বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৫ পি.এম
বাংলাদেশ নারী ফুটবল দল আগামী ১ ও ৫ তারিখে স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিচ্ছে দলটি, নতুন কোচ এরিক মেয়ারের নেতৃত্বে। কোচ পিটার বাটলার হঠাৎ করে ক্যানসার ধরা পড়ায় ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ফরাসি কোচ মেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কোচের অধীনে দুই সপ্তাহ ধরে অনুশীলন করেছে নারী দল। বাটলার যে কৌশল ও পরিকল্পনায় দলকে পরিচালনা করতেন, সেভাবেই চলছেন নতুন কোচ। দলে পরিবর্তন খুব একটা আনেননি মেয়ার। আজ সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। তার মতে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১০৬তম এবং সিঙ্গাপুর ১৪৭তম অবস্থানে রয়েছে। যদিও র্যাংকিংয়ে বাংলাদেশ ৪১ ধাপ এগিয়ে আছে, তবুও সিঙ্গাপুরের বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। কোচ মেয়ার মন্তব্য করেন, ‘সিঙ্গাপুর একটি শক্তিশালী দল। তাদের দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডের প্রবাসী ফুটবলাররা রয়েছেন। তাদের দলের কোচও নতুন। তাই তাদের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। তবে আমাদেরও ভালো মানের ফুটবল রয়েছে। আমরা দুই ম্যাচই জেতার চেষ্টা করব।’
পিটার বাটলার অসুস্থ থাকায় ঋতুপর্না, আফঈদা ও মারিয়ারা তাকে মিস করবেন। সর্বশেষ এশিয়ান গেমসেও বাংলাদেশের ডাগআউটে ছিলেন বাটলার। নতুন কোচের অধীনে খেললেও সিঙ্গাপুরে গিয়ে সাফল্য অর্জন করতে চায় বাংলাদেশের মেয়েরা। নারী দলের অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা যেন ভালো ম্যাচ উপহার দিতে পারি এবং একটি ভালো ফল করতে পারি, এজন্য দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, তারা (সিঙ্গাপুর) অনেক শক্তিশালী। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, তাদের বিপক্ষে লড়াই করার জন্য। স্যার (বাটলার) আমাদের সাথে প্র্যাকটিসে যুক্ত ছিলেন। তিনি আমাদের দীর্ঘদিন প্র্যাকটিস করিয়েছেন। এখন তিনি অসুস্থতার কারণে আমাদের দলের সাথে নেই। যেহেতু তিনি আমাদের সাথে ছিলেন, আমরা তাকে মিস করব।’ নারী দলকে ধারাবাহিক খেলার মধ্যে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিমান ধরবে।
বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি; ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন; মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী; ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল, ২৬ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়, যেখানে জরিপের মাধ্যমে উঠে আসা দেশের অর্থনৈতিক কাঠামোর প্রকৃত চিত্র, ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন ও অবস্থানভিত্তিক অবস্থা উপস্থাপন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বর্তমান যুগ তথ্য ও উপাত্তের যুগ। ভবিষ্যতে অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যেতে চাইলে অর্থনীতিভিত্তিক তথ্য ও উপাত্তে সমৃদ্ধ হতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি আগামীর সম্ভাবনা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বরিশাল বিভাগের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "জরিপে জীবনযাত্রার মান ও পরিবারের আয়-ব্যয়সংক্রান্ত বিষয়ে দেশের অন্যান্য বিভাগের চেয়ে বরিশাল বিভাগ পিছিয়ে রয়েছে।" তিনি বলেন যে, এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত। তিনি এ অবস্থা থেকে উত্তরণে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন অর্থনৈতিক ইউনিট সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি আরও বলেন, "কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।" প্রবাসী আয় ও শিল্প খাতের অবদান গুরুত্বপূর্ণ হলেও দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে কৃষির গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন যে, কৃষিজমির পরিমাণ কমলেও উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা কৃষি খাতের অগ্রগতির একটি ইতিবাচক দিক। এছাড়া যোগাযোগব্যবস্থার উন্নয়ন, চার লেন সড়ক এবং কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে বরিশাল অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বরিশাল বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মো. আতিকুর রহমান। বরিশাল অঞ্চলের তথ্য তুলে ধরে তিনি বলেন, "অর্থনৈতিক শুমারি-২০২৪ অনুযায়ী বরিশাল জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬ টি, যার মধ্যে স্থায়ী ১ লাখ ৫ হাজার ৬১১ টি, অস্থায়ী ৬ হাজার ৯৯৭টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৬০ হাজার ৬৮ টি।"
২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭২টি। অর্থাৎ, বিগত এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট প্রায় ৬২.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭৪০ জন স্থায়ী, ৮ হাজার ৬১৮ জন অস্থায়ী ও ৭৪ হাজার ২৩৪ জন অর্থনৈতিক খানার অন্তর্ভূক্ত। এসকল অর্থনৈতিক ইউনিটগুলোতে ৩ লাখ ২৬ হাজার ৬৫২ জন পুরুষ ও ৪৪ হাজার ৯১৮ জন নারী কর্মরত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দেশের যোগ্য ও দক্ষ নাগরিকদের পাশাপাশি তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি–পেশার মেধাবী ও সচেতন মানুষকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার উল্লেখ করেন, যারা সত্যিকার অর্থে যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সক্ষম, তারা দুঃখজনকভাবে রাজনীতিতে আসতে আগ্রহী নন। দেশের যোগ্য নাগরিক, তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মেধাবী ও সচেতন মানুষকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও তিনি জানান।
ডেপুটি স্পিকার গত ১৭ বছরে দেশের রাজনীতির ভুলপথে যাত্রার সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে প্রহসনমূলক ও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পর আমরা আজকের এই সংসদ পেয়েছি। এখানে সরকারি ও বিরোধী দল একসাথে কাজ করার জন্য একটি চমৎকার পরিবেশ রয়েছে। এখনই উপযুক্ত সময় এই সংসদকে সত্যিকার অর্থে একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলার।
সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন, মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি, বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে ইরান দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন যে, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে না। বরং, এটি উত্তেজনা বৃদ্ধি করে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করবে। এই তথ্যটি আলজাজিরা সূত্রে জানা গেছে।
আরাগচি, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই সতর্কবার্তা প্রদান করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চো হিউন জবাবে আশ্বস্ত করেছেন যে, দক্ষিণ কোরিয়ার কোনো ইচ্ছা নেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে অংশ নেওয়ার। এছাড়া, সিউলের মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর কোনো পরিকল্পনাও নেই।
ফোনালাপে, আরাগচি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্ত ও কাঠামো নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সংঘাত বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেন।
এদিকে, চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া জানায়, তারা সোমালিয়ার উপকূলে নিজেদের জলদস্যুবিরোধী টহল কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে, যা হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমা পর্যন্ত পৌঁছাবে।
মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দক্ষিণ কোরিয়া। তাই, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংঘাত দেশটির জ্বালানি সরবরাহ ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর আয়োজনে বিএমডিএ‘র বোর্ড কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন (বিএমডিএ‘র) চেয়ারম্যান জনাব কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা)। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন যুগ্মসচিব (উপকরণ) কৃষি মন্ত্রণালয়, মো: রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি মো: নজরুল ইসলাম (উপ-সচিব) উপপরিচালক স্থানীয় সরকার, পুলিশ সুপার রাজশাহীর প্রতিনিধি মোসা: সাবিনা ইয়াসমিন অতি:পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর পুলিশ সুপার প্রতিনিধি মো: কে.এম ইমাম আহমেদ সহ:পুলিশ সুপার, মো: ফাজুরুল্লাহ ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও বোর্ড সদস্য, মো: শফিকুল আলম বোর্ড সদস্য, মোসা: মাসউদা আফরোজ হক বোর্ড সদস্য, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নাজিরুল ইসলাম (জ্যেষ্ঠতম বিএমডিএ) বোর্ড সদস্য, মো: জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএ। ৮৭তম বোর্ড সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য উপস্থিত ছিলেন।
সভায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ‘র জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।
সরকার বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএমডিএ‘র চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ