ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

শিক্ষামন্ত্রী: বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে


শিক্ষামন্ত্রী: বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষক সমাজকে উন্নতমানের গবেষণায় গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করি।" আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার প্রেক্ষাপটে তিনি বলেন, "এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরো গুরুত্ব দিতে হবে।"

রবিবার (৮ নভেম্বর) বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, "আগামী দিনের শিক্ষাব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ।" তিনি উল্লেখ করেন যে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার বৃদ্ধি করা আবশ্যক। তিনি সতর্ক করে দেন যে, এআই-এর যেন অপব্যবহার না হয়, সেদিকেও সজাগ থাকতে হবে।

আরও পড়ুন: গোবিপ্রবির শিক্ষার্থীরা অটোচালকদের খামখেয়ালিপনায় ভোগান্তিতে

তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে। তাই শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে যুগোপযোগী করে তুলতে এআই ও তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবির শিক্ষার্থীরা অটোচালকদের খামখেয়ালিপনায় ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


গোবিপ্রবির শিক্ষার্থীরা অটোচালকদের খামখেয়ালিপনায় ভোগান্তিতে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যাতায়াতের অটোরিকশার ভাড়া নিয়ে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকার কারণে চালকদের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া আদায় এবং শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে একই গন্তব্যে যেতে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া দাবি করার অভিযোগ তাদের রয়েছে।

পাচুরিয়া ব্রিজ ভেঙে যাওয়ার পর শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে। আগে ঘণ্টাভিত্তিক বাস চলাচলের কারণে যাতায়াতে কিছুটা স্বস্তি ছিল। বর্তমানে ক্যাম্পাস থেকে আনসার মাঠ এবং ঘোনাপাড়া হয়ে পাচুরিয়া পর্যন্ত বাস চলাচল করলেও আগের মতো ঘণ্টাভিত্তিক সেবা নেই। ফলে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকটা বাধ্য হয়েই যাতায়াতের জন্য অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে তাদের।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ শতাংশ শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকলেও বাকি ৮০ শতাংশ শিক্ষার্থীকে মেস বা ভাড়া বাসায় থাকতে হয়। ক্লাস, টিউশনি ও ব্যক্তিগত প্রয়োজনে প্রতিদিনই তাদের ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হয়। শিক্ষার্থীদের অভিযোগ, একই গন্তব্যে যেতে বিভিন্ন চালক বিভিন্ন ভাড়া দাবি করেন। বিশ্ববিদ্যালয় থেকে গোবরা, নিলারমাঠ ও সোনাকুড় এলাকায় যেতে প্রচলিত ভাড়া জনপ্রতি ৫ টাকা হলেও কোনো কোনো চালক ১০ টাকা দাবি করেন। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাওয়ার সময় ১০ টাকা নেওয়া হলেও ফেরার পথে একই ভাড়া দিতে চান না চালকদের কেউ কেউ। এসব এলাকায় যাতায়াতকারী শিক্ষার্থীদের অটোতে উঠতে না দেওয়ার অভিযোগও রয়েছে। নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকায় এ নিয়ে প্রায়ই চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। বিশেষ করে রাতে নজরদারি না থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা আরও বেড়ে যায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অটোরিকশার ভাড়া ও চালকদের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। বিশেষ করে নারী শিক্ষার্থীরা যাতায়াতের সময় অতিরিক্ত ভাড়া দাবি এবং চালকদের দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরছেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন জায়েফ বলেন, ‘সব সময় বাসের সময়সূচির সঙ্গে আমাদের যাতায়াতের সময় মেলে না। ফলে বাধ্য হয়েই অটোতে উঠতে হয়। কিন্তু অটোতে উঠলেই ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। নিলারমাঠ ও সোনাকুড়ের প্রচলিত ভাড়া ৫ টাকা হলেও অনেক চালক ১০ টাকা দাবি করেন। বিশ্ববিদ্যালয়ে আসার সময় ৫ টাকা ভাড়া নিলেও ফেরার পথে ১০ টাকা চান। ১০ টাকা দিতে না চাইলে অনেক সময় অটোতে তুলতে চান না। বিশেষ করে রাতে ৫ টাকার ভাড়া ২০ টাকাও দাবি করেন কেউ কেউ। আবার নতুন শিক্ষার্থীরা ভাড়া সম্পর্কে না জানায় তাদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা ঘটে।’

ভোগান্তির বিষয়ে পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানা নাসরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে যাতায়াত করতে গিয়ে শুরু থেকেই অটোভাড়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু যারা নিয়মিত এই পথে চলাচল করি, তাদের জন্য বেশ বিরক্তিকর। নিলারমাঠ, গোবরা, চরঘাটা, ঘোনাপাড়াসহ আশপাশের এলাকাগুলো থেকে ক্যাম্পাসে আসতে সাধারণত ভাড়া ৫ টাকা। কিন্তু অটোতে উঠলেই অনেক সময় ১০ টাকা দাবি করা হয়। ১০ টাকার নোট দিলে বলা হয়, তাদের কাছে ৫ টাকা নেই। কখনো আবার অন্য অজুহাত দেখানো হয়। এ নিয়ে কথা বলতে গেলে চালকরা বলেন, ‘৫ টাকা না থাকলে অটোতে উঠেছেন কেন?’

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি সমস্যা হয় সন্ধ্যার পর বা রাতে। কোনো কারণে ফিরতে একটু দেরি হলে একই পথের ভাড়া দ্বিগুণ দাবি করেন চালকরা। তখন প্রয়োজনের তাগিদে বাড়তি ভাড়া দিয়েই ফিরতে হয়। ভাড়া নিয়ে কিছু বলতে গেলেও অনেক সময় অপ্রয়োজনীয় কথা শুনতে হয়, তর্কে জড়াতে হয়। প্রতিদিন যাতায়াতের সময় এমন পরিস্থিতিতে পড়া সত্যিই অস্বস্তিকর। অন্তত ভাড়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম থাকা উচিত, যাতে সময় বা পরিস্থিতির অজুহাতে সাধারণ শিক্ষার্থীদের বাড়তি ভোগান্তিতে পড়তে না হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান বলেন, এ বিষয়ে এর আগে সরাসরি কোনো অভিযোগ পাইনি। তবে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি রুটের জন্য একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা থাকা উচিত। আমরা এসব রুটে চলাচলকারী অটোরিকশা মালিক সমিতির সঙ্গে বসে শিক্ষার্থীদের জন্য ভাড়ার তালিকা তৈরি করে দেব, যাতে এ নিয়ে তাদের আর ভোগান্তিতে পড়তে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে দেশে আরও ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


হামের উপসর্গে দেশে আরও ২ শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একদিনে হামের উপসর্গে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ এবং হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত একদিনে নতুন করে ১ হাজার ২২৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিত হমে আক্রান্ত হয়েছে ৮৭ শিশু।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১২ হাজার ৯৭৯ রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৪ হাজার ৪৯ শিশু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ জিসান নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চার যুবক আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের চাড়ালিয়াহাট সড়কের আমতলী সংলগ্ন বাইশ্যরপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মুছা আহমদের ছেলে মোহাম্মদ মোবারক (৩১), একই এলাকার মো. আকবরের ছেলে জিমান (২০), ধমধমা গ্রামের চিত্তরঞ্জনের ছেলে সাগর (২৫), দিলীপ চন্দ্র নমের ছেলে সৌরভ নম (২০) এবং সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের সঞ্জু চক্রবর্তীর ছেলে বাবলু চক্রবর্তী (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে মোটরসাইকেল দুটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফরীদা আকতার আহত পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানান। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে মোহাম্মদ জিসানের মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২০ বস্তা ভেজাল পশুখাদ্য জব্দ, রিটন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২০ বস্তা ভেজাল পশুখাদ্য জব্দ, রিটন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার চিরাং মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ২০ বস্তা ভেজাল পশুখাদ্য জব্দ করেছে। এই সময় ভেজাল পশুখাদ্য পরিবহনের জন্য রিটন মিয়া নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ সদস্যদের উপস্থিতিতে পরিচালিত অভিযানে ভেজাল পশুখাদ্য পরিবহনের সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ‘মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা ২০ বস্তা ভেজাল পশুখাদ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, ভেজাল পশুখাদ্য পরিবহন, ক্রয়-বিক্রয় ও বিতরণ প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%