রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৮ পি.এম
পাবনার ফরিদপুরে একটি অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় সাকিবুল (১৩) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের বড়াল নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাকিবুল রতনপুর গ্রামের হারিছ প্রামাণিকের পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাকিবুল প্রতিদিনের মতো সকালে ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। সে ডেমরা-ফরিদপুর সড়কে যাত্রী পরিবহন করতো। এদিন দুপুরের পর থেকে সাকিবুলের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়রা মাজাট গ্রামের উত্তরে বড়াল নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করার পর নিশ্চিত করে যে এটি সাকিবুলের। এ সময় সাকিবুলের অটো ভ্যান গাড়িটি পাওয়া যায়নি। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, অটো ভ্যান গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিবুলকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
আরো পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ
ফরিদপুর থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের হ্রাসের ফলস্বরূপ। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার ফলে চাহিদার তুলনায় সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পাঠানো চিঠির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মোট দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত শিডিউল অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী মূগাখান জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপির আয়োজিত মাদকবিরোধী সভায় গীতা পাঠের ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আয়োজক বিএনপির দুই নেতা মুসল্লিদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর চরামদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মূগাখান জামে মসজিদ প্রাঙ্গণে মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এছাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরামদ্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাবেশ কমিটির আহ্বায়ক মিজানুর রহমান চুন্নু শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন চরামদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মোহন মাস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার।
তবে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে গীতা পাঠের বিষয়টি সামনে আসার পর স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলেও সমালোচনা শুরু হয়।
স্থানীয় কয়েকজন মুসল্লির অভিযোগ, মসজিদ ও এর প্রাঙ্গণের ধর্মীয় পরিবেশ এবং পবিত্রতা বিবেচনায় নিয়ে সেখানে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। গীতা পাঠের বিষয়টি নিয়ে তারা আয়োজকদের কাছে ব্যাখ্যাও দাবি করেন।
এ ঘটনার জেরে গত ১১ সেপ্টেম্বর জুমার নামাজের সময় চরামদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মোহন মাস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার স্থানীয় মুসল্লিদের মুখোমুখি হন। এ সময় তারা ওই ঘটনার জন্য উপস্থিত মুসল্লিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে মসজিদ, মাদ্রাসা কিংবা অন্যান্য ধর্মীয় স্থাপনা ও এর প্রাঙ্গণে কোনো রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে এ বিষয়ে আয়োজক বা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা তদন্ত, ভুক্তভোগী শিশুর ট্রমা ও ভিকটিমহুড এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
আজ রোববার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
যশোরের ৯টি থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্তসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
প্রশিক্ষণের সময় শিশু নির্যাতনের ঘটনা শনাক্তকরণ, প্রমাণ সংগ্রহ, শিশুর বক্তব্য গ্রহণের ক্ষেত্রে সংবেদনশীলতা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম এবং এসিডির প্রকল্প সমন্বয়কারী এস এম আহসান উল্লাহ সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিডির এরিয়া ম্যানেজার মো. হুমায়ন কবির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ সেপ্টস্বর, ২০২৬ : টেকসই কৃষির জন্য উদ্ভাবিত হয়েছে রিমোট সেন্সিংভিত্তিক নির্ভুল নাইট্রোজেন ব্যবস্থাপনা প্রযুক্তি ‘এন-ফার্টিস্মার্ট’। এই প্রযুক্তিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের গবেষকদ্বারা তৈরি করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তির ব্যবহারের ফলে প্রচলিত সুপারিশের তুলনায় গড়ে প্রায় ২২ শতাংশ নাইট্রোজেন সার সাশ্রয় করা সম্ভব।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সহযোগিতায় পরিচালিত প্রকল্পটির প্রোটোটাইপ বর্তমানে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ প্রদর্শিত হচ্ছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রযুক্তিটির উদ্ভাবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
‘এন-ফার্টিস্মার্ট’ স্যাটেলাইট ও রিমোট সেন্সিংভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে কৃষিজমির বিভিন্ন অংশের নাইট্রোজেনের প্রয়োজনীয়তা নির্ধারণ করে। এরপর স্থান ও পরিমাণভিত্তিক সার প্রয়োগের সুপারিশ করে। গবেষণায় দেখা গেছে, প্রচলিত ‘ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড-২০২৪’ অনুযায়ী হেক্টর প্রতি প্রায় ১৭৪ কেজি নাইট্রোজেনের পরিবর্তে এই প্রযুক্তির মাধ্যমে তা প্রায় ১৩৫ দশমিক ৭০ কেজিতে নামিয়ে আনা সম্ভব।
গবেষকদের মতে, অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং এটি মাটি, পানি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। ‘এন-ফার্টিস্মার্ট’ জমির প্রকৃত চাহিদা অনুযায়ী সার প্রয়োগে সহায়তা করে, যা সারের অপচয়, কৃষকের ব্যয় এবং অতিরিক্ত নাইট্রোজেনের পরিবেশগত ক্ষতি কমাতে সাহায্য করবে।
গবেষণায় যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মো. আতাউল গনি, ড. এ এম এম গোলাম আদম, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং তরুণ গবেষক বিপ্লব বিশ্বাস ও মো. নাজিম শরিফ।
গবেষকরা বিশ্বাস করেন, যদি প্রযুক্তিটি আরও উন্নত করে দেশের বিভিন্ন কৃষি অঞ্চলে বৃহৎ পরিসরে প্রয়োগ করা যায়, তবে কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সারের অপচয় ও পরিবেশদূষণ হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ