প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ১২:১৮ পি.এম
১২ বছর আত্মগোপনের পর বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হান র্যাবের হাতে গ্রেফতার
দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশাল জেলার বানারীপাড়া থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রায়হানের। অবশেষে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকার একটি যৌথ ও চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ রায়হান (২৪) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মান্নান।
র্যাব জানায়, ২০১৪ সালে রায়হানের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির দায়রা মামলা নং-১০৬/১৪ এবং জিআর নং-১৮/১৪ (হরিণটানা)। মামলাটি বিজ্ঞ আদালতে প্রমাণিত হওয়ায় রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে রায়হান আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাটি বরিশাল জেলার বানারীপাড়া থানায় জারি ছিল।
সংশ্লিষ্ট পরোয়ানা তামিলকারী কর্মকর্তার অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে র্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে র্যাব-৮ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ রায়হানকে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"