০৬:৪০ পি.এম
খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। প্রশাসনকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে তিনি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার পূর্ণ আশ্বাস প্রদান করেন।
শনিবার নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জানান, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে এবং তিনি তার পক্ষ থেকে সেই সহযোগিতা প্রদান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে কেউ চাঁদাবাজি করার সাহস না পায়।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, জনতার বিক্ষোভে বাসে আগুন
খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খুলনার মানুষ নিরাপত্তা, স্বস্তি ও স্বাভাবিক জীবনযাপন করতে চায়। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা বিরাজ করছে। কখন কোথায় কী ঘটনা ঘটে, তা নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকে শহর ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করছেন, চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে রাজপথে নেমেছেন—এটি অত্যন্ত লজ্জাজনক।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তবে মানুষ কীভাবে স্বস্তি পাবে? চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলছে, অথচ চাঁদাবাজিও থামছে না—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
খুলনার পরিস্থিতিকে ‘অঘোষিত রেড জোন’ হিসেবে উল্লেখ করে এমপি হেলাল বলেন, জাতীয় সংসদেও তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নজরদারি প্রয়োজন। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে, প্রয়োজনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতাদের সঙ্গে আলোচনা করে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর তিনি জোর দেন।
হাসপাতাল ও চিকিৎসকদের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা চাঁদাবাজি করছে, সে বিষয়ে প্রশাসন অবগত। চাঁদাবাজ যে-ই হোক এবং তাদের পৃষ্ঠপোষক বা আশ্রয়দাতা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের নয় মাসের মেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
খুলনার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে জেলার ছয়টি আসনের সংসদ সদস্যদের একসঙ্গে বসার আহ্বান জানিয়ে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি বিমানবন্দর, গ্যাস ও বিদ্যুতের মতো অভিন্ন উন্নয়ন ইস্যুতেও ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, খুলনার ছয়জন সংসদ সদস্যের মধ্যে সরকারি দলের সদস্যসংখ্যা বেশি এবং তাঁদের মধ্যে একজন হুইপও রয়েছেন। সবার প্রতি তার আহ্বান, দ্রুত একসঙ্গে বসে আলোচনা করুন। প্রথমে সংসদ সদস্যরা মিলে পরামর্শ করুন, এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন