০৪:৫৪ পি.এম
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, মাতারবাড়িতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া, ক্ষতিগ্রস্তদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বর্তমান সরকারের সময় মাতারবাড়িতে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। গভীর সমুদ্রবন্দর নির্মাণ সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।
রোববার (৮ নভেম্বর) সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নির্ধারিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় মুখ্য সচিব মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল ও এলপিজি স্টোরেজ, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল, মিডার অফিস নির্মাণের স্থান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য চিহ্নিত এলাকা পরিদর্শন করেন।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ উদ্ভাবন বাণিজ্যিক কাজে লাগানোর উদ্যোগ
এ সময় এবিএম আব্দুস সাত্তার বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প যথাযথভাবে এগিয়ে যেতে পারেনি। তবে বর্তমান সরকার দ্রুততার সাথে প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। এ লক্ষ্যে কাজ চলছে।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মিডার সদস্য মোহাম্মদ সারোয়ার আলমসহ বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিডা কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর চারটি ইউনিয়নের প্রায় ৩২ হাজার একর এলাকাকে চারটি কৌশলগত হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই চারটি হাব হলো—গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস, বিদ্যুৎ ও জ্বালানি, শিল্প উৎপাদন এবং মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন।
কর্তৃপক্ষ আরও জানায়, মাতারবাড়ি বন্দরে টার্নিং বেসিন ও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে। পাশাপাশি দেড় লাখ প্রত্যক্ষ ও ২৫ লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ইডটকো ও ফ্লোসোলারের চুক্তিতে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাব্যতা যাচাই
মিডার তথ্যমতে, এসব প্রকল্পে প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হবে। এর মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আসবে বলে আশা করছে সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন