০৪:৫৬ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের ক্রমবর্ধমান জনপ্রিয় মধ্যপন্থী রাজনৈতিক আন্দোলনের নেত্রী কিউলাই ওং সোমবার মন্তব্য করেছেন যে, বিশ্বজুড়ে ভোটাররা বর্তমানে ‘পপুলিজম’ রাজনৈতিক দর্শনের বিপক্ষে অবস্থান গ্রহণ করছেন। তার দল গত সপ্তাহের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পাওয়ার পর তিনি এই কথা বলেন।
নিউজিল্যান্ডের পরবর্তী সরকার গঠনে অপরচুনিটি পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ, দেশটির প্রধান দুই দলের কেউই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা অর্জন করতে পারেনি। এই কারণে নির্বাচনের ফলাফল এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।
বার্তা সংস্থা এএফপি ওয়েলিংটন থেকে এই খবরটি জানিয়েছে।
আরও পড়ুন: বাকৃবিতে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ ও চারা বিতরণ
সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওং বলেন, বিশ্বজুড়ে গত এক দশক ধরে পপুলিজম ও কট্টরপন্থার উত্থানের পর তার দলের এই বিজয় রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
তিনি উল্লেখ করেন, ‘বিশ্বজুড়েই আমরা আরও বাস্তবভিত্তিক রাজনীতির পক্ষে মানুষের অবস্থান নিতে দেখছি।’
তিনি আরও বলেন, ‘পপুলিজম’ যে কোনো ফল বয়ে আনতে পারে না, তা আমরা দেখেছি। দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর কোনো গভীরতা বা বাস্তব ভিত্তি নেই। এটি কেবল উপরের চাকচিক্য।’
ওং বলেন, ‘এ কারণে মানুষের এমন সমর্থন পাওয়া সত্যিই উৎসাহব্যঞ্জক।’
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই: রাশেদ খান
তিনি জানান, ‘প্রায় দেড় লাখ নিউজিল্যান্ডবাসী অপরচুনিটি পার্টিকে ভোট দিয়েছেন। তারা রাজনীতিতে আরও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি দেখতে চান।’
রোববার প্রকাশিত নির্বাচনের ফলাফলে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নিউজিল্যান্ডে সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক দর-কষাকষি চলতে পারে।
প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন দাবি করেছেন, তার ডানপন্থী জোট পরবর্তী সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে। তবে তিনি স্বীকার করেছেন যে, চূড়ান্তভাবে বিজয়ী নির্ধারণের মতো ব্যবধান এখনো তৈরি হয়নি।
প্রাথমিক ফলাফলে লাকসনের ন্যাশনাল পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছে। পপুলিস্টপন্থী এনজেড ফার্স্ট এবং উদারতাবাদী অ্যাক্ট পার্টির সঙ্গে জোটবদ্ধ হলে দলটি সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ভ্যানের চাকায় পেঁচিয়ে শিশু রিফাত নিহত
আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত লাকসন অন্তর্বর্তী সরকার পরিচালনা করবেন।
নতুন সরকার গঠনে অপরচুনিটি পার্টির সমর্থন প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। তবে সরকারের কার্যক্রম এগিয়ে নিতে এ আন্দোলনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন লাকসন।
ওং বলেন, যে দলের আসনসংখ্যা সবচেয়ে বেশি হবে, তিনি তাদের সঙ্গেই কাজ করবেন। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে স্বচ্ছতা প্রতিষ্ঠার বিষয়ে তার দলের মৌলিক দাবিগুলোর সঙ্গে কোনো আপস হবে না।
সোমবার ওং বলেন, প্রধানমন্ত্রী এখনো তার সঙ্গে যোগাযোগ করেননি। তবে তিনি আলোচনায় বসতে আগ্রহী।
আরও পড়ুন: তথ্য পাওয়ার অধিকার মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
তিনি বলেন, ‘আমরা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও কিছু সাহসী ধারণা নিয়ে গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘তারা যদি আমাদের সঙ্গে কাজ করতে চায় এবং একই ধরনের মনোভাব নিয়ে আলোচনায় আসে, তাহলে তা হবে খুবই ভালো।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন