বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৮ পি.এম
মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে ইরান দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন যে, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে না। বরং, এটি উত্তেজনা বৃদ্ধি করে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করবে। এই তথ্যটি আলজাজিরা সূত্রে জানা গেছে।
আরাগচি, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই সতর্কবার্তা প্রদান করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চো হিউন জবাবে আশ্বস্ত করেছেন যে, দক্ষিণ কোরিয়ার কোনো ইচ্ছা নেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে অংশ নেওয়ার। এছাড়া, সিউলের মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর কোনো পরিকল্পনাও নেই।
ফোনালাপে, আরাগচি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্ত ও কাঠামো নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সংঘাত বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেন।
এদিকে, চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া জানায়, তারা সোমালিয়ার উপকূলে নিজেদের জলদস্যুবিরোধী টহল কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে, যা হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমা পর্যন্ত পৌঁছাবে।
মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দক্ষিণ কোরিয়া। তাই, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংঘাত দেশটির জ্বালানি সরবরাহ ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর আয়োজনে বিএমডিএ‘র বোর্ড কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন (বিএমডিএ‘র) চেয়ারম্যান জনাব কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা)। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন যুগ্মসচিব (উপকরণ) কৃষি মন্ত্রণালয়, মো: রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি মো: নজরুল ইসলাম (উপ-সচিব) উপপরিচালক স্থানীয় সরকার, পুলিশ সুপার রাজশাহীর প্রতিনিধি মোসা: সাবিনা ইয়াসমিন অতি:পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর পুলিশ সুপার প্রতিনিধি মো: কে.এম ইমাম আহমেদ সহ:পুলিশ সুপার, মো: ফাজুরুল্লাহ ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও বোর্ড সদস্য, মো: শফিকুল আলম বোর্ড সদস্য, মোসা: মাসউদা আফরোজ হক বোর্ড সদস্য, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নাজিরুল ইসলাম (জ্যেষ্ঠতম বিএমডিএ) বোর্ড সদস্য, মো: জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএ। ৮৭তম বোর্ড সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য উপস্থিত ছিলেন।
সভায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ‘র জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।
সরকার বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএমডিএ‘র চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে দীর্ঘকাল ধরে চলা আইনি বিরোধের সমাপ্তি ঘটেছে। ফ্রান্সের একটি ওয়াইনারির মালিকানা নিয়ে তাদের এই বিরোধ চলছিল। অবশেষে, আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে মামলাটির নিষ্পত্তি করেছেন তারা।
বুধবার, দুই তারকার প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পরিবারের স্বার্থের কথা মাথায় রেখেই আমরা আদালতের বাইরে বিরোধ মিটিয়ে নিয়েছি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’ একই সঙ্গে সংবাদমাধ্যমে তাদের বা তাদের ঘনিষ্ঠজনদের নামে প্রকাশিত বিভিন্ন বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিনিধিরা।
২০০৮ সালে ফ্রান্সের শাতো মিরাভাল নামের ওয়াইনারিটির নিয়ন্ত্রণকারী অংশীদারত্ব কেনেন পিট ও জোলি। ২০১৪ সালে সেখানেই তারা বিয়ে করেন। তবে বিবাহবিচ্ছেদের পর প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে দুজনের মধ্যে বিরোধ শুরু হয়।
পিটের অভিযোগ ছিল, তার অনুমতি ছাড়া ওয়াইনারিতে জোলির মালিকানার অংশ বিক্রি করা হয়েছে। তার দাবি, যৌথ মালিকানাধীন সম্পত্তির অংশীদারত্ব বিক্রির আগে একে অপরের অনুমতি নেওয়ার বিষয়ে তাদের মধ্যে চুক্তি ছিল। কিন্তু সেই চুক্তি উপেক্ষা করে জোলি নিজের অংশ লুক্সেমবার্গভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। প্রতিষ্ঠানটি রুশ ধনকুবের ইউরি শেফলারের নিয়ন্ত্রণাধীন বলে দাবি করা হয়। এই বিক্রির ফলে এমন একজনের সঙ্গে ব্যবসায়িক অংশীদার হতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন পিট, যার ব্যবসায়িক যোগাযোগ ও উদ্দেশ্য নিয়ে তার আপত্তি রয়েছে।
জোলি পাল্টা অভিযোগও আনেন পিটের বিরুদ্ধে। ২০১৬ সালে ফ্রান্স থেকে লস অ্যাঞ্জেলেসে ফেরার পথে ব্যক্তিগত বিমানে পিট তার ও তাদের দুই সন্তানের সঙ্গে দুর্ব্যবহার এবং শারীরিক হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। জোলির দাবি, ওই ঘটনায় পিট তার চুল ধরে টেনেছিলেন, দুই সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এবং পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন। তাদের গায়েও মদ ঢেলে দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
জোলির আইনজীবীদের দাবি, বিমানে পিট তাকে সন্তানদের প্রতি অতিরিক্ত নমনীয় হওয়ার অভিযোগে কথা শুনিয়েছিলেন। সে সময় তাদের ছয় সন্তানের বয়স ছিল আট থেকে ১৫ বছরের মধ্যে। ঘটনার পর পুলিশি তদন্ত হলেও পিটের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তিনি জোলির আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন।
২০১৬ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন পিট ও জোলি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হবে। তবে ওয়াইনারির মালিকানা নিয়ে বিরোধের পাশাপাশি রুশ ধনকুবেরের নিয়ন্ত্রণাধীন পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টোলি গ্রুপের সঙ্গে পিটের আইনি লড়াই এখনো চলছে বলে জানা গেছে।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পরিচয় হয় পিট ও জোলির। পরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। হলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি হিসেবে পরিচিতি পান তারা। সংবাদমাধ্যমে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেও পরিচিত ছিলেন এই দুই তারকা। তাদের ছয় সন্তান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, এই হ্যাকিংয়ের ফলে তাদের কিছু ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক (ব্যবসায়িক) তথ্য চুরি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বহুল আলোচিত এবং ব্যর্থ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা—বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনা সংক্রান্ত কোনো নথি অন্তর্ভুক্ত নেই।
এদিকে, গোপনীয়তার চুক্তিতে (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করার শর্তে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপারসন ডেবি হিউইটকে চলতি সপ্তাহেই ওই নথিগুলো দেখার অনুমতি দেওয়া হয়েছিল।
জানা গেছে, ফিফার প্রযুক্তিগত বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই তথ্য চুরি হয়নি। বরং হ্যাকাররা ফিফা কর্মীদের ছদ্মবেশ ধারণ করে এবং তাদের বিভ্রান্ত করে এসব নথিতে প্রবেশাধিকার পেতে সক্ষম হয়েছিল।
এক বিবৃতিতে ফিফা জানায়, বৈশ্বিক ক্রীড়া সংস্থাটি একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে, যার ফলে সীমিত পরিসরে কিছু ব্যক্তিগত এবং ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। ফিফা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছে।
বিবৃতিতে আরো বলা হয়, বিশেষ করে ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ এবং প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানায় ফিফা। এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
অনলাইনে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশটও প্রকাশ করেছিল।
হ্যাকার গ্রুপটির দাবি, তারা ফিফার ১২ গিগাবাইট তথ্যের নাগাল পেয়েছে।
তবে বিশ্লেষণে দেখা গেছে, এই পরিমাণ তথ্য ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এবং এটি মূলত কোনো নির্দিষ্ট ব্যক্তির বদলে সরাসরি সংস্থাটিকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খুলনায় অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ মোকাবেলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় নিয়ে আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ণ, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির উপরে গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সকল অধিনায়ক ও অফিসারগণকে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনসহ আধুনিক সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সেনাবাহিনী প্রধান উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ, মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ উদ্বোধন করেন এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ