শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:১৫ পি.এম
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা সম্পর্কিত একটি নতুন আপডেট প্রদান করেছে। দূতাবাস জানায়, প্রবাসীদের তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের জন্য পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় কিছুটা বেশি সময় লাগতে পারে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত একটি পোস্টে এই তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ই-পাসপোর্টের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে, যেখানে আগে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোল করা হতো, সেখানে দূতাবাসের আন্তরিক প্রচেষ্টার ফলে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।
এখন পর্যন্ত ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে, ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট প্রিন্টিং অবস্থায় রয়েছে এবং ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দাম্মাম অঞ্চলে ৯ দিনব্যাপী ক্যাম্পে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হচ্ছে।
দূতাবাস জানায়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলাকালীন অনেক সেবাপ্রার্থীর আবেদনে তথ্যগত ভুল, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যে অসংগতি, একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ইত্যাদির কারণে তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
এক্ষেত্রে সম্মানিত প্রবাসীদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পাসপোর্ট সেবা দ্রুততর ও সহজ করার লক্ষ্যে দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের বিরুদ্ধে গোল উদযাপন করছে।
বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে মাঠে নেমেছিল। এই ম্যাচে তারা দাপটের সঙ্গে বড় জয় অর্জন করেছে। আইরিন আক্তার রিয়া নজরকাড়া জোড়া গোলের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) চীনের ম্যাকাওতে বাংলাদেশ চাইনিজ তাইপেকে ৭-০ গোলে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে রিয়া-কনারা।
ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত টার্ফে বাংলাদেশের মেয়েদের একচেটিয়া আধিপত্য ছিল। প্রথম মিনিট থেকেই তারা আক্রমণাত্মক হকির পসরা সাজিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে।
কনা আক্তার ম্যাচের ডেডলক ভাঙেন। তার অসাধারণ এক গোলে বাংলাদেশ লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয়। কনার পর তাইপের রক্ষণভাগ ভেঙে দেন ইমা ও আইরিন আক্তার রিয়া। স্টিকের নান্দনিক জাদুতে প্রতিপক্ষকে বোকা বানিয়ে এই দুজনই জোড়া গোল আদায় করেন।
ম্যাচের শেষভাগে এসেও বাংলাদেশ আক্রমণের ধার কমায়নি। বরং চতুর্থ কোয়ার্টারে গোল উৎসবে যোগ দেন অধিনায়ক সারিকা রিমন। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করে দলের ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৬ উদযাপন করা হবে।
শুভ জন্মাষ্টমী, সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই পবিত্র তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানবজাতিকে সত্য, ন্যায়, ধর্ম, প্রেম, ত্যাগ, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার শিক্ষা প্রদান করে। তাঁর অমর বাণী ও আদর্শ যুগে যুগে মানুষকে অন্যায়, অসত্য ও অধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করেছে।
পূজা উদযাপন পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মনে করে, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি।
আমরা প্রত্যাশা করি, শ্রীশ্রীকৃষ্ণের আদর্শ ও মহান শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, মানবিকতা ও শান্তির বন্ধন আরও সুদৃঢ় হবে।
এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি, মঙ্গল ও কল্যাণ বয়ে আসুক—এই প্রার্থনা করি।
শুভ জন্মাষ্টমী।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
গণেশ চন্দ্র রায়
সভাপতি
পূজা উদযাপন পরিষদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
শ্যামল কান্তি রায়
সাধারণ সম্পাদক
পূজা উদযাপন পরিষদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গতকাল শুক্রবার বাগেরহাটের কচুয়ায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখা, যা কচুয়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও উপজেলা মন্দির কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি অনিমেষ কান্তি সাহা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রণয় কান্তি সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আর.জি মনা।
আলোচনা সভা শেষে একটি ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির কমপ্লেক্সে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাতের বেলায় মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে শ্রীকৃষ্ণের কালজয়ী আদর্শ ও দর্শন অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ