০৬:৪০ পি.এম
মার্কিন রাজনীতিতে মার্কো রুবিও, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ‘ওয়াশিংটন পোস্ট’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, মার্কো রুবিও তার ছেলের কলেজ ফুটবল ম্যাচে উপস্থিত থাকার জন্য সরকারি এবং সামরিক বিমান ব্যবহার করে ১২ লাখ মার্কিন ডলার খরচ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকার বেশি।
প্রতিবেদন অনুযায়ী, রুবিওর ছেলে অ্যান্থনি রুবিও ফ্লোরিডা গেটার্স ফুটবল দলের সদস্য। অ্যান্থনি মাঠে নামবেন—এমন ম্যাচ দেখতে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে বিশেষ সামরিক বিমানে ফ্লোরিডার গেইনসভিল যাতায়াত করতেন রুবিও। অ্যান্থনি গত ৪ বছরের কলেজ ক্যারিয়ারে মাত্র ৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে খেললেও পররাষ্ট্রমন্ত্রীর বিলাসবহুল যাতায়াত থেমে থাকেনি। এমনকি গত ৭ নভেম্বর একটি ম্যাচে ফ্লোরিডা দল ওকলাহোমার কাছে পরাজিত হলে এবং তার ছেলে মাঠে খেলার সুযোগ না পেলেও, তিনি এয়ার ফোর্সের সি-৩৭ (C-37) সামরিক বিমানে সেখানে উপস্থিত ছিলেন।
মার্কিন শীর্ষ কর্মকর্তাদের জন্য নিরাপত্তা প্রটোকল এবং যোগাযোগ রক্ষার কারণে বাণিজ্যিক বিমানের পরিবর্তে সামরিক বিমান ব্যবহারের নিয়ম রয়েছে। তবে, এই ব্যক্তিগত সফরের জন্য সরকারের খরচ হওয়া অর্থের একটি ক্ষুদ্র অংশ (প্রায় ৩ শতাংশ বা ১৮ হাজার ডলারের মতো) নিয়ম অনুযায়ী পরিশোধ করার বিধান রয়েছে।
আরও পড়ুন: ভারতে মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া বুলডোজারকেই ব্র্যান্ড বানাচ্ছেন ‘বুলডোজার বাবা’
এই ঘটনার পর সমালোচনার ঝড় উঠলেও মার্কো রুবিও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য তিনি অতীতে এমন সফর করেছেন এবং ভবিষ্যতেও করবেন। অন্যদিকে, স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তার এই ভ্রমণকে সমর্থন জানিয়ে বলা হয়েছে যে, সরকারি দায়িত্ব ও যোগাযোগ অক্ষুণ্ণ রাখতেই এই বিশেষ উড়োজাহাজ ব্যবহার করা হয়। তবে করদাতাদের অর্থ এভাবে ব্যক্তিগত কাজে ব্যয়ের ঘটনায় ওয়াশিংটনে নীতিগত প্রশ্ন তুলেছেন বিভিন্ন দলীয় ও নিরপেক্ষ পর্যবেক্ষক মহল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন