প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ নারী ফুটবল দল আগামী ১ ও ৫ তারিখে স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিচ্ছে দলটি, নতুন কোচ এরিক মেয়ারের নেতৃত্বে। কোচ পিটার বাটলার হঠাৎ করে ক্যানসার ধরা পড়ায় ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ফরাসি কোচ মেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কোচের অধীনে দুই সপ্তাহ ধরে অনুশীলন করেছে নারী দল। বাটলার যে কৌশল ও পরিকল্পনায় দলকে পরিচালনা করতেন, সেভাবেই চলছেন নতুন কোচ। দলে পরিবর্তন খুব একটা আনেননি মেয়ার। আজ সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। তার মতে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১০৬তম এবং সিঙ্গাপুর ১৪৭তম অবস্থানে রয়েছে। যদিও র্যাংকিংয়ে বাংলাদেশ ৪১ ধাপ এগিয়ে আছে, তবুও সিঙ্গাপুরের বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। কোচ মেয়ার মন্তব্য করেন, ‘সিঙ্গাপুর একটি শক্তিশালী দল। তাদের দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডের প্রবাসী ফুটবলাররা রয়েছেন। তাদের দলের কোচও নতুন। তাই তাদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। তবে আমাদেরও ভালো মানের ফুটবল রয়েছে। আমরা দুই ম্যাচই জেতার চেষ্টা করব।’
পিটার বাটলার অসুস্থ থাকায় ঋতুপর্না, আফঈদা ও মারিয়ারা তাকে মিস করবেন। সর্বশেষ এশিয়ান গেমসেও বাংলাদেশের ডাগআউটে ছিলেন বাটলার। নতুন কোচের অধীনে খেললেও সিঙ্গাপুরে গিয়ে সাফল্য অর্জন করতে চায় বাংলাদেশের মেয়েরা। নারী দলের অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা যেন ভালো ম্যাচ উপহার দিতে পারি এবং একটি ভালো ফল করতে পারি, এজন্য দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, তারা (সিঙ্গাপুর) অনেক শক্তিশালী। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, তাদের বিপক্ষে লড়াই করার জন্য। স্যার (বাটলার) আমাদের সাথে প্র্যাকটিসে যুক্ত ছিলেন। তিনি আমাদের দীর্ঘদিন প্র্যাকটিস করিয়েছেন। এখন তিনি অসুস্থতার কারণে আমাদের দলের সাথে নেই। যেহেতু তিনি আমাদের সাথে ছিলেন, আমরা তাকে মিস করব।’ নারী দলকে ধারাবাহিক খেলার মধ্যে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিমান ধরবে।
বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি; ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন; মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী; ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন