ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী


টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফুটবল ও প্রযুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যেই হামজা চৌধুরীর সঙ্গে এই অংশীদারত্ব। টেকনো ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পনসরও।

চুক্তির আওতায় টেকনোর বিভিন্ন পণ্য ও প্রচারণায় দেখা যাবে হামজাকে। আসন্ন ক্যামন সিরিজের প্রচারণার পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, সমর্থকদের নিয়ে বিভিন্ন আয়োজন এবং ভোক্তাকেন্দ্রিক প্রচারণায় অংশ নেবেন তিনি।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

হামজা বলেন, বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।

আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক বলেন, হামজার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও লড়াকু মানসিকতার সঙ্গে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ ভাবনার মিল রয়েছে।

তিনি জানান, আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে একাধিক প্রচারণা ও ফুটবলভিত্তিক আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘এফবি বরকত’ নামে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক ও মাঝি বাদল মোল্লা।

বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও পাঁচজন। 

নিখোঁজ পাঁচ জেলে হলেন- নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে তখন প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের (চালকের কক্ষ) ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড তুফান ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে ৮ জন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর একটি অন্য ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার অভিযান চালিয়ে শেষ পর্যন্ত পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।

পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো উপকূলে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নির্বাচনের পর বাংলাদেশে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে’: ইইউ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


‘নির্বাচনের পর বাংলাদেশে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে’: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নির্বাচনের পর সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে—এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরো গভীর করার লক্ষ্যে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো শুরু না হওয়ায় রাষ্ট্রদূত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ—সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসাডর’ অনুষ্ঠানে মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে ইইউর ভবিষ্যৎ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।

ইইউ রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশে ইইউর সম্পর্ক বর্তমানে নতুন এক বিবর্তনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, "এটি শুধুমাত্র অনুদাননির্ভর সহযোগিতা নয়; বরং যৌথ অর্থায়ন, বেসরকারি খাতে বিনিয়োগ এবং চট্টগ্রাম বন্দরে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরো বহুমুখী করতে চায় ইইউ।"

এ সময় তিনি কোনো দেশের ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ দেন।

এছাড়া, তিনি জানান, ঋণনির্ভরতা বা নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো অংশীদারত্ব নয়, বরং বিশ্বাস, ন্যায্যতা ও ভাগাভাগি সমৃদ্ধির ভিত্তিতে ইইউ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।

মাইকেল মিলার জানান, বাংলাদেশে ইইউর প্রায় ১ বিলিয়ন ইউরোর চলমান চুক্তি, প্রকল্প ও অনুদান রয়েছে। তিনি বাংলাদেশের এলডিসি উত্তরণ সামনে রেখে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখার কথা বলেন।

রাষ্ট্রদূত সামুদ্রিক নিরাপত্তা, বন্দর নিরাপত্তা, মানবপাচার ও উগ্রবাদ মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরান খানের চিকিৎসায় যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চান সাবেক স্ত্রী জেমিমা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


ইমরান খানের চিকিৎসায় যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চান সাবেক স্ত্রী জেমিমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।

জেমাইমা এক পোস্টে উল্লেখ করেন, পাকিস্তান সরকারকে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করতে হবে।

তিনি ইমরানের চিকিৎসার সুযোগ, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং দীর্ঘদিনের একাকী বন্দিত্বের অবসান দাবি করেন।

জেমাইমা যুক্তরাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, "যুক্তরাজ্য আর কত দিন নীরব থাকবে?" তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে ইমরানের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জেমাইমার অভিযোগ, ইমরানকে প্রায় তিন বছর ধরে একাকী বন্দী রাখা হয়েছে। প্রায় ১০ মাস ধরে তার পরিবারের সদস্যদেরও ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

তিনি দাবি করেন, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গেও তার যোগাযোগ সীমিত করা হয়েছে। জাতিসংঘের নেলসন ম্যান্ডেলা বিধির কথা উল্লেখ করে তিনি বলেন, এতে টানা ১৫ দিনের বেশি একাকী বন্দিত্ব নিষিদ্ধ করা হয়েছে।

জেমাইমা আরো জানান, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা, পরিবারের নিয়মিত সাক্ষাৎ এবং দুই ছেলের সঙ্গে সপ্তাহে দুবার ফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এসব নির্দেশনা পুরোপুরি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের দুই ছেলে সুলায়মান ও কাসিমও বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জেমাইমা জানান, তারা দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেখা করতে পারেননি। পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদন করেও তারা এখনো কোনো উত্তর পাননি বলে দাবি করেন।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের দাবি, ইমরানের দুই ছেলের বিদেশি পাকিস্তানিদের জন্য জাতীয় পরিচয়পত্র রয়েছে, যার মাধ্যমে ভিসা ছাড়াই পাকিস্তানে প্রবেশ করা যায়।

তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ওই পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তা নবায়ন করা হয়নি।

গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তাকে সেখানে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে সুস্থ ঘোষণা করলে আবার আদিয়ালা কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে দুর্নীতির একটি মামলায় তিনি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। এ ছাড়া ২০২৩ সালের ৯ মে সংঘটিত সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন। এর আগে গত ২৬ মার্চ জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে কাসিম খান তার বাবার মুক্তির জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের কাছাকাছি থাকা যুদ্ধবিমানেও আঘাত হানতে সক্ষম চীনা মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


যুক্তরাষ্ট্রের কাছাকাছি থাকা যুদ্ধবিমানেও আঘাত হানতে সক্ষম চীনা মিসাইল

যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও আকাশপথের নিরাপত্তার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি। ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের ভিত্তিতে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, বেইজিং এমন একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল (এইচজিভি) এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড বা দূরবর্তী ঘাঁটিগুলোর কাছাকাছি আকাশে উড়তে থাকা গুরুত্বপূর্ণ সামরিক বিমানগুলোতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

মার্কিন বিমানবাহিনী দীর্ঘদিন ধরে যুদ্ধের সময় তাদের জ্বালানি সরবরাহকারী ট্যাংকার, আগাম সতর্কবার্তা প্রদানকারী ‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল’ বিমান এবং ‘ই-৪বি নাইটওয়াচ’-এর মতো উড়ন্ত কমান্ড পোস্টগুলোকে যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে নিরাপদ দূরত্বে পরিচালনা করে আসছিল। কিন্তু চীনের এই নতুন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য হাইপারসনিক ক্ষমতার উদ্ভাবন সেই নিরাপদ দূরত্বকে সরাসরি ঝুঁকির মধ্যে ফেলেছে। চীনের তৈরি ডিএফ-১৭ হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরের গুয়াম ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম, অন্যদিকে দেশটির অত্যাধুনিক ডিএফ-২৭ ক্ষেপণাস্ত্র প্রায় আট হাজার কিলোমিটার পর্যন্ত গিয়ে মার্কিন দ্বীপ হাওয়াইতে আঘাত হানতে পারে। এই গ্লাইড ভেহিকলগুলো বায়ুমণ্ডলের ভেতর অবিশ্বাস্য গতিতে দিক পরিবর্তন করতে পারে, ফলে মার্কিন আধুনিক প্রতিরোধ ব্যবস্থার পক্ষে এগুলোকে শনাক্ত বা ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়।

পেন্টাগনের সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে চীনের ক্ষেপণাস্ত্র ভান্ডারের অভূতপূর্ব বৃদ্ধির চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। ২০১৫ সালের তুলনায় ২০২৪ সালে চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় ১৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ১৫০টিতে পৌঁছেছে। একই সঙ্গে তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংখ্যা শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়ে ৩০০ ছাড়িয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দূরপাল্লার উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। গতিশীল কোনো বিমানকে হাজার কিলোমিটার দূরে আঘাত করতে হলে টানা ২০ মিনিট পর্যন্ত নির্ভুল স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা প্রয়োজন হয়। তাছাড়া, যুদ্ধ চলাকালীন হাইপারসনিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লে প্রতিপক্ষ দেশ একে পারমাণবিক হামলা হিসেবে ভুল বুঝতে পারে, যা বিশ্বজুড়ে পূর্ণাঙ্গ পারমাণবিক সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

চীনের এই সমন্বিত আধুনিকীকরণের জবাব দিতে যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। সম্প্রতি মার্কিন নৌবাহিনী ৩০০ মাইলেরও বেশি দূরত্বের 'এআইএম-৪২৪ ম্যালিস' নামের একটি নতুন আকাশ থেকে আকাশে হামলার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

সূত্র: ব্লুমবার্গ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%