক বাসিন্দা শীত মৌসুমের আগেই শহর ছেড়ে চলে গেছেন। বাড়তি ব্যয় ও যোগাযোগব্যবস্থার সমস্যায় কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।
জেলেনস্কি বলেন, "রাশিয়া চায় ইউক্রেনের মানুষ রাজধানী ছেড়ে পালিয়ে যাক। কিন্তু তাঁরা যেকোনো উপায়ে কিয়েভকে রক্ষা করবেন। কারণ রাজধানী ছাড়া একটি দেশ থাকতে পারে না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন