ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নেপালে শুটিংয়ে গিয়ে বন্যায় আটকা খরাজ মুখার্জি ও তার স্ত্রী


নেপালে শুটিংয়ে গিয়ে বন্যায় আটকা খরাজ মুখার্জি ও তার স্ত্রী

কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি এবং তার স্ত্রী প্রতিভা মুখার্জি নেপালে শুটিং করতে গিয়ে ভয়াবহ বন্যার কবলে আটকা পড়েছেন। তবে তাদের ছেলে তমঘ্ন মুখার্জি জানিয়েছেন, দুজনেই নিরাপদে আছেন।

নেপালের পোখারায় একটি সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে গিয়েছিলেন খরাজ ও তার স্ত্রী। বন্যার কারণে শুটিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একইসাথে, পোখারা থেকে তাদের ফেরার ফ্লাইটও বিলম্বিত হয়েছে।

 

আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে

র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে খরাজের ছেলে বাবা-মায়ের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দুজনেই নিরাপদে রয়েছেন এবং শুটিংয়ের স্থানটি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার তুলনায় কিছুটা দূরে অবস্থিত ছিল।

তিনি আরো উল্লেখ করেছেন, খরাজ ও তার স্ত্রী বর্তমানে পোখারা থেকে গোরখপুরের দিকে আসছেন।

 

সেখান থেকে তারা বিমানে কলকাতায় ফেরার পরিকল্পনা করছেন। সবকিছু ঠিক থাকলে ২৮ আগস্ট তারা কলকাতায় ফিরে আসবেন।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

প্রতিবেদন অনুযায়ী, খরাজ মুখার্জি, তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা ২০ আগস্ট একটি বাংলাদেশি সিনেমার শুটিং দলের সাথে নেপালে গিয়েছিলেন। ছবিটির শুটিং নেপালের বিভিন্ন স্থানে চলছিল।

বন্যার কারণে শুটিংয়ের কাজ ব্যাহত হয়েছে।

 

একই সিনেমার শুটিংয়ে অংশগ্রহণকারী অভিনেতা রজতাভ দত্তও ছিলেন। তার শুটিং শেষ হয়ে যাওয়ায় তিনি আগেই ফিরে এসেছেন বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

নেপালের চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ও সেতুর ক্ষতির কারণে অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযানও চলছে।

এই পরিস্থিতিতে নেপালে অবস্থানরত পর্যটক ও শুটিং দলের সদস্যদের ফেরাতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে খরাজ মুখার্জি ও তার স্ত্রী নিরাপদে আছেন—পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত হওয়ায় ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

আরও পড়ুন: বেরোবি এআইএস ক্লাবের নতুন কমিটি, সহসভাপতি রিয়াদ ও সাধারণ সম্পাদক পাপ্পু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : মিডল অর্ডার ব্যাটার সোনাল দিনুশার দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট নাটকীয়ভাবে ড্র করল স্বাগতিক শ্রীলংকা। তবে প্রথম টেস্টে ১৬৫ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতল ভারত।  

প্রথম ইনিংসে ৯ উইকেটে ভারতের ৫০৩ রানের জবাবে ২৯০ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে শ্রীলংকা। ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পঞ্চম ও শেষ দিন ৯ উইকেটে ৪২৯ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। এতে ভারতকে ২১৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় লঙ্কানরা। কিন্তু ভারত আর ব্যাট হাতে না নামলে ম্যাচটি ড্র হয়। তখনও দিনের খেলার ১৭ ওভার বাকী ছিল।  

টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন দিনুশা। প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান করে ম্যাচ সেরা হন তিনি। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। 

কলম্বোতে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৯ রান করেছিল শ্রীলংকা। ৪ উইকেট হাতে নিয়ে ১৬ রানে এগিয়ে ছিল লঙ্কানরা। দিনুশা ৭ ও কিশারা নুয়ান্থা ৩ রানে অপরাজিত ছিলেন। 

পঞ্চম দিন নুয়ান্থাকে ৪৬ রানে থামিয়ে ভারতকে উইকেট উপহার দেন স্পিনার মানাভ সুথার। ১৫০ বল খেলে ৪টি চার মারেন নুয়ান্থা। ২১৮ রানে ষষ্ঠ উইকেট পতনের পর দিনুশার সাথে সপ্তম উইকেটে ২৪৬ বল খেলে ১১২ রানের জুটি গড়েন নুয়ান্থা।

দলীয় ৩৩০ রানে সপ্তম ব্যাটার হিসেবে নুয়ান্থা ফেরার কিছুক্ষণ পর প্রবাথ জয়সুরিয়াকে হারায় শ্রীলংকা। ২ রান করে ভারত স্পিনার রবীন্দ্র জাদেজার শিকার হন জয়সুরিয়া। ৩৫৫ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলংকা। 

এরপর দশ নম্বর ব্যাটার লাহিরু কুমারাকে নিয়ে দলের রান ৪শ পার করেন দিনুশা। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে তৃতীয় সেঞ্চুরির দেখা পান দিনুশা। এই সিরিজেই তিনটি সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তিনি। 

বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের তিন সেঞ্চুরি কীর্তি গড়লেন দিনুশা। এছাড়া ফলো অন হওয়া টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন তিনি। এর আগে ১৯৪৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিজয় হাজারে (১১৬ ও ১৪৫) এবং ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসে শতক হাঁকিয়েছিলেন এন্ডি ফ্লাওয়ার (১৪২ ও ১৯৯*)।  

দলীয় ৪০২ রানে দিনুশা-কুমারার জুটি ভাঙ্গেন জাদেজা। ৯০ বলে ১২ রান করেন কুমারা। নবম উইকেটে ১৭০ বলে ৪৭ রানের জুটি গড়েন তারা। 

কুমারা ফেরার পর শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে নিয়ে ৫৬ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দিনুশা। এরপর ৯ উইকেটে ৪২৯ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা।  

৪২০ মিনিট ক্রিজে থেকে ৮টি চার ও ২টি ছক্কায় ২৬৪ বলে অপরাজিত ১৩৩ রান করেন দিনুশা। ২৪ বলে শূন্য রানে অপরাজিত থাকেন আসিথা। 

সুথার ও জাদেজা ৩টি করে উইকেট নেন।  

২ সেঞ্চুরিতে ৩ ইনিংসে ৩২৮ রান করে সিরিজ সেরা হন ভারতীয় ব্যাটার দেবদূত পাড্ডিকাল। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পার্টস হিসেবে আমদানি করা বিএমডব্লিউ জোড়া লাগিয়ে ব্যবহারের অভিযোগে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


চট্টগ্রামে পার্টস হিসেবে আমদানি করা বিএমডব্লিউ জোড়া লাগিয়ে ব্যবহারের অভিযোগে আটক

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামে যন্ত্রাংশ হিসেবে আমদানি করে স্থানীয়ভাবে সংযোজনের (অ্যাসেম্বল) মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।

আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাড়িটি আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি সম্পূর্ণ অবস্থায় আমদানি না করে বিভিন্ন যন্ত্রাংশ হিসেবে দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়। পরে চট্টগ্রাম বন্দর দিয়ে খালাসের পর গাড়ির বিভিন্ন অংশ কাপ্তাই/চন্দ্রঘোনা এলাকার একটি স্থানে নিয়ে জোড়া লাগানো হয়।

পরবর্তীতে নগরীর মুরাদপুর এলাকার একটি অটোমোবাইল গ্যারেজে গাড়িটির অবশিষ্ট কাজ সম্পন্ন করে পূর্ণাঙ্গ বিএমডব্লিউ হিসেবে প্রস্তুত করা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক গাড়িটি ২০১৪ মডেলের বিএমডব্লিউ বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়ভাবে সংযোজনের পর গাড়িটি একটি পুরোনো বিএমডব্লিউয়ের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সড়কে চলাচল করছিল বলে অভিযোগ রয়েছে। ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বর হিসেবে চট্টগ্রাম মেট্রো-গ ১১-৩৬৫১ উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গাড়িটি পরবর্তীতে চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার একটি ভবনের পার্কিংয়ে রাখা হয়।

আরও জানা যায়, গাড়িটির আমদানি ও স্থানীয়ভাবে সংযোজনের সঙ্গে মোহাম্মদ আইয়ুব নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, দুবাই থেকে গাড়ির অংশবিশেষ পাঠানো, চট্টগ্রাম বন্দর থেকে খালাস এবং স্থানীয়ভাবে জোড়া লাগানোর পুরো প্রক্রিয়ায় তিনি এবং তার সহযোগীরা জড়িত ছিলেন।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী, এ সংক্রান্ত ছবি ও ভিডিও রয়েছে।

এনবিআর জানায়, বন্দর থেকে খালাসের পর গাড়ির অংশগুলো প্রথমে কাপ্তাই/চন্দ্রঘোনা এলাকার একটি স্থানে নেওয়া হয়। সেখানে সংযোজনের পর নগরীর মুরাদপুর এলাকার ‘অটো শপ ফাস্ট রিপেয়ার’ নামের একটি গ্যারেজে নিয়ে পরবর্তী কাজ সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিতে সংশ্লিষ্ট স্থান পরিদর্শন, সিসিটিভি ফুটেজ, গ্যারেজের রেকর্ড এবং আমদানি-সংক্রান্ত নথি যাচাই করা হবে।

এদিকে গাড়িটির প্রকৃত আমদানি পদ্ধতি এবং শুল্ক-কর পরিশোধের বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে। 

এ ক্ষেত্রে গাড়িটির বিল অব এন্ট্রি, ইনভয়েস, প্যাকিং লিস্ট, শিপিং ডকুমেন্ট, চ্যাসিস/ভিআইএন নম্বর, আমদানি মূল্য, ঘোষিত পণ্যের বিবরণ এবং পরিশোধিত শুল্ক-কর যাচাই করা হবে।

এনবিআর আরও জানায়, যন্ত্রাংশ হিসেবে ঘোষিত পণ্যগুলো দেশে এনে স্থানীয়ভাবে সম্পূর্ণ গাড়ি হিসেবে সংযোজন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক অভিযোগে আরও বলা হয়, স্থানীয়ভাবে সংযোজনের পর গাড়িটি অন্য একটি পুরোনো বিএমডব্লিউয়ের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চলাচল করছিল। অভিযোগটি সত্য হলে গাড়িটির প্রকৃত পরিচয়, ভিআইএন/চ্যাসিস নম্বর এবং রেজিস্ট্রেশন তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হবে।

এনবিআর জানায়, যন্ত্রাংশ ঘোষণার আড়ালে পূর্ণাঙ্গ বিলাসবহুল গাড়ি আমদানি, স্থানীয়ভাবে সংযোজন এবং রেজিস্ট্রেশন-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

খুলনা, ২৭ আগস্ট, ২০২৬ : একটি পরীক্ষায় অকৃতকার্য হয়ে যেন কোনো শিক্ষার্থী জীবনের দৌড় থেকে ছিটকে না পড়ে, এ লক্ষ্যে জেলার ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়। 

ফেল নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ-এমন বার্তা দেওয়া হয় এ আয়োজন থেকে। 

গতকাল বুধবার সকাল ১০টায় আন্দুলিয়া, শাহপুরের সোনামুখ স্মার্ট একাডেমি হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরামর্শ সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ এম কামরুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজনে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশা থেকে বের করে এনে কীভাবে নতুন করে প্রস্তুতি নিয়ে কাক্সিক্ষত সাফল্যে পৌঁছানো যায়, সেই বিষয়ে দিনব্যাপী আলোচনা ও দিক-নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক হাফিজুর রহমান। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মল্লিক, এ. এম. কামরুল ইসলাম (সাবেক পুলিশ কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা, সোনামুখ স্মার্ট একাডেমি ), বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. সন্দীপক মল্লিক, এস এম নূরুল ইসলাম, অধ্যাপক মামুন কাদের, অধ্যাপক তাসিন কাদির, অধ্যাপক ড. বিশ্বাস শাহিন আহমেদ, সোনামুখ স্মার্ট একাডেমির প্রিন্সিপাল হুসাইন আহমেদ এবং ইংরেজি বিভাগের শিক্ষক সৌমেন মণ্ডলসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সেমিনারে বক্তারা বলেন, একটি পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর পুরো জীবন নির্ধারণ করে না। ব্যর্থতার কারণ চিহ্নিত করে সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে অকৃতকার্য শিক্ষার্থীরাও সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে।

বিশেষ করে এ বছর অনেক শিক্ষার্থী ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে অকৃতকার্য হয়েছে উল্লেখ করে বক্তারা ইংরেজি বিষয়ে দুর্বলতা কাটাতে নিয়মিত পড়াশোনা, অনুশীলন ও দক্ষ শিক্ষকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেন। 

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সোনামুখ স্মার্ট একাডেমি এলাকার সকল শিক্ষার্থীকে বিভিন্ন সাবজেক্টে দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে বিশেষ সহায়তা প্রদানের কথা ঘোষণা করে।

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের দিনব্যাপী আয়োজন ব্যতিক্রমী একটি উদ্যোগ। 

শিক্ষার্থীদের শুধু ফলাফলের ভিত্তিতে বিচার না করে তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কথা শোনা হয় ও সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার ওপর আলোচনা এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠান শেষে সবাইকে পুরস্কৃত করা হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের প্রত্যেককে ‘তুমিও জিতবে’ বইটি উপহার দেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের মূল বার্তা ছিল-ফল খারাপ হয়েছে, ভবিষ্যৎ নয়, আজকের ব্যর্থতাই আগামী দিনের সাফল্যের সিঁড়ি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির (কিউএসি) ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কিউএসি-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদদীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা এবং শিক্ষা কার্যক্রমকে আরও কাঠামোবদ্ধ ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
সভায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান (এএসপি) সংশ্লিষ্ট, কে-পি-আই ফ্রেমওয়ার্ক, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম সংশ্লিষ্ট অ্যাকাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশনস, পিএসএসি মনিটরিং ফ্রেমওয়ার্ক এবং বিশ্ববিদ্যালয়ে মিশন অ্যান্ড ভিশন রিভিউ-সংক্রান্ত বিভিন্ন কমিটি চূড়ান্ত করা হয়।

সভায় সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যপরিধি ও দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অ্যাকাডেমিক পরিকল্পনা ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কিউএসির ৫ম সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%