০৭:০০ পি.এম
বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিঙ্গাপুর, যা প্যারিস চুক্তির আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে। এই সমঝোতার মাধ্যমে সরকার আশা করছে, কার্বন অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে দুই দেশের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং (Melvin Ong) অনুষ্ঠানে স্বাক্ষর করেন।
প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা বৃদ্ধি করা, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা এবং জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি করা। এই উদ্যোগের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক কার্বন বাজারে আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: মাইক্রোসফটের সার্ভার বিভ্রাট: রাতভর চেষ্টায় সচল হলো আউটলুক ও টিমস
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেন, সিঙ্গাপুরের সঙ্গে অংশীদারিত্বের ফলে কার্বন অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে এবং উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশে সহায়তা করবে। তিনি জানান, এই উদ্যোগ বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু লক্ষ্যমাত্রা এনডিসি ৩.০ বাস্তবায়নে সহায়ক হবে। সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সমঝোতার আওতায়, দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ কমানোর বিভিন্ন প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজার গড়ে তোলার সুযোগ তৈরি হবে। জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ সম্মেলনে দুই দেশের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। এর মাধ্যমে কার্বন বাজারে সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।
আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ১২ লাখ ডলার খরচ করে ছেলের খেলা দেখতে বিতর্কে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন