০৪:০৪ পি.এম
দেশের মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবা সম্প্রসারণ একা যথেষ্ট নয়, বরং প্রয়োজন রয়েছে সমন্বিত ও বহুমুখী সচেতনতা কার্যক্রমের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
আরও পড়ুন: হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ২৮০ ছাড়াল
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, চক্ষুরোগের ঝুঁকি কমাতে চোখের স্বাস্থ্য নিয়ে ভাবা যথেষ্ট নয়। বরং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্যঝুঁকিগুলোকে সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন। প্রত্যেক ব্যক্তিকে নিজের স্বাস্থ্যের প্রতি নিয়মিত যত্নশীল ও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতি হওয়ার পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, চোখের ছানির অস্ত্রোপচার অনেকের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। তাই রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের পাশাপাশি চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, চক্ষু ও কিডনি রোগ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এসব রোগকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে আলাদা চিকিৎসা দিয়ে মানুষের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমন্বিত চিকিৎসা ও প্রতিরোধমূলক উদ্যোগ।
বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর গ্রুপ বা প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এতে ডায়াবেটিসের কারণে কিডনি ও চোখের ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষ আগেভাগেই সচেতন হতে পারবে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, সন্দেহজনক রোগীর সংখ্যা ১১৩৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন