বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৪ পি.এম
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬-এ র্যাংগসএক্স তাদের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড আরএক্স উন্মোচন করেছে। এই উদ্যোগটি দেশের মানুষের জন্য বৈদ্যুতিক যানবাহনকে আরও সহজলভ্য ও ব্যবহারোপযোগী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
র্যাংগস মটরস লিমিটেডের বৈদ্যুতিক যানবাহনভিত্তিক স্ট্যাটেজিক বিজনেস ইউনিট র্যাংগসএক্স, বর্তমানে আরএক্স-ইএস৩, টি৬০ ও জেডএস মডেলের তিনটি ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। এই মডেলগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশের সড়ক পরিস্থিতি, সরকারি নীতিমালা ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখে। প্রতিটি স্কুটারে রয়েছে দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি, যা সহজেই খুলে সুবিধামতো স্থানে চার্জ করা যায়। এছাড়া, ১২ ইঞ্চি চাকা, বাংলাভাষা সমর্থিত ডিজিটাল ডিসপ্লে, আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্ট এবং প্রতিযোগিতামূলক সাশ্র্যয়ী মূল্যও রয়েছে। শীঘ্রই আরএক্সের আরও একটি মডেল এম৯ বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
আরএক্সের পাশাপাশি প্রদর্শনীতে আন্তর্জাতিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ট্রমক্সের পরিচয় করিয়ে দেয়া হয়, যা ইতালীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও তরুণ প্রজন্মের চাহিদার সমন্বয়ে তৈরি। ডংফেং ইএম২৬ ইলেকট্রিক ডেলিভারি ভ্যান এবং ইএম২৭ মডেলের ১৪ আসনের ইলেকট্রিক মাইক্রোবাসও প্রদর্শন করা হয়। র্যাংগসএক্স ইতোমধ্যে ডিএইচএল এক্সপ্রেসকে ডংফেং ইলেকট্রিক ভ্যান সরবরাহের মাধ্যমে দেশের বৃহত্তম বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহনের বহর গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
র্যাংগস গ্রুপের অটোমোটিভ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ শাহরিয়ার আনোয়ার মন্তব্য করেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনকে দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা। আরএক্সের মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি, যার পেছনে রয়েছে র্যাংগস গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আস্থা ও প্রতিশ্রুতি।”
এছাড়া, হেড অব মার্কেটিং সাব্বির নেওয়াজ বলেন, “আমাদের লক্ষ্য শুধু আরেকটি কম দামের ইলেকট্রিক বাইক বাজারে আনা নয়। আমরা এমন একটি পূর্ণাঙ্গ ইভি ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি, যা বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারকে আরও বাস্তবসম্মত, সুবিধাজনক ও সহজলভ্য করে তুলবে।”
প্রদর্শনীতে দর্শনার্থীরা র্যাংগসএক্সের বিভিন্ন মডেলের যানবাহন সরাসরি দেখার সুযোগ পাবেন এবং নির্ধারিত আউটডোর টেস্ট-রাইড জোনে ইলেকট্রিক স্কুটার চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন। প্রদর্শনী উপলক্ষে আরএক্স স্কুটার কেনায় ৫,০০০ টাকা ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। ডেলিভারি ও রাইড-শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ১০,০০০ টাকা ছাড় এবং লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এছাড়া, ডংফেং ইএম২৬ বা ইএম২৭ প্রি-বুকিং করলে গ্রাহকরা ইনস্টলেশনসহ একটি ৭.৪ কিলোওয়াট এসি ইভি চার্জার বিনামূল্যে পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির রাজস্থলীতে একটি পণ্যবাহী তিন চাকার গাড়ি উল্টে খোকন দে (৪৪) নামের এক ডেলিভারি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গাড়িটি বাঙ্গালহালিয়া থেকে রাইখালীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর আহত দুজনকে প্রথমে মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তৃপক্ষ তাঁদের সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে দ্রুত রাঙ্গুনিয়া হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকন দেকে মৃত ঘোষণা করেন।
নিহত খোকন দে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি আবুল খায়ের গ্রুপের দুগ্ধজাত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ জানান, দুর্ঘটনার পর গাড়ির চালক মো. এমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ নারী ফুটবল দল আগামী ১ ও ৫ তারিখে স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিচ্ছে দলটি, নতুন কোচ এরিক মেয়ারের নেতৃত্বে। কোচ পিটার বাটলার হঠাৎ করে ক্যানসার ধরা পড়ায় ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ফরাসি কোচ মেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কোচের অধীনে দুই সপ্তাহ ধরে অনুশীলন করেছে নারী দল। বাটলার যে কৌশল ও পরিকল্পনায় দলকে পরিচালনা করতেন, সেভাবেই চলছেন নতুন কোচ। দলে পরিবর্তন খুব একটা আনেননি মেয়ার। আজ সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। তার মতে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১০৬তম এবং সিঙ্গাপুর ১৪৭তম অবস্থানে রয়েছে। যদিও র্যাংকিংয়ে বাংলাদেশ ৪১ ধাপ এগিয়ে আছে, তবুও সিঙ্গাপুরের বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। কোচ মেয়ার মন্তব্য করেন, ‘সিঙ্গাপুর একটি শক্তিশালী দল। তাদের দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডের প্রবাসী ফুটবলাররা রয়েছেন। তাদের দলের কোচও নতুন। তাই তাদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। তবে আমাদেরও ভালো মানের ফুটবল রয়েছে। আমরা দুই ম্যাচই জেতার চেষ্টা করব।’
পিটার বাটলার অসুস্থ থাকায় ঋতুপর্না, আফঈদা ও মারিয়ারা তাকে মিস করবেন। সর্বশেষ এশিয়ান গেমসেও বাংলাদেশের ডাগআউটে ছিলেন বাটলার। নতুন কোচের অধীনে খেললেও সিঙ্গাপুরে গিয়ে সাফল্য অর্জন করতে চায় বাংলাদেশের মেয়েরা। নারী দলের অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা যেন ভালো ম্যাচ উপহার দিতে পারি এবং একটি ভালো ফল করতে পারি, এজন্য দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, তারা (সিঙ্গাপুর) অনেক শক্তিশালী। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, তাদের বিপক্ষে লড়াই করার জন্য। স্যার (বাটলার) আমাদের সাথে প্র্যাকটিসে যুক্ত ছিলেন। তিনি আমাদের দীর্ঘদিন প্র্যাকটিস করিয়েছেন। এখন তিনি অসুস্থতার কারণে আমাদের দলের সাথে নেই। যেহেতু তিনি আমাদের সাথে ছিলেন, আমরা তাকে মিস করব।’ নারী দলকে ধারাবাহিক খেলার মধ্যে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিমান ধরবে।
বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি; ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন; মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী; ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল, ২৬ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়, যেখানে জরিপের মাধ্যমে উঠে আসা দেশের অর্থনৈতিক কাঠামোর প্রকৃত চিত্র, ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন ও অবস্থানভিত্তিক অবস্থা উপস্থাপন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বর্তমান যুগ তথ্য ও উপাত্তের যুগ। ভবিষ্যতে অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যেতে চাইলে অর্থনীতিভিত্তিক তথ্য ও উপাত্তে সমৃদ্ধ হতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি আগামীর সম্ভাবনা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বরিশাল বিভাগের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "জরিপে জীবনযাত্রার মান ও পরিবারের আয়-ব্যয়সংক্রান্ত বিষয়ে দেশের অন্যান্য বিভাগের চেয়ে বরিশাল বিভাগ পিছিয়ে রয়েছে।" তিনি বলেন যে, এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত। তিনি এ অবস্থা থেকে উত্তরণে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন অর্থনৈতিক ইউনিট সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি আরও বলেন, "কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।" প্রবাসী আয় ও শিল্প খাতের অবদান গুরুত্বপূর্ণ হলেও দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে কৃষির গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন যে, কৃষিজমির পরিমাণ কমলেও উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা কৃষি খাতের অগ্রগতির একটি ইতিবাচক দিক। এছাড়া যোগাযোগব্যবস্থার উন্নয়ন, চার লেন সড়ক এবং কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে বরিশাল অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বরিশাল বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মো. আতিকুর রহমান। বরিশাল অঞ্চলের তথ্য তুলে ধরে তিনি বলেন, "অর্থনৈতিক শুমারি-২০২৪ অনুযায়ী বরিশাল জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬ টি, যার মধ্যে স্থায়ী ১ লাখ ৫ হাজার ৬১১ টি, অস্থায়ী ৬ হাজার ৯৯৭টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৬০ হাজার ৬৮ টি।"
২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭২টি। অর্থাৎ, বিগত এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট প্রায় ৬২.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭৪০ জন স্থায়ী, ৮ হাজার ৬১৮ জন অস্থায়ী ও ৭৪ হাজার ২৩৪ জন অর্থনৈতিক খানার অন্তর্ভূক্ত। এসকল অর্থনৈতিক ইউনিটগুলোতে ৩ লাখ ২৬ হাজার ৬৫২ জন পুরুষ ও ৪৪ হাজার ৯১৮ জন নারী কর্মরত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দেশের যোগ্য ও দক্ষ নাগরিকদের পাশাপাশি তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি–পেশার মেধাবী ও সচেতন মানুষকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার উল্লেখ করেন, যারা সত্যিকার অর্থে যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সক্ষম, তারা দুঃখজনকভাবে রাজনীতিতে আসতে আগ্রহী নন। দেশের যোগ্য নাগরিক, তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মেধাবী ও সচেতন মানুষকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও তিনি জানান।
ডেপুটি স্পিকার গত ১৭ বছরে দেশের রাজনীতির ভুলপথে যাত্রার সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে প্রহসনমূলক ও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পর আমরা আজকের এই সংসদ পেয়েছি। এখানে সরকারি ও বিরোধী দল একসাথে কাজ করার জন্য একটি চমৎকার পরিবেশ রয়েছে। এখনই উপযুক্ত সময় এই সংসদকে সত্যিকার অর্থে একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলার।
সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন, মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি, বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ